ETV Bharat / sports

95 বলে বিস্ফোরক 171, যুব ওয়ান-ডে'তে বিশ্বরেকর্ড বৈভবের

যুব এশিয়া কাপে ভারতের হয়ে দ্বিতীয় সর্বাধিক রানের ইনিংস এল বিহার ক্রিকেটারের ব্যাটে ৷

VAIBHAV SURYAVANSHI
বৈভব সূর্যবংশী (GETTY)
author img

By ETV Bharat Sports Team

Published : December 12, 2025 at 3:41 PM IST

3 Min Read
Choose ETV Bharat

দুবাই, 12 ডিসেম্বর: বৈভব সূর্যবংশী আর নজির যেন সমার্থক ৷ যে দলের হয়েই মাঠে নামুন না কেন, রোজই কোনও না কোনও রেকর্ড ধরা দিচ্ছে কিশোর ক্রিকেটারের ব্যাটে ৷ শুক্রবার যেমন অনূর্ধ্ব-19 এশিয়া কাপ ওপেনারে বিশ্বরেকর্ড গড়ে ফেললেন বিহার ক্রিকেটার ৷ সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে টুর্নামেন্ট ওপেনারে বিস্ফোরক 171 রানের ইনিংস খেললেন বৈভব ৷ যা ভারতকে ছয় উইকেট হারিয়ে পৌঁছে দিল 433 রানে ৷

উল্লেখযোগ্য বিষয় হল 95 বলে বৈভবের এই বিধ্বংসী ইনিংসে যেমন বিশ্বরেকর্ড তৈরি হল, তেমনই যুব এশিয়া কাপের ইতিহাসে সর্বাধিক রানের নজির গড়ে ফেলল টিম ইন্ডিয়া ৷ বৈভবের নজির অবশ্য ব্যক্তিগত সর্বাধিক রানের নয়, বাঁ-হাতি কিশোর ক্রিকেটার এদিন যুব ওডিআই'য়ে এক ইনিংসে সর্বাধিক ছক্কা হাঁকানোর বিশ্বরেকর্ড গড়লেন ৷ যে নজির আগে ছিল অস্ট্রেলিয়ার মাইকেল হিলের ঝুলিতে ৷

2008 সালে নামিবিয়ার বিরুদ্ধে ইনিংসে 12টি ছক্কা হাঁকিয়েছিলেন হিল ৷ 17 বছরের নজির ভেঙে দিয়ে আমিরশাহীর বিরুদ্ধে এদিন ইনিংসে 14টি ছয় মারলেন বৈভব ৷ পাশাপাশি তাঁর 180 স্ট্রাইক-রেটের ইনিংসে রয়েছে ন'টি চার ৷ 30 বলে হাফসেঞ্চুরির পর মাত্র 56 বলে এদিন দুবাইয়ে তিন অঙ্কের রানে পৌঁছন বৈভব ৷ এরপর 84 বলে যখন দেড়শত রানের গণ্ডি ভারতীয় ব্যাটার এদিন স্পর্শ করেন তখন তাঁর নামে জুড়ে গিয়েছে অনূর্ধ্ব-19 এশিয়া কাপের জোড়া রেকর্ড ৷

যুব এশিয়া কাপে একটি ইনিংসে সর্বাধিক 10টি ছক্কা হাঁকানোর নজির এর আগে ছিল ডারউইশ রাসুলির ঝুলিতে ৷ এদিন সেই নজির তো রাজস্থান রয়্যালস ক্রিকেটার ভাঙেনই, পাশাপাশি প্রতিযোগিতায় সবচেয়ে বেশি ছয় মারার নিরিখেও রাসুলির রেকর্ড ভেঙে দেন তিনি ৷ এর আগে যুব এশিয়া কাপে সর্বাধিক 22টি ছক্কা মারার রেকর্ড ছিল আফগান ক্রিকেটারের ঝুলিতেই ৷ সেই নজির টপকে বৈভবের নামের পাশে যুব এশিয়া কাপে এখন 26টি ছক্কা ৷

2025 আইপিএলে টুর্নামেন্টের কনিষ্ঠ সেঞ্চুরিয়ন হয়েছিলেন বৈভব ৷ তারপর থেকে একের পর এক নজির তিনি গড়ে চলেছেন কখনও রাজ্য দল আবার কখনও ভারতীয়-এ দলের হয়ে ৷ সম্প্রতি বিহারের জার্সিতে সৈয়দ মুস্তাক আলিতে কনিষ্ঠ সেঞ্চুরিয়ন হয়েছেন বৈভব ৷ সেইসঙ্গে বিশ্বের প্রথম কিশোর ব্য়াটার হিসেবে তিনটি টি-20 সেঞ্চুরি নিজের নামে করে নিয়েছেন তিনি ৷ 52 বলে যুব ওয়ান-ডে'তে দ্রুততম সেঞ্চুরির নজির তো রয়েইছে তাঁর নামে ৷ সেদিক থেকে বৈভবের আজকের সেঞ্চুরি যুব ওয়ান-ডে'তে তৃতীয় দ্রুততম ৷

তবে যুব ওয়ান-ডে'তে ভারতীয় হিসেবে সর্বাধিক রানের ইনিংসে আম্বাতি রায়াড়ুর রেকর্ড অল্পের জন্য ভাঙতে পারলেন না বৈভব ৷ 2002 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে যুব ওয়ান-ডে'তে 177 রান করেছিলেন প্রাক্তন জাতীয় ক্রিকেটার ৷ যা অক্ষত রইল ৷ বৈভব ছাড়া এদিন আমিরশাহীর বিরুদ্ধে 69 রানের ইনিংস খেলেন অ্যারন জর্জ ও বিহান মালহোত্রা ৷ যা যুব এশিয়া কাপে সর্বাধিক রানের ইনিংস গড়তে সাহায্য করে ভারতকে ৷ ভারতের এই স্কোর অবশ্য যুব ওয়ান-ডে'তে তৃতীয় সর্বোচ্চ ৷ প্রথম দু'টি স্থানে যথাক্রমে রয়েছে অস্ট্রেলিয়া (480 রান) ও নিউজিল্যান্ড (436 রান) ৷

আরও পড়ুন: