সূর্যবংশীর ব্য়াটিং-'বৈভবে' ভাঙল পন্তের এক দশক পুরনো রেকর্ড
আয়ুষ মাত্রের অনুপস্থিতিতে অধিনায়ক হিসেবে আত্মপ্রকাশ সিরিজও জিতে নিলেন বিহারে বিস্ময় প্রতিভা ৷

Published : January 6, 2026 at 12:05 PM IST
হায়দরাবাদ, 6 জানুয়ারি: অধিনায়ক হিসেবে আত্মপ্রকাশ সিরিজটা সুখের হয়ে রইল বৈভব সূর্যবংশীর ৷ আয়ুষ মাত্রের অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপের প্রস্তুতি সিরিজে ভারতের যুব দলকে জেতালেন স্টপগ্য়াপ অধিনায়ক বৈভব ৷ তিন ম্য়াচের সিরিজ এক ম্যাচ বাকি থাকতেই (2-0) পকেটে পুরে নিল ভারতের ছোটরা ৷ বেনোনির উইলমুর পার্কে সোমবার ডাকওয়ার্থ-লুইস নিয়মে দ্বিতীয় ম্য়াচ আট উইকেটে জিতে নিল ভারতীয় দল ৷ একইদিনে ব্য়াট হাতে নজির গড়লেন অধিনায়ক বৈভব ৷
যুব ওয়ান-ডে'তে ভারতীয় হিসেবে এদিন দ্রুততম হাফসেঞ্চুরি এল বৈভব সূর্যবংশীর ব্যাটে ৷ এক্ষেত্রে জাতীয় দলের স্টাম্পার-ব্যাটার ঋষভ পন্তের 10 বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল সূর্যবংশীর ব্য়াটিং-বৈভবে ৷ 2016 যুব বিশ্বকাপে নেপালের বিরুদ্ধে 18 বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেছিলেন পন্ত ৷ যা এতদিন অক্ষত ছিল ৷ কিন্তু সোমবার 15 বলে হাফসেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ড নিজের নামে করে নিলেন বিহারের বছর চোদ্দর ক্রিকেটার ৷
ডাকওয়ার্থ-লুইস নিয়মে 174 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে এদিন ব্য়াট হাতে ঝড় তোলেন বৈভব ৷ একটি চার ও 10টি ছক্কায় মাত্র 24 বলে 68 রান করেন তিনি ৷ বৈভবের ব্য়াটিং-বিক্রমে 21 বল বাকি থাকতে মাত্র দুই উইকেট হারিয়ে রান তুলে নেয় ভারতের যুব দল ৷ অধিনায়ক আউট হলেও 42 বলে 48 রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন উইকেটরক্ষক-ব্য়াটার অভিজ্ঞান কুণ্ডু ৷ 31 রানে অপরাজিত থেকে যান বেদান্ত ত্রিবেদী ৷
Leading from the front! 🫡#VaibhavSooryavanshi’s sensational innings made things easy for India as they won the 2nd Youth ODI by 8 wickets (DLS method) 🔥
— Star Sports (@StarSportsIndia) January 5, 2026
He’s gearing up for the ICC U-19 Men’s Cricket World Cup and how! 👊 pic.twitter.com/4hfrXOVZfe
ভারতীয় হিসেবে এদিন দ্রুততম হাফসেঞ্চুরির পাশাপাশি যুব ওডিআই'য়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড রয়েছে বৈভবের ঝুলিতে ৷ ইংল্য়ান্ডের বিরুদ্ধে গতবছর জুলাইয়ে ওর্চেস্টারে 52 বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি ৷ সম্প্রতি বিজয় হাজারে ট্রফিতে কনিষ্ঠতম হিসেবে তিন অঙ্কের রান করেছেন বিস্ময় বালক ৷ সবমিলিয়ে গতবছর আইপিএলে যে উত্থানটা বৈভবের শুরু হয়েছিল, তা ক্রমে উর্ধ্বমুখী ৷ সোমবারের নজির তাঁর মুকুটে নয়া পালক বলা যায় ৷
জেসন রাউলেসের সেঞ্চুরি (114) সত্ত্বেও উইলমুর পার্কে দক্ষিণ আফ্রিকা এদিন প্রথম ব্য়াট করে 245 রানে গুটিয়ে যায় ৷ ভারতের হয়ে সর্বাধিক চার উইকেট নেন কিষাণ কুমার সিং ৷ বৃষ্টির কারণে ভারতের লক্ষ্যমাত্রা কমে হয় 27 ওভারে 174 ৷ যা সহজেই তুলে দেন ব্যাটাররা ৷ প্রথম ম্য়াচও ডাকওয়ার্থ-লুইস নিয়মে 25 রানে জিতেছিলেন বৈভবরা ৷

