ETV Bharat / sports

পশ্চিম এশিয়ায় যুদ্ধ জিগির, কলকাতায় আটকে হেটমেয়াররা

ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি বিশ্বকাপ থেকে বিদায়ের পর নয়াদিল্লিতে আটকে রয়েছে জিম্বাবোয়ে ক্রিকেট দল ৷

MIDDLE EAST TENSIONS
দিল্লিতে আটকে রয়েছেন সিকন্দর রাজারা (GETTY)
author img

By ETV Bharat Sports Team

Published : March 3, 2026 at 10:04 AM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 3 মার্চ: যুদ্ধ পরিস্থিতি পশ্চিম এশিয়ায় ৷ ইরানের উপর মার্কিন-ইজরায়েলের যৌথ ক্ষেপণাস্ত্র হামলা ৷ পাল্টা মধ্যপ্রাচ্যের দেশগুলোয় মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য ইরানের পাল্টা আক্রমণে ক্রমেই ঘোরালো হচ্ছে পরিস্থিতি ৷ মঙ্গলবার সকালে লেবাননে হেজবুল্লা ঘাঁটিতে ইজরায়েল নতুন করে হামলা চালিয়েছে বলেও খবর ৷ যুদ্ধ পরিস্থিতিতে গত শনিবার থেকে উপসাগরীয় দেশগুলোর আকাশপথ বন্ধ ৷ যার সরাসরি প্রভাব চলতি টি-20 বিশ্বকাপে না-পড়লেও পরোক্ষ প্রভাব পড়ছে ৷ যেমন আকাশপথ বন্ধ থাকায় ভারতেই আটকে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবোয়ের ক্রিকেটাররা ৷

গত রবিবার অর্থাৎ, 1 মার্চ ইডেন গার্ডেন্সে ভার্চুয়াল কোয়ার্টার ফাইনালে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ৷ অথচ উপসাগরীয় দেশগুলোয় বিমান পরিষেবা বন্ধ থাকায় শহরেই আটকে শিমরন হেটমেয়ার, জেসন হোল্ডাররা ৷ সময় এবং পরিকল্পনামাফিক দেশে ফিরতে ব্যর্থ তাঁরা ৷

আকাশপথে ভারতের সঙ্গে ক্য়ারিবিয়ান দ্বীপপুঞ্জের যোগাযোগ স্থাপনে পশ্চিম এশিয়ার একাধিক বড় বড় ট্রানজিট হাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ৷ যুদ্ধ পরিস্থিতিতে সেইসব ট্রানজিট হাবগুলোর সবক'টি আপাতত বন্ধ ৷ তাই পরিস্থিতি জটিল ৷ কেবল ওয়েস্ট ইন্ডিজ নয়, ভারতে আটকে রয়েছে জিম্বাবোয়েও ৷ রবিবারই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সুপার-এইটের শেষ ম্য়াচ হেরে বিদায় নিয়েছে সিকন্দর রাজা অ্যান্ড কোম্পানি ৷

জিম্বাবোয়ে ক্রিকেটের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, দুবাই হয়ে দেশে ফেরার কথা ছিল জাতীয় দলের ৷ কিন্তু মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে সেই পরিকল্পনা ব্যাহত হয়েছে ৷ তবে ভারতে জিম্বাবোয়ে ক্রিকেটাররা সকলেই নিরাপদ এবং সুস্থ রয়েছেন ৷ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইন্স সংস্থার সঙ্গে আলোচনা করে বিকল্প রুটের সন্ধান করছে বলেও জানানো হয়েছে সেখানে ৷ এমনকী জিম্বাবোয়ে ক্রিকেটের সঙ্গে আইসিসি নিয়মিত যোগাযোগ রেখে চলেছে বলেও জানানো হয়েছে বিবৃতিতে ৷

সূত্রের খবর, ইউরোপ-দক্ষিণ এশিয়া কিংবা দক্ষিণ পূর্ব এশিয়ার আকাশপথ দিয়ে বিকল্প রুটে ভারতে আটকে থাকা ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের নিজ-নিজ দেশে ফেরানোর সর্বোচ্চ চেষ্টা চলছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার তরফে ৷ যদিও এখনও কোনও উপায় বের হয়নি বলেই খবর ৷

উল্লেখ্য, সুপার-এইটে গ্রুপ-এ'র প্রথম ম্য়াচে জিম্বাবোয়েকে বিরাট ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের সম্ভাবনা উস্কে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ৷ কিন্তু দঃ আফ্রিকা এবং ভারতের কাছে বাকি দু'টি ম্য়াচই হেরে শেষ চারে পৌঁছতে ব্যর্থ হয়েছে তারা ৷ অন্যদিকে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে চমক দিলেও সুপার-এইটে সবক'টি ম্য়াচ হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে জিম্বাবোয়ে ৷

আরও পড়ুন: