ETV Bharat / sports

দেশের জার্সিতে 309তম ওয়ান-ডে ম্য়াচ, মহারাজকে টপকে গেলেন কোহলি

ভারতের হয়ে সর্বাধিক ওডিআই খেলার নিরিখে এখন পঞ্চমস্থানে কোহলি ৷

VIRAT KOHLI
বিরাট কোহলি (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : January 11, 2026 at 4:42 PM IST

3 Min Read
Choose ETV Bharat

ভদোদরা, 11 জানুয়ারি: আগামী বছর বিশ্বকাপ খেলতে অঙ্গীকারবদ্ধ তিনি ৷ নিউজিল্যান্ড সিরিজের প্রস্তুতির অংশ হিসেবে তাই বিজয় হাজারে ট্রফিতে সম্প্রতি অংশ নিয়েছেন একাধিক ম্য়াচে ৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একমাস আগে তিন ম্যাচের সিরিজে জোড়া সেঞ্চুরি হাঁকিয়ে গড়েছিলেন বিশ্বরেকর্ড ৷ এহেন বিরাট কোহলি আরও এক মাইলস্টোন ছুঁলেন রবিবার ৷ এদিন ভদোদরায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্য়াট হাতে নামার আগেই দেশের হয়ে সর্বাধিক ওয়ান-ডে ম্য়াচ খেলার নিরিখে সৌরভ গঙ্গোপাধ্যায়কে টপকে গেলেন দিল্লি ক্রিকেটার ৷

দেশের হয়ে সর্বাধিক ওয়ান-ডে ম্য়াচ খেলার নিরিখে এতদিন পঞ্চমস্থানে ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্য়ায় ৷ ভারতের হয়ে 308 ম্যাচে অংশ নিয়েছেন তিনি ৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের শেষ ম্য়াচে অংশ নিয়ে মহারাজের সঙ্গে সমকক্ষে বসে পড়েছিলেন কোহলি ৷ আর এদিন মাঠে নামার সঙ্গে সঙ্গে এককভাবে তালিকার পঞ্চমস্থানে উঠে এলেন 'দ্য রানমেশিন' ৷ 309 ম্যাচে অংশ নিয়ে তালিকার পঞ্চমস্থানে জায়গা করে নেওয়া বিরাট কোহলির সামনে রয়েছেন মহম্মদ আজহারউদ্দিন (334), রাহুল দ্রাবিড় (340), এমএস ধোনি (347) ও সচিন তেন্ডুলকর (463) ৷

কোহলির ফিটনেস নিয়ে সেই অর্থে সংশয় নেই ৷ চোট-আঘাতহীনভাবে 2027 বিশ্বকাপ খেলার লক্ষ্যে যদি দিল্লি ক্রিকেটার সফল হন তাহলে আজহার, রাহুলকে ছাপিয়ে যেতে পারেন কোহলি ৷ 18 বছরের ওডিআই কেরিয়ারে 308 ম্য়াচে 53টি সেঞ্চুরি-সহ তাঁর নামের পাশে রয়েছে 14,557 রান ৷ যা বিশ্ব ক্রিকেটে দ্বিতীয় সর্বাধিক ৷ অন্যদিকে 22টি সেঞ্চুরি-সহ 308 ম্যাচে সৌরভের ওডিআই কেরিয়ারে সংগৃহিত রানসংখ্য়া 11 হাজারের সামান্য বেশি ৷

প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্টকে সর্বাধিক ম্যাচ খেলার নিরিখে টপকে যাওয়ার পর কোহলির জন্য অপেক্ষা করছে একটি ব্যাটিং নজিরও ৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে আজকের ম্য়াচে আর 42 রান করলেই সর্বাধিক আন্তর্জাতিক রান সংগ্রহের নিরিখে (সকল ফরম্য়াট মিলিয়ে) কুমার সাঙ্গাকারাকে টপকে যাবেন তিনি ৷ রবিবাসরীয় ভারত বনাম নিউজিল্যান্ড ম্য়াচে ব্যাট হাতে নামার আগে কোহলির ঝুলিতে রয়েছে 27,975 রান ৷ অন্যদিকে সাঙ্গাকারা তাঁর আন্তর্জাতিক কেরিয়ার শেষ করেছেন 28,016 রান সংগ্রহ করে ৷ 34,357 রান সংগ্রহ করে শীর্ষে সচিন ৷

তবে শুধু আজকের ম্য়াচ নয় ৷ সাঙ্গাকারাকে ছাপিয়ে যেতে চলতি সিরিজে তিন ম্যাচ হাতে পাচ্ছেন বিরাট কোহলি ৷ প্রোটিয়াদের বিরুদ্ধে ঘরের মাঠে জোড়া সেঞ্চুরি এসেছিল যাঁর ব্য়াটে ৷ এর মধ্যে রাঁচিতে প্রথম সেঞ্চুরিটি হাঁকিয়ে সচিনের একটি বিশ্বরেকর্ড ভেঙেছিলেন উত্তরসূরি ৷ ক্রিকেটের একটি ফরম্যাটে সর্বাধিক 51টি শতরানের (টেস্টে) নজির এতদিন ছিল 'মাস্টার-ব্লাস্টার'-এর নামে ৷ সেই নজির ছাপিয়ে ওয়ান-ডে'তে 52টি সেঞ্চুরির নজির গড়েন কোহলি ৷ পরবর্তীতে ওডিআই ফরম্য়াটে 53তম শতরানটিও ওই সিরিজে করে ফেলেন 'কিং' ৷

আরও পড়ুন: