সেঞ্চুরি হাতছাড়া করেও মাইলস্টোনে কোহলি, 'বিরাট' রেকর্ডে ছাপিয়ে গেলেন সাঙ্গাকে
কিউয়িদের বিরুদ্ধে প্রথম ম্যাচে 91 বলে 93 রান করে ফিরলেন 'কিং কোহলি' ৷

Published : January 11, 2026 at 8:51 PM IST
ভদোদরা, 11 জানুয়ারি: প্রয়োজন ছিল 42 রান ৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভদোদরায় সিরিজের প্রথম ওয়ান-ডে ম্য়াচে সেই রান পূর্ণ করে আরও এক মাইলস্টোন গড়লেন বিরাট কোহলি ৷ শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারাকে টপকে আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বাধিক রানের মালিক হলেন প্রাক্তন ভারত অধিনায়ক ৷ তবে মাত্র সাত রানের জন্য এদিন 54তম ওডিআই সেঞ্চুরি হাতছাড়া করলেন বিরাট কোহলি ৷
কিউয়িদের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে কোহলির ঝুলিতে ছিল 27,975 আন্তর্জাতিক রান ৷ অর্থাৎ, কুমার সাঙ্গাকারার (28,016) থেকে 41 রান পিছিয়ে ছিলেন তিনি ৷ 19তম ওভারের শেষ বলে মাইকেল ব্রেসওয়েলে স্কোয়্য়ার লেগে ঠেলে আন্তর্জাতিক ক্রিকেটের দ্বিতীয় সর্বাধিক রানশিকারি হয়ে যান কোহলি ৷ তাঁর সামনে কেবল সচিন তেন্ডুলকর ৷ 34,357 রান সংগ্রহ করে যিনি তালিকার মগডালে ৷
বিশ্বের মাত্র তৃতীয় ব্যাটার হিসেবে ভদোদরায় এদিন 28 হাজার আন্তর্জাতিক রান পূর্ণ করার কীর্তি গড়লেন 'কিং কোহলি' ৷ উল্লেখযোগ্য বিষয় হল যে, তিন ব্যাটারের মধ্যে দ্রুততম হিসেবে এই মাইলস্টোনে পা রাখলেন দিল্লি ব্য়াটার ৷ 624 ইনিংসে আন্তর্জাতিক ক্রিকেটে 28,000 রান এল কোহলির ব্য়াটে ৷ যা সচিন এবং সাঙ্গাকারার পূর্ণ করেছিলেন যথাক্রমে 644 এবং 666 ইনিংসে ৷
🚨 Milestone Alert 🚨
— BCCI (@BCCI) January 11, 2026
Virat Kohli is now the second highest run-getter in international cricket (Men's) 🫡
Updates ▶️ https://t.co/OcIPHEpvjr#TeamIndia | #INDvNZ | @IDFCFIRSTBank pic.twitter.com/vf3Yr8FYhG
মাইলস্টোন ছোঁয়ার পর এদিন হাফসেঞ্চুরিও পূর্ণ করে ফেলেন কোহলি ৷ যা ওডিআই ক্রিকেটে তাঁর টানা পঞ্চম হাফসেঞ্চুরি ৷ লিস্ট-এ ধরলে সংখ্যাটা সাত ৷ রোহিত শর্মা (26) দ্রুত ফেরার পর শুভমন গিলের সঙ্গে দ্বিতীয় উইকেটে কোহলি এদিন যোগ করেন 119 রান ৷ এরপর 54তম সেঞ্চুরির দিকে ভালোই এগোচ্ছিলেন তিনি ৷ কিন্তু 40তম ওভারে আচমকা ছন্দপতন ৷ কাইল জেমিসনের ডেলিভারিতে কিউয়ি অধিনায়ক মাইকেল ব্রেসওয়েলের তালুবন্দি হন তিনি ৷
এদিন সেঞ্চুরি হাঁকালে আরও এক নজির গড়ে ফেলতেন কোহলি ৷ 'ব্ল্যাক-ক্যাপস'-এর বিরুদ্ধে সবচেয়ে বেশি সেঞ্চুরির নিরিখে বীরেন্দ্র সেহওয়াগ ও রিকি পন্টিংয়ের নজির ভেঙে দিতেন তিনি ৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে সপ্তম শতরানটি এদিন চলে আসত কোহলির ৷ কিন্তু তা হল না ৷ 91 বলে 93 রান করে শেষমেশ সাজঘরে ফেরেন 'দ্য রানমেশিন' ৷ মারেন আটটি চার ও একটি ছয় ৷ 301 তাড়া করতে নামা টিম ইন্ডিয়ার রান তখন 39.1 ওভারে তিন উইকেটে 234 ৷ অর্থাৎ, দলকে ভালো জায়গায় পৌঁছে দিয়ে তবেই আউট হন কোহলি ৷ এদিন সৌরভ গঙ্গোপাধ্য়ায়কে টপকে ভারতীয় ক্রিকেটার হিসেবে পঞ্চম সর্বাধিক ওডিআই খেলার নজিরও গড়েছেন রানমেশিন ৷

