সফল অস্ত্রোপচারের পর কবে মাঠে ফিরবেন তিলক ? জানিয়ে দিল বিসিসিআই
অস্ত্রোপচারের পর শুক্রবার ভারতীয় ক্রিকেটারকে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়েছে ৷

Published : January 9, 2026 at 1:28 PM IST
হায়দরাবাদ, 9 জানুয়ারি: তাঁকে যে অস্ত্রোপচারের মধ্যে দিয়ে যেতে হবে, সেটা একপ্রকার নিশ্চিত ছিল ৷ বোর্ডের সেন্টার অব এক্সেলেন্সের চিকিৎসকদের পরামর্শে বুধবারই সেই অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে তিলক বর্মার ৷ রাজকোটে গত পরশু অস্ত্রোপচারের পর শুক্রবার সকালে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলেও নিশ্চিত করা হয়েছে বিসিসিআই'য়ের তরফে ৷
বৃহস্পতিবার তিলক বর্মার চোটের খবর সামনে আসার পর থেকেই উদ্বিগ্ন হয়ে পড়েন অনুরাগীরা ৷ ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি-20 সিরিজ তো বটেই, আগামী মাসে শুরু হতে চলা টি-20 বিশ্বকাপেও তাঁর অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়ে ৷ এমন সময় বিসিসিআই'য়ের তরফে তিলকের মাঠে ফেরার একটা আনুমানিক ধারণা দেওয়া হয়েছে ৷ বোর্ডের ঘোষণা অনুযায়ী আপাতত কিউয়িদের বিরুদ্ধে প্রথম তিন ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন টি-20 দলে ভারতের মিডল-অর্ডারের স্তম্ভ ৷
সংবাদমাধ্যমকে দেওয়া বিজ্ঞপ্তিতে বিসিসিআই লিখেছে, "তলপেটে সমস্য়ার জন্য বুধবার রাজকোটে ভারতীয় ব্য়াটার তিলক বর্মার অস্ত্রোপচার হয়েছে ৷ আজ সকালে তাঁকে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়েছে ৷ শুক্রবারই হায়দরাবাদে ফিরে যাওয়ার কথা তাঁর ৷ আপাতত তিনি স্থিতিশীল এবং ধীরে-ধীরে উন্নতি করছেন ৷"
বিসিসিআই'য়ের সংযোজন, "নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম তিনটি টি-20 ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন তিনি ৷ বাকি দু'ম্যাচে তাঁর ফেরা নির্ভর করছে কতটা দ্রুত তিনি সুস্থ হন এবং অনুশীলেন ফেরেন তার উপর ৷" অর্থাৎ, নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনি যে খেলবেনই, এমন কোনও নিশ্চয়তা নেই ৷ এমনকী 7 ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা বিশ্বকাপের প্রথম কয়েকটি ম্যাচে তিলককে পাওয়া না-গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না ৷
🚨 NEWS 🚨
— BCCI (@BCCI) January 8, 2026
Tilak Varma ruled out of the first three T20Is against New Zealand.
His availability for the remaining two matches will be assessed based on his progress during the return-to-training and skill phases.
Details 🔽 | #TeamIndia | #INDvNZ | @IDFCFIRSTBank…
তবে তিনি যে খুব দ্রুত বাইশ গজে ফিরতে চলেছেন, এব্য়াপারে বৃহস্পতিবার সন্ধ্যায় অনুরাগীদের আশ্বস্ত করেছেন তিলক ৷ এশিয়া কাপ ফাইনালে যাঁর 53 বলে অপরাজিত 69 রানের সৌজন্যে খেতাব জিতেছিল টিম ইন্ডিয়া ৷ ইনস্টাগ্রাম স্টোরিতে হাসিমুখের একটি ছবি পোস্ট করে তিলক লেখেন, "এতটা ভালোবাসার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ ৷ আমি ইতিমধ্যে সেরে ওঠার পথে ৷ এত তাড়াতাড়ি মাঠে ফিরব যে তোমরা ভাবতেই পারবে না ৷"

'দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস'-এর রিপোর্ট অনুযায়ী, বিজয় হাজারে খেলতে রাজকোটে থাকাকালীন বুধবার প্রাতঃরাশের পর পেটে ব্য়থা অনুভব করেন তিলক ৷ এরপর রাজকোটেই বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয় তিলককে ৷ পরবর্তীতে রিপোর্ট সেন্টার অব এক্সেলেন্সে পাঠানো হয় ৷ সেই রিপোর্ট পর্যালোচনা করেই চিকিৎসকেরা ভারতীয় ক্রিকেটারকে অস্ত্রোপচারের পরামর্শ দেন ৷

