ETV Bharat / sports

'ফের প্রতিযোগিতায় নামতে চাই', অলিম্পিক্সের লক্ষ্যে অবসর ফেরালেন 'সুপার মম' ভিনেশ

চলতি বছরই পুত্রসন্তানের জন্ম দিয়েছেন এশিয়ান গেমস ও কমনওয়েলথে সোনাজয়ী ৷

VINESH PHOGAT
ভিনেশ ফোগত (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : December 12, 2025 at 1:20 PM IST

2 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ, 12 ডিসেম্বর: অলিম্পিক্সে পদকজয়ের স্বপ্ন এখনও তাড়া করছেন তিনি ৷ প্যারিস অলিম্পিক্সের অনভিপ্রেত ঘটনা সহজে তাঁর স্বপ্ন কেড়ে নিতে পারবে না ৷ শুক্রবার অবসর ভেঙে যেন সেই বার্তাই দিলেন ভিনেশ ফোগত ৷ গতবছর 8 অগস্ট অবসর ঘোষণা করেছিলেন ফোগত ৷ তারপর জল গড়িয়েছে অনেকদূর ৷ গতবছরই হরিয়ানা বিধানসভা নির্বাচনে জিতে বিধায়ক হয়েছেন তারকা কুস্তিগীর ৷ সক্রিয় রাজনীতিতে প্রবেশ সত্ত্বেও একবছরের বেশি সময় বাদে অবসর ফেরানোর সিদ্ধান্ত নিলেন এশিয়াড ও কমনওয়েলথ গেমসে সোনাজয়ী ৷

শুক্রবার সোশাল মিডিয়া পোস্টে লস অ্যাঞ্জেলসে পদক জয়ের স্বপ্ন উসকে ভিনেশ জানালেন, এবার তিনি একা নন ৷ তাঁর সবচেয়ে বড় মোটিভেশন খুদে সন্তান ৷ গত বছর প্য়ারিস অলিম্পিক্সে গোল্ড মেডেল ম্য়াচে পৌঁছে ইতিহাস গড়েছিলেন ভিনেশ ৷ দেশের প্রথম মহিলা কুস্তিগীর হিসেবে অলিম্পিক্স ফাইনালে পৌঁছনোর কীর্তি গড়েছিলেন তিনি ৷ তবে 50 কেজি ফ্রি-স্টাইল ক্যাটেগরির ফাইনালে পৌঁছেও খালি হাতে ফিরতে হয়েছিল তাঁকে ৷ কারণ স্বর্ণপদক ম্য়াচের আগে তাঁর ওজন 100 গ্রাম বেশি থাকায় 'অযোগ্য' ঘোষিত হয়েছিলেন তিনি ৷ কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসে (CAS) গিয়েও লাভ কিছু হয়নি ৷

এই ঘটনার অনতিপরেই পেশাদার কুস্তিকে বিদায় জানিয়েছিলেন 'দঙ্গল গার্ল' ৷ শেষমেশ প্রায় দেড় বছর পর তাঁর অবসরের সিদ্ধান্ত ফিরিয়ে নিলেন বছর একত্রিশের ভিনেশ ৷ ইনস্টা পোস্টে এদিন জুলানার বিধায়ক লেখেন, "লোকে আমায় জিজ্ঞাসা করে প্যারিসই শেষ কি না ৷ লম্বা সময় ধরে এর উত্তর আমার কাছে ছিল না ৷ আমি ম্য়াট ছাড়ার সঙ্গে সঙ্গে চাপ, প্রত্যাশা এমকী আমার লক্ষ্যও ত্যাগ করেছিলাম ৷ একবছরেরও বেশি সময় বাদে কিছুটা শ্বাস নিতে পারছি ৷ আমার যাত্রাপথ যে কতোটা ওজনদার সেটা বুঝতে আমি সময় নিয়েছি ৷ শেষমেশ সত্যিটা আমি খুঁজে পেয়েছি ৷ আমি এখনও খেলাটাকে ভালোবাসি ৷ ফের প্রতিযোগিতায় নামতে চাই আমি ৷"

চলতি বছর জুলাইয়ে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন ভিনেশ ৷ রাজনীতি সামলে সন্তানজন্মের পর অবসর ফেরানোর এই সিদ্ধান্ত নিঃসন্দেহে উল্লেখযোগ্য ৷ অবসর ভেঙে ফেরার ঘোষণায় শেষবেলায় ভিনেশ তাই লিখেছেন, "এবার আমি একা নই ৷ আমার দলে রয়েছে আমার পুত্রসন্তানও ৷ আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা ৷ লস অ্যাঞ্জেলসের পথে আমার ছোট্ট চিয়ারলিডার ৷"

আরও পড়ুন: