সুইডেন সেরা জেলেদের ফুটবল ক্লাব, ইব্রার দেশে রূপকথা লিখল ম্য়ালবি
ফেলে আসা বছরে ক্রিস্টাল প্যালেস, নিউক্যাসলের মতো ইংলিশ ক্লাবগুলোর ট্রফিখরা কাটানো নিয়ে চর্চা চলেছে বিস্তর ৷ তবে প্রচারের আড়ালে রয়ে গিয়েছে ম্য়ালবি এআইএফ ৷

Published : January 4, 2026 at 7:44 PM IST
হায়দরাবাদ: শেষ চারবারের মধ্যে তিনবার 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ'-এ দেখা যায়নি তাঁদের ৷ চলতি বছর যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোয় অনুষ্ঠিত হতে চলা বিশ্ব ফুটবলের সেরা মঞ্চে যে দেখা যাবে, এমন নিশ্চয়তাও নেই ৷ যোগ্যতা অর্জন পর্বে জঘন্য পারফরম্য়ান্স করেও নেশনস লিগের সৌজন্যে উয়েফা প্লে-অফসে খেলবে তাঁরা ৷ কিন্তু সেখানে ব্যর্থ হলে টানা দ্বিতীয়বারের জন্য বিশ্বকাপে থাকবে না সুইডেন ৷ এমন আশা-আশঙ্কার আবহে জ্লাতান ইব্রাহিমোভিচের দেশের ক্লাব ফুটবলে সম্প্রতি ঘটে গেল রূপকথা ৷ প্রথমবার সুইডিশ লিগ চ্যাম্পিয়ন হল জেলেদের ক্লাব ম্য়ালবি এআইএফ ৷
- কেন মৎস্যজীবীদের ক্লাব ম্য়ালবি এআইএফ: সুইডেনের দক্ষিণ উপকূলে অবস্থিত ম্য়ালবি গ্রামের জনসংখ্যা আনুমানিক 1400-1500 ৷ অদূরেই অবস্থিত নগারসুন্ড দেশের তৃতীয় বৃহত্তম মৎস্যবন্দর ৷ আর সেই বন্দরকে আবর্তিত করেই রুজি-রোজগার ম্য়ালবি গ্রামের মানুষদের ৷ তাই ম্য়ালবি এআইএফ'কে জেলে বা মৎস্যজীবীদের ফুটবল ক্লাব বলে মোটেই বাড়িয়ে বলা হয় না ৷ সেই জেলেদের ক্লাব দেশের সেরা হলে তো ঐতিহাসিক হয়ে রয়ে যাবেই ৷ তেমনটাই ঘটল 2025 সালে আলসভেন্সকান-এ (সুইডিশ লিগের নাম) ৷ এ প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো 30 ম্যাচে ম্য়ালবি'র সংগৃহিত 75 পয়েন্ট সুইডিশ লিগের ইতিহাসে এখনও পর্যন্ত সর্বাধিক ৷

- ন'বছর আগে চতুর্থ টিয়ারে অধঃপতন: তিন ম্যাচ বাকি থাকতে অক্টোবরের মাঝামাঝি ঐতিহাসিক লিগ জয় নিশ্চিত করে ফেলে ম্য়ালবি ৷ 86 বছরে যা প্রথমবার ৷ সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল 2016 সালে টানা তৃতীয় মরশুম অবনমনের মুখে পড়ে চতুর্থ টিয়ারে অধঃপতন হয়েছিল ম্য়ালবি'র ৷ সেখান থেকে ন'বছরের মধ্যে সর্বোচ্চ লিগে খেতাব জয় রূপকথার চেয়ে কম কীসের ? 2015-16 মরশুমে ক্লদিয়ো রেনিয়ারি প্রশিক্ষণাধীন লেস্টার সিটি'র প্রিমিয়র লিগ জয়ের সঙ্গে ফুটবলমহলে তুলনা চলছে ম্য়ালবির আলসভেন্সকান জয়ের ৷ যা তাঁদের পৌঁছে দিয়েছে 2026-27 চ্যাম্পিয়ন্স লিগে ৷
🏆 | SVENSKA MÄSTARE 2025! 💛🖤#MjällbyAIF #Allsvenskan2025 #SMGuld2025 pic.twitter.com/vbeUStvLqv
— Mjällby AIF (@MjallbyAIFs) October 20, 2025
- সাফল্যের নেপথ্যে যাঁরা: সাম্প্রতিক অতীতে সুইডিশ ফুটবলে একচেটিয়া আধিপত্য দেখিয়ে এসেছে দেশের সবচেয়ে ধনী ক্লাব মালমো ৷ গত 12টি আলসভেন্সকানের মধ্যে আটটি খেতাব তাঁদের ঝুলিতে ৷ সেই মালমোর বাজেটের মাত্র 15 শতাংশ খরচ করে ম্য়ালবি ইতিহাস লিখল পরিকল্পনার সঠিক রূপায়ণে ৷ যে রূপায়ণে নেতৃত্ব দিলেন নিঃসন্দেহে দলের হেড কোচ 59 বছরের অ্যান্ডার্স টর্সটেনসন ৷ তাঁর ডেপুটি হিসেবে ম্য়ালবি'র খেতাবজয়ে সাহায্য করলেন কার্ল মারিয়াস আকসুম ৷ যাঁর ঝুলিতে উল্লেখযোগ্যভাবে রয়েছে 'ফুটবলে চাক্ষুস উপলব্ধি'(Visual Perception in Football) তে পিএইচডি ৷ মূলত তাঁর ডাটা-বেসে ভর করেই বেশ কিছু তরুণ ফুটবলারকে ছেড়ে সেই টাকা নবাগতদের পিছনে ঢেলেছিল ক্লাব ৷

আর ম্য়ালবি'র সাফল্যে যাঁর কথা না বললেই নয়, তিনি দুর্গের শেষ প্রহরী নোয়েল টর্নকিস্ট ৷ তেকাঠির নীচে বছর তেইশের এই গোলরক্ষকের ক্ষিপ্রতায় 30 ম্যাচে লিগের সবচেয়ে কম 17 গোল হজম করেছে চ্য়াম্পিয়নরা ৷ টর্নকিস্টের পারফরম্যান্সে মুগ্ধ বিদেশি ক্লাবগুলোও ৷ 2025 মরশুমের শুরুতে সিরি-এ ক্লাব কোমো তাঁকে সই করালেও মরশুম শেষ হতেই লোনে তাঁকে সুইডেনের ক্লাবে তাঁকে ফিরিয়ে দেন কোমো কোচ সেস ফ্যাব্রেগাস ৷
🫡 | BÄSTA MÄSTARNA! 🏆#MjällbyAIF #Allsvenskan2025 pic.twitter.com/bDTu7bAlaP
— Mjällby AIF (@MjallbyAIFs) November 13, 2025
- কুর্নিশ প্রতিপক্ষদের: সবমিলিয়ে ম্য়ালবি'র এই আচমকা উত্থানে অবাক হলেও তাঁদের কৃতিত্বকে কুর্নিশ প্রতিপক্ষদের ৷ 13 পয়েন্ট পিছনে থেকে দ্বিতীয়স্থানে শেষ করা হ্যামারবি ফুটবল ক্লাবের কোচ বলেন, "এককথায় ওরা দুর্ধর্ষ ৷ সমস্ত প্রত্যাশাকে তাঁরা ছাপিয়ে গিয়েছে ৷"

