ETV Bharat / sports

শেষ চারে পৌঁছলে কলম্বোয় খেলবে শ্রীলঙ্কা, ইডেনে সেমিফাইনালের সম্ভাবনা ক্ষীণ হল

সুপার-এইটের লাইন-আপ স্থির হতেই পরিবর্তিত সূচির বিষয়ে স্টেকহোল্ডারদের অবগত করেছে আইসিসি ৷

T20 WC SEMIS
ইডেনে টি-20 বিশ্বকাপ ট্রফি (GETTY)
author img

By ETV Bharat Sports Team

Published : February 24, 2026 at 3:13 PM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 24 ফেব্রুয়ারি: প্রথমে স্থির ছিল আগামী 4 মার্চ ইডেন গার্ডেন্স টি-20 বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল আয়োজন করবে, যদি সেখানে পাকিস্তানের উপস্থিতি না-থাকে ৷ কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে পাকিস্তানের সঙ্গে যোগ হল শ্রীলঙ্কার নামও ৷ অর্থাৎ, উপরোক্ত দু'টি দেশের কোনও একটি দল যদি প্রথম সেমিফাইনাল খেলে তাহলে তা ইডেন গার্ডেন্স থেকে ঠিকানা বদলে তার নয়া গন্তব্য হবে কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়াম ৷

এবার স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসতে বাধ্য, তাহলে ভারত বনাম শ্রীলঙ্কা যদি প্রথম সেমিফাইনাল হয় সেক্ষেত্রে ? সেক্ষেত্রে শ্রীলঙ্কা থাকলেও প্রধান আয়োজক ভারত হওয়ায় সেমিফাইনাল হবে ইডেন গার্ডেন্সে ৷ প্রকাশিত সূচিতে বদল এনে পরিবর্তিত পরিস্থিতিতে সেমিফাইনালের ভেন্যু বদলের সিদ্ধান্ত নিয়েছে আইসিসি ৷ ইএসপিএন ক্রিকইনফো'র রিপোর্টে প্রকাশ তেমনটাই ৷

অর্থাৎ, পাকিস্তানের বিরুদ্ধে ছাড়া প্রথম সেমিফাইনালে ভারত যোগ্যতা অর্জন করলে তা ইডেনেই হবে ৷ ভারত বনাম পাক হলে তা কলম্বোয় অনুষ্ঠিত হবে ৷ আর ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার মধ্যে কোনও দলই যদি প্রথম সেমিফাইনাল না-খেলে তাহলে ম্যাচটি হবে ক্রিকেটের নন্দনকাননই ৷ ক্রিকইনফো জানিয়েছে, আনুষ্ঠানিক ঘোষণা না-হলেও লজিস্টিক সংক্রান্ত খরচ বহনের বিষয়টি মাথায় রেখে সুপার-এইটের লাইন-আপ স্থির হতেই পরিবর্তিত সূচির বিষয়ে স্টেকহোল্ডারদের অবগত করেছে আইসিসি ৷

এবার আসা যাক 5 মার্চ দ্বিতীয় সেমিফাইনালের কথায় ৷ সেখানেও চিত্রটা একইরকম ৷ গ্রুপ-এ (সুপার-এইট) থেকে রানার্স হয়ে শেষ চারে পৌঁছতেই পারেন সূর্যকুমাররা ৷ সেক্ষেত্রে গ্রুপ-বি'র চ্য়াম্পিয়নের সঙ্গে তাঁদের দ্বিতীয় সেমিফাইনাল খেলতে হবে ওয়াংখেড়েতে (প্রথম সেমিতে গ্রুপ-এ চ্য়াম্পিয়নরা মুখোমুখি হবে গ্রুপ-বি রানার্সের), যদি না প্রতিপক্ষ পাকিস্তান হয় ৷ ভারত বনাম পাকিস্তান হলে পুনরায় দ্বিতীয় সেমিফাইনালে অনুষ্ঠিত হবে কলম্বোর প্রেমদাসায় ৷

যদি ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার মধ্যে কোন দলই শেষ চারের টিকিট না-পায় তখন কোনও ঝামেলা ছাড়াই সূচি অনুযায়ী প্রথম সেমিফাইনাল কলকাতায় ও দ্বিতীয় সেমিফাইনাল মুম্বইয়ে অনুষ্ঠিত হবে ৷ পাকিস্তান এবং শ্রীলঙ্কা যেহেতু একই গ্রুপে রয়েছে তাই সেমিতে দু'দলের মুখোমুখি সাক্ষাতের কোনও সম্ভাবনা নেই ৷

গতবছর সূচি প্রকাশের সময় পাকিস্তানের বিষয়টি উল্লেখ করলেও শ্রীলঙ্কা সেমিফাইনালে পৌঁছলে কী হবে, তার কোনও স্পষ্ট নির্দেশিকা ছিল না আইসিসি'র তরফে ৷ সে সময় জারি করা বিবৃতিতে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা লিখেছিল, "পাকিস্তান যদি সেমিফাইনালের যোগ্যতা অর্জন করে, তাহলে প্রথম সেমিফাইনাল কলকাতার পরিবর্তে অনুষ্ঠিত হবে কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে ৷ পাকিস্তান ফাইনাল খেললে তা আমেদাবাদ থেকে সরবে কলম্বোয় ৷ যদি সেমিফাইনালে ভারত-পাকিস্তান মুখোমুখি হয় তবে তাহলেও ম্য়াচটি কলম্বোয় হবে ৷ অন্যদিকে একমাত্র ভারত বনাম পাকিস্তান ছাড়া মুম্বইয়ে অনুষ্ঠিত হবে দ্বিতীয় সেমিফাইনাল ৷"

আরও পড়ুন: