ETV Bharat / sports

চব্বিশ বছর পর নকআউটে জয়, কানাডা-মেক্সিকোর পর শেষ ষোলোয় আয়োজক যুক্তরাষ্ট্র

প্রি-কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের মুখোমুখি আয়োজকরা ৷ তবে লাল-কার্ড দেখায় সেই ম্য়াচে বসনিয়া ম্য়াচের স্কোরার বালোগুন'কে পাচ্ছে না যুক্তরাষ্ট্র ৷

USA BEAT BOSNIA AND HERZEGOVINA
ফ্রি-কিক থেকে দুরন্ত গোলের পর টিলম্যানের সেলিব্রেশন (Etv Bharat)
author img

By ETV Bharat Sports Team

Published : July 2, 2026 at 1:51 PM IST

2 Min Read
Choose ETV Bharat

সান ফ্রান্সিসকো, 2 জুলাই: তিরিশ মিনিট মার্কিন যুক্তরাষ্ট্রকে দশজনে পেয়েও সুবিধা করতে পারল না বসনিয়া ও হার্জেগোভিনা ৷ উল্টে 82 মিনিটে মালিক টিলম্যানের ফ্রি-কিক থেকে করা গোলে জয় নিশ্চিত করল মার্কিন যুক্তরাষ্ট্র ৷ প্রথমার্ধে প্রথম গোলটি ফোলারিন বালোগুনের ৷ সবমিলিয়ে বলকান দেশটিকে 2-0 গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় মার্কিন যুক্তরাষ্ট্র ৷

বাকি দুই সহ-আয়োজক কানাডা ও মেক্সিকো প্রি-কোয়ার্টারে পৌঁছে গিয়েছিল আগেই ৷ তৃতীয় আয়োজক হিসেবে বৃহস্পতিবার শেষ ষোলোয় পৌঁছে গেল যুক্তরাষ্ট্রও ৷ একইসঙ্গে 24 বছরের খরা কাটল তাদের ৷ শেষবার 2002 সালে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিল তারা ৷ পরবর্তীতে তিনবার শেষ ষোলোয় পৌঁছলেও জিততে পারেনি তারা ৷ অর্থাৎ, 2002 সালের পর নকআউটে প্রথম জয় পেল যুক্তরাষ্ট্র ৷

ঘরের মাঠের প্রবল জনসমর্থন থাকলেও ভাগ্য এদিন অনেক ক্ষেত্রে সহায় ছিল না যুক্তরাষ্ট্রের ৷ যদিও শুরু থেকে বসনিয়া রক্ষণকে ফালাফালা করতে থাকে তারা ৷ 31 মিনিটে বালোগুনের গোলে এগিয়ে গেলেও তা অফসাইডের কারণে বাতিল হয় ৷ সেই বালোগুনই প্রথমার্ধে নির্ধারিত সময়ের শেষ মিনিটে গোল করে এগিয়ে দেন যুক্তরাষ্ট্রকে ৷ বিপক্ষ ডিফেন্ডার তারেক মুহারেমোভিচের ভুল করলে বক্সের মধ্যে বল জমা পড়ে বালোগুনের পায়ে ৷ বাঁ-পায়ের শটে বিপক্ষ গোলরক্ষককে পরাস্ত করেন মোনাকো স্ট্রাইকার ৷ সংযুক্তি সময়ে বালোগুনের নেওয়া শট ক্রসবারে প্রতিহত না-হলে 2-0 হয়ে যেত তখনই ৷

দ্বিতীয়ার্ধে সেই বালোগুনকেই সরাসরি লাল-কার্ড দেখান রেফারি ৷ 64মিনিটে বিপক্ষ ফুটবলারকে অনিচ্ছাকৃত ফাউলের জন্য তাঁকে মার্চিং-অর্ডার দেন রেফারি ৷ কিন্তু সংখ্যাতত্ত্বে এগিয়ে থেকেও শেষের আধঘণ্টায় কোনও তৎপরতা দেখা যায়নি বসনিয়া-হার্জেগোভিনার তরফে ৷

উল্টে 82 মিনিটে বিপক্ষের মানব প্রাচীর উঁচিয়ে দুরন্ত ফ্রি-কিকে বল জালে রাখেন টিলম্যান ৷ যা জয় নিশ্চিত করে যুক্তরাষ্ট্রের ৷ শেষ ষোলোয় বেলজিয়ামের মুখোমুখি তারা ৷ রাউন্ড অব-32'র ম্য়াচে এদিন অসম্ভবকে সম্ভব করেছে 'দ্য় রেড ডেভিলস' ৷ 85 মিনিট পর্যন্ত 0-2 ব্যবধানে পিছিয়ে থেকে অতিরিক্ত সময়ে ম্য়াচ টেনে নিয়ে যায় তারা ৷ শেষমেশ 3-2 গোলে জিতে প্রি-কোয়ার্টারে পৌঁছয় ইউরোপ জায়ান্টরা ৷

আরও পড়ুন: