তলপেটে চোট, কিউয়িদের বিরুদ্ধে নেই এশিয়া কাপের নায়ক; অনিশ্চিত বিশ্বকাপেও !
তিলককে অস্ত্রোপচারের নির্দেশ দিয়েছেন বেঙ্গালুরুর সেন্টার অব এক্সেলেন্সের চিকিৎসকেরা ৷

Published : January 8, 2026 at 10:57 AM IST
হায়দরাবাদ, 8 জানুয়ারি: বিজয় হাজারে ট্রফি খেলতে গিয়ে বিপত্তি ৷ তলপেটে চোট পেয়ে বসলেন টি-20 ফরম্য়াটে টিম ইন্ডিয়ার মিডল-অর্ডারের ভরসা তিলক বর্মা ৷ চোট এতটাই গুরুতর যে এশিয়া কাপ ফাইনালের নায়ককে অস্ত্রোপচারের নির্দেশ দিয়েছেন চিকিৎসকেরা ৷ ফলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন সিরিজ তো বটেই, আগামী 7 ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা কুড়ি-বিশের বিশ্বকাপেও তিলককে পাওয়ার ব্য়াপারে উঠে গিয়েছে বড়সড় প্রশ্নচিহ্ন ৷ এমনটাই রিপোর্ট 'দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস' সূত্রে ৷
রিপোর্টে এও বলা হয়েছে যে, 21 জানুয়ারি থেকে শুরু হতে চলা কিউয়িদের বিরুদ্ধে টি-20 সিরিজের জন্য তিলকের বিকল্প খুঁজে নেবে বিসিসিআই ৷ সেক্ষেত্রে সম্ভাবনা থাকলেও শুভমন গিলকে হয়তো ডাকা হবে না ৷ সে যাইহোক, বিশ্বকাপের একমাস আগে তিলকের মতো গুরুত্বপূর্ণ ক্রিকেটারের চোট নিঃসন্দেহে উদ্বেগ বাড়াল ভারতীয় শিবিরে ৷
'দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস'-এর রিপোর্ট অনুযায়ী বিজয় হাজারে ট্রফি খেলতে রাজকোটে থাকা হায়দরাবাদ ক্রিকেটার বুধবার প্রাতঃরাশের পর পেটে ব্য়থা অনুভব করেন ৷ এরপর সময় নষ্ট না-করে বেঙ্গালুরুতে সেন্টার অব এক্সেলেন্সের চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করেন তিলক ৷ পরবর্তীতে 'দ্য় ইন্ডিয়ান এক্সপ্রেস'কে বাঁ-হাতি ব্য়াটারের চোটের খবরটি নিশ্চিত করে বোর্ডের এক সূত্র ৷
সংশ্লিষ্ট সূত্র বলেছে, "তিলক আজ (বুধবার) তলপেটে প্রচণ্ড ব্যথা অনুভব করায় রাজকোটের হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট সেন্টার অব এক্সেলেন্সে পাঠানো হয়েছে ৷" বোর্ডের ওই সূত্রের সংযোজন, "চিকিৎসকেরা তাঁকে অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন ৷ তাঁর সুস্থ হয়ে উঠতে তিন থেকে চার সপ্তাহ সময় লাগবে ৷ ফলত নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজ খেলার আশা খুবই ক্ষীণ ৷" এমনকী তিলকের বিশ্বকাপ খেলার ব্যাপারেও যে ধোঁয়াশা রয়েছে, তাও জানিয়েছে ওই সূত্র ৷
Get well soon, star boy Tilak Varma. We want to see you playing in the T20 World Cup India needs you. 🇮🇳💙
— 𝐑𝐮𝐬𝐡𝐢𝐢𝐢⁴⁵ (@rushiii_12) January 8, 2026
pray for your speedy recovery. 🙏✨ pic.twitter.com/UTEfHRqQXI
49.29 ব্য়াটিং গড়ে ভারতের জার্সিতে 40টি টি-20 ম্য়াচে তিলকের নামের পাশে রয়েছে 1,183 রান ৷ স্ট্রাইক-রেট 144.09, সেঞ্চুরি দু'টি ৷ গত সেপ্টেম্বরে এশিয়া কাপ ফাইনালে তাঁর 53 বলে অপরাজিত 69 রানের সৌজন্যে পাকিস্তানকে হারিয়েছিল টিম ইন্ডিয়া ৷ এহেন মিডল-অর্ডার ব্য়াটারকে বিশ্বকাপে না-পাওয়া ভারতের জন্য যে কত বড় ধাক্কা, তা বলার অপেক্ষা রাখে না ৷ এখন দেখার তিলকের চোট নিয়ে বোর্ডের তরফে আগামীতে কি আপডেট আসে ৷
এদিকে শ্রেয়স আইয়ারকে 'ম্য়াচ ফিট' সার্টিফিকেট দিল সেন্টার অব এক্সেলেন্স ৷ সম্প্রতি বিজয় হাজারে ট্রফিতে হিমাচলের বিরুদ্ধে মুম্বইকে নেতৃত্ব দিয়েছেন ভারতের ওডিআই সহঅধিনায়ক ৷ সেই ম্য়াচে 53 বলে 82 রানের বিস্ফোরক ইনিংসও এসেছে তাঁর ব্য়াটে ৷ সব দেখেশুনে মুম্বই ক্রিকেটারকে ম্য়াচ ফিট ঘোষণা করা হল ৷ আগামী 11 জানুয়ারি থেকে শুরু হতে চলা নিউজিল্যান্ড সিরিজে তাঁর অংশগ্রহণে আর বাধা রইল না ৷ উল্লেখ্য, অস্ট্রেলিয়া সফরে গিয়ে পাঁজরে চোট পেয়েছিলেন শ্রেয়স ৷

