নয়া মানদণ্ড ধার্য করে এশিয়াডে ভিনেশের প্রত্যাবর্তন রুখল ফেডারেশন
প্য়ারিস অলিম্পিক্সের পর অবসর ঘোষণা করায় গতবছর কিংবা চলতি মরশুমে কোনও প্রতিযোগিতায় অংশ নেননি ভিনেশ ৷ যা তাঁর এশিয়াডে প্রত্যাবর্তন স্বপ্নে বাধা হয়ে দাঁড়াল ৷

Published : May 7, 2026 at 12:09 PM IST
নয়াদিল্লি, 7 মে: অলিম্পিক্সে পদকজয়ের স্বপ্ন জিইয়ে রাখতে অবসর ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি ৷ যার প্রাথমিক ধাপ হিসেবে চলতি বছর এশিয়ান গেমসে অংশগ্রহণ করে ভালো ফলাফলের প্রত্যাশী ছিলেন ভিনেশ ফোগত ৷ কিন্তু তারকা কুস্তিগীরের এশিয়াডে প্রত্যাবর্তনের রাস্তা বন্ধ করে দিল দেশের কুস্তি ফেডারেশন ৷
সম্প্রতি ট্রায়ালের জন্য যে মানদণ্ড দেশের কুস্তি ফেডারেশন ধার্য করেছে, তাতে জাপানে অনুষ্ঠিত হতে চলা এশিয়ান গেমসে অংশগ্রহণের কোনও সম্ভাবনা রইল না ভিনেশের ৷ 2024 প্য়ারিস অলিম্পিক্সের গোল্ড মেডেল ম্য়াচে অনভিপ্রেত ঘটনার পর ম্য়াট থেকে সরে দাঁড়িয়েছিলেন তারকা কুস্তিগীর ৷ এদিকে ডব্লুএফআই (WFI) জানিয়েছে এশিয়াডের ট্রায়ালে সুযোগ পেতে 2025 ও 2026 মরশুমে ফেডারেশন অনুমোদিত বিভিন্ন প্রতিযোগিতায় পদকজয়ীদেরই কেবল অগ্রাধিকার দেওয়া হবে ৷ কিন্তু এই সময়কালে 2018 জাকার্তা এশিয়াডে সোনাজয়ী ভিনেশ কুস্তি থেকে দূরে থাকায় তাঁর পদকজয়ের কোনও সম্ভাবনাই নেই ৷ ফলত এশিয়ান গেমসের ট্রায়ালে ডাক পাবেন না হরিয়ানা কুস্তিগীর ৷
সাম্প্রতিক অতীতে কুস্তি ফেডারেশনের বিরুদ্ধে তোপ দেগেছিলেন হরিয়ানার কংগ্রেস বিধায়িকা ভিনেশ ফোগত ৷ ঘরোয়া টুর্নামেন্টের মধ্য়ে দিয়ে তিনি মূলস্রোতে ফেরার চেষ্টা করলেও কুস্তি ফেডারেশন তাঁকে বাধা দিচ্ছে, এই মর্মে সরব হয়েছিলেন মহিলা পহেলবান ৷ ইচ্ছাকৃতভাবে তাঁকে নাম নথিভুক্ত করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ ছিল তাঁর ৷ যদিও পরবর্তীতে তিনি অভিযোগ সামনে আনতেই সমস্যার সমাধান হয় ৷ 28 এপ্রিল নাম নথিভুক্ত করতে পারেন ভিনেশ ৷ কিন্তু তাঁর সেই সুখ দীর্ঘস্থায়ী হল না ৷
🚨 Vinesh Phogat's dream for Asian Games 2026 crushed as per WFI's latest eligibility criteria.
— The Khel India (@TheKhelIndia) May 6, 2026
As per the new rules, only medal winners from 2025 and 2026 tournament will be allowed to participate in the trials
It rules Vinesh out, as she has not competed since Paris Oly 2024 pic.twitter.com/3Ejc0w6RU3
ফেডারেশনের তরফে নয়া মানদণ্ড ধার্য করে ভিনেশের ফেরার রাস্তা কার্যত বন্ধ করে দেওয়া হল ৷ এশিয়ান গেমসের জন্য মহিলা কুস্তিগীরদের ট্রায়াল অনুষ্ঠিত হবে আগামী 30 মে নয়াদিল্লির ইন্দিরা গান্ধি ইন্ডোর স্টেডিয়ামে ৷ পরদিন অর্থাৎ, 31 মে লখনউ সাই'য়ে ফ্রি-স্টাইল এবং গ্রিকো-রোমান বিভাগে ট্রায়াল অনুষ্ঠিত হবে পুরুষদের ৷ উল্লেখ্য, 2025 সালের ডিসেম্বরে আমেদাবাদে অনুষ্ঠিত সিনিয়র জাতীয় কুস্তি প্রতিযোগিতা, 2026 সালের ফেব্রুয়ারিতে গাজিয়াবাদে অনুষ্ঠিত সিনিয়র ফেডারেশন কাপ ও চলতি বছরের এপ্রিলে ভিলাইয়ে অনুষ্ঠিত অনূর্ধ্ব-20 জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপে সকল পদকজয়ীদের ট্রায়ালে ডাকা হয়েছে ফেডারেশনের তরফে ৷

