ধোনির পাড়ায় 'বিরাট' সেঞ্চুরি, সচিনকে টপকে বিশ্বরেকর্ড কোহলির
অস্ট্রেলিয়া সফরে ভারতের জার্সিতে আন্তর্জাতিক প্রত্যাবর্তনে একটি হাফসেঞ্চুরি এলেও তিন অঙ্কের রান আসেনি ৷ ঘরের মাঠে ফিরতেই সেঞ্চুরি হাঁকালেন কোহলি ৷

Published : November 30, 2025 at 4:19 PM IST
রাঁচি, 30 নভেম্বর: দিনকয়েক আগে মাহি ভাইয়ের গাড়িতে চেপে তাঁর ডিনারে যাওয়া শোরগোল ফেলেছিল ইন্টারনেটে ৷ ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনে রবিবার মহেন্দ্র সিং ধোনির পাড়ায় সেঞ্চুরিও হাঁকালেন বিরাট কোহলি ৷ গত অস্ট্রেলিয়া সফরে ভারতের জার্সিতে আন্তর্জাতিক প্রত্যাবর্তনে একটি হাফসেঞ্চুরি এলেও তিন অঙ্কের রান আসেনি ৷ তবে ঘরের মাঠে ফিরতেই তিন অঙ্কের রান ফিরল কোহলির ব্যাটে ৷ আর রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ান-ডে'তে শতরান হাঁকিয়ে সচিন তেন্ডুলকরকে টপকে গেলেন প্রাক্তন ভারত অধিনায়ক ৷
ক্রিকেটের একটি ফরম্যাটে এতদিন সর্বাধিক শতরানের নজিরটি ছিল সচিনের ঝুলিতে ৷ টেস্ট ক্রিকেটে ক্রিকেট ঈশ্বরের 51টি শতরানের নজিরে কোহলি ভাগ বসিয়েছিলেন ওডিআই ফরম্য়াটে ৷ এদিন ধোনির শহরে সিরিজের প্রথম ম্য়াচে 52তম ওয়ান-ডে সেঞ্চুরি হাঁকিয়ে 'ক্রিকেট ঈশ্বর'কে টপকে গেলেন 'দ্য রানমেশিন' ৷ অর্থাৎ, একটি ফরম্য়াটে সর্বাধিক সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করলেন বিরাট কোহলি ৷
5⃣2⃣nd ODI HUNDRED in 📸📸 #TeamIndia | #INDvSA | @IDFCFIRSTBank | @imVkohli pic.twitter.com/l8fcrGm45i
— BCCI (@BCCI) November 30, 2025
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এদিন তিন নম্বরে ব্য়াট করতে নেমে আন্তর্জাতিক ক্রিকেটে 83তম সেঞ্চুরিটি সেরে ফেললেন কোহলি ৷ সেইসঙ্গে একটি ফরম্য়াটে সর্বাধিক সেঞ্চুরির নিরিখে পিছনে ফেললেন মাস্টার-ব্লাস্টারকে ৷ 306তম ওডিআই ম্য়াচ খেলতে নেমে বিশ্বরেকর্ডে নাম তুলে ফেললেন কোহলি ৷ ওপেনার যশস্বী জয়সওয়াল দ্রুত ফিরলেও দ্বিতীয় উইকেটে রোহিত শর্মার সঙ্গে 136 রানের জুটি বেঁধে ভারতকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দেন কোহলি ৷ 'হিটম্যান' 57 রানে ফিরলেও সেঞ্চুরি থেকে লক্ষ্যচ্যুত হননি বিরাট ৷
Virat Kohli takes charge as India look to mount a significant total against South Africa 💪 💥#INDvSA 📝: https://t.co/tnte0Vp08D pic.twitter.com/qXeh8XlqvE
— ICC (@ICC) November 30, 2025
38তম ওভারে মার্কো জানসেনকে বাউন্ডারি হাঁকিয়ে ওডিআই ক্রিকেটের 52 নম্বর সেঞ্চুরিটি পূর্ণ করেন দিল্লি ক্রিকেটার ৷ এর আগে করবিন বশ'কে ছক্কা হাঁকিয়ে এদিন 48 বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেছিলেন কোহলি ৷ রেকর্ডব্রেকিং শতরান পূর্ণ করার পথে এদিন কোহলি খেলেন 102 বল ৷ শতরানে সচিন তেন্ডুলকরের আরও একটি নজির এদিন ভাঙলেন বিরাট ৷ মাস্টার-ব্লাস্টার ও ডেভিড ওয়ার্নারের পাঁচটি করে সেঞ্চুরির রেকর্ড ভেঙে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সর্বাধিক ছ'টি ওডিআই সেঞ্চুরি ধরা দিল কোহলির ব্যাটে ৷
A leap of joy ❤️💯
— BCCI (@BCCI) November 30, 2025
A thoroughly entertaining innings from Virat Kohli 🍿
Updates ▶️ https://t.co/MdXtGgRkPo#TeamIndia | #INDvSA | @IDFCFIRSTBank | @imVkohli pic.twitter.com/llLByyGHe5
কোহলি সেঞ্চুরি পূর্ণ করতেই রাঁচিতে এদিন কলকাতার ঘটনার পুনরাবৃত্তি ৷ 2025 আইপিএলের উদ্বোধনী ম্যাচে ইডেনের নিরাপত্তা বলয় টপকে মাঠে ঢুকে কোহলিকে সাষ্ঠাঙ্গে প্রণাম করেছিলেন এক অনুরাগী ৷ এদিন ধোনির পাড়াতেও কোহলি সেঞ্চুরি পূর্ণ করতেই ফেন্সিং টপকে মাঠে প্রবেশ করেন এক বিরাট অনুরাগী ৷ কোহলির পা ছুঁয়ে প্রণামও করার পর নিরাপত্তারক্ষীদের তৎপরতায় মাঠের বাইরে নিয়ে যাওয়ার হয় তাঁকে ৷ শেষপর্যন্ত দলকে বড় রানে পৌঁছে দিয়ে 120 বলে 135 রানে নান্দ্রে বার্গারের শিকার হন কোহলি ৷ তাঁর ঝকঝকে ইনিংসে ছিল 11টি চার ও সাতটি ছক্কা ৷

