ETV Bharat / sports

বিশ্বসেরার চ্যালেঞ্জ সামলে ইডেনে জয়ের খোঁজ বাভুমার, প্রোটিয়া একাদশও চূড়ান্ত নয়

শেষবার 1999-2000 সালে এদেশে টেস্ট সিরিজ জিতেছিল দক্ষিণ আফ্রিকা ৷

IND vs SA EDEN TEST
সৌরভের উপস্থিতিতে ইডেনের পিচ-পরীক্ষায় বাভুমা (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : November 13, 2025 at 8:35 PM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 13 নভেম্বর: বছরদু'য়েক আগে ক্রিকেট বিশ্বকাপে ভারতের মুখোমুখি হওয়ার আগে প্রাক-ম্যাচ সাংবাদিক সম্মেলনে পাত্তা পাননি বিশেষ ৷ বদলেছে সময় ৷ 2025 সালে এসে সেই পাঁচ ফুট তিন ইঞ্চির তেম্বা বাভুমাই ইডেনের মিডিয়া সেন্টারে ঢুকলেন সদর্পে ৷ বিশ্বসেরা (টেস্ট চ্যাম্পিয়নশিপ) দলের অধিনায়ক হিসেবে ৷ ভারত মানেই স্পিন সহায়ক উইকেটে ল্যাজে-গোবরে অবস্থা অতিথি দলের ৷ কিন্তু বদলেছে সেই পরিস্থিতিও ৷ ইডেনে নামার আগে দক্ষিণ আফ্রিকা স্পিনারদের সামলাতে এখন হোমওয়ার্ক করতে হচ্ছে ভারতকে ৷ অন্যদিকে রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেলদের সামলানোর চ্যালেঞ্জটাও নিচ্ছেন দক্ষিণ আফ্রিকা ৷ সঙ্গে বিশ্বসেরার চ্যালেঞ্জও ৷

ভারত অধিনায়ক শুভমন গিল যেমন সাংবাদিক সম্মেলনে জানিয়ে গিয়েছেন, ম্যাচের সকালে চূড়ান্ত একদশ বাছা হবে ৷ দক্ষিণ আফ্রিকা শিবিরের ছবিটাও একই ৷ উইকেটের পিছনে দস্তানা হাতে রায়ান রিকেলটনকে দেখতে পাওয়ার বিষয়টি নিশ্চিত করলেও বাভুমা জানিয়ে গেলেন একাদশ চূড়ান্ত হবে ম্যাচের দিন সকালেই ৷

এদেশে আসার আগে বিশ্বসেরাদের অবশ্য হোঁচট খেতে হয়েছে পাকিস্তানের মাটিতে ৷ তাই প্রত্যাশার চাপ নিয়ে প্রশ্ন করা হলে প্রোটিয়া দলনায়ক বলছেন, "এখন চাপটা মানিয়ে নেওয়া গিয়েছে ৷ বিশ্বচ্যাম্পিয়ন তকমাটা আমাদের আত্মবিশ্বাস বাড়ায় ৷ তবে আমাদের দৃষ্টিভঙ্গি বদলায়নি ৷" ভারতের মাটিতে একবিংশ শতাব্দীতে কোনও সিরিজ জেতেনি প্রোটিয়ারা ৷ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ের থেকেও কি কঠিন ভারতে টেস্ট সিরিজ জেতা ? প্রাক-ম্য়াচ সাংবাদিক সম্মেলনে এমনই প্রশ্ন গিয়েছিল অতিথি দলনায়কের কাছে ৷ ঐতিহাসিক সিরিজ জয়ে চোখ রেখে উত্তরে বাভুমা ডব্লিউটিসি জয়কেই অবশ্য প্রথম রাখলেন ৷ তবে জানালেন, ভারতে সিরিজ জয় দ্বিতীয় কঠিনতম কাজ ৷

IND vs SA EDEN TEST
অনুশীলনে খোশমেজাজে প্রোটিয়ারা (IANS)

জুনে ডব্লিউটিসি ফাইনালের পর পাকিস্তান সফরে চোটের কারণে ছিলেন না বাভুমা ৷ দীর্ঘদিন পর ইডেনে টেস্ট খেলতে নামার আগে অবশ্য ভারতীয়-এ দলের বিপক্ষে ম্যাচে গা ঘামিয়ে এসেছেন তিনি ৷ ভারতের মাটিতে মানিয়ে নেওয়ার সুযোগ পেয়েছেন ৷ সড়গড় হওয়ার সুযোগ পেয়ে খুশি বাভুমা বলছেন, "ওদের বোলিং আক্রমণ বেশ শক্তিশালী ছিল ৷ আমার জন্য প্রস্তুতিটা ভালোই হয়েছে ৷ দীর্ঘদিন পর টেস্ট খেলতে যাচ্ছি ৷ আবহের সঙ্গে মানিয়ে নিতে ওই ম্য়াচ সাহায্য করেছে ৷"

পেস বিভাগে বুমরা-সিরাজদের পাশাপাশি ঘরের মাঠে ভারতীয় স্পিনাররা ফাঁদ পাততে তৈরি ৷ যার কেন্দ্রে কুলদীপ যাদব ৷ 'চায়নাম্যান'কে নিয়ে কী ভাবছে প্রোটিয়া থিঙ্কট্যাঙ্ক ? বাভুমার কথায়, "ওর বল খুব বেশি টার্ন না-করলেও বিভ্রান্ত করতে পারে ৷ ভারত ওর প্রতি যে আস্থাশীল, সেটা আমাদের জানা ৷ ও বিপজ্জনক বোলার, তাই সতর্ক থাকতে হবে ৷"

ভারতের বিরুদ্ধে নামার আগে রণকৌশল নিয়ে বাভুমা বলছেন,"বিশ্লেষক দল আমাদের সব তথ্য দিয়েছে ৷ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন হওয়ার পর দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে পরিবর্তন এসেছে ৷ দেশে দলের প্রতি সম্মান ও ভালোবাসা বেড়েছে ৷ এখন আমাদের লক্ষ্য সেই আত্মবিশ্বাস ধরে রেখে বিশ্বের সেরা দল হিসেবে টিকে থাকা ৷"

আরও পড়ুন: