ETV Bharat / sports

ন'বছর বাদে দ্বীপরাষ্ট্রে টেস্ট খেলতে যাচ্ছে ভারত, ঘোষিত গিলদের সফরসূচি

শেষবার 2017 সালে বিরাট কোহলির ভারত শ্রীলঙ্কায় তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিল ৷ দ্বীপরাষ্ট্রকে চুনকাম করে ফিরেছিল তারা ৷

TEAM INDIA
আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্য়াচের একটি মুহূর্ত (AP)
author img

By ETV Bharat Sports Team

Published : July 2, 2026 at 8:45 PM IST

3 Min Read
Choose ETV Bharat

কলম্বো, 2 জুলাই: বিলেত সফরের মাঝেই সামনে এল আগামী মাসে ভারতীয় ক্রিকেট দলের সফরসূচি ৷ ইংল্য়ান্ড সফরে পাঁচ ম্য়াচের টি-20 ও তিনম্য়াচের ওডিআই সিরিজ খেলে ভারতীয় দল যাবে জিম্বাবোয়ে সফরে ৷ 26 জুলাই শেষ হচ্ছে ভারতীয় দলের জিম্বাবোয়ে সফর ৷ এরপর আগামী মাসে শ্রীলঙ্কায় দু'ম্য়াচের টেস্ট সিরিজ খেলবে ভারতীয় দল ৷ এক ঘোষণায় বৃহস্পতিবার ভারতীয় দলের সফরসূচি প্রকাশ করা হল দ্বীপরাষ্ট্রের ক্রিকেট বোর্ডের তরফে ৷ যা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিল ভারতীয় ক্রিকেট বোর্ডও ৷

গল এবং কলম্বোয় আগামী মাসে শ্রীলঙ্কা সফরে দু'টি টেস্ট খেলবে শুভমন গিল নেতৃত্বাধীন ভারতীয় দল ৷ যা ন'বছর বাদে ওই দেশে ভারতীয় দলের প্রথম টেস্ট সিরিজ ৷ গল আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে আগামী 15-19 অগস্ট ৷ কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে সফরের দ্বিতীয় টেস্টটি ভারতীয় দল খেলবে আগামী 23-27 অগস্ট ৷ সম্প্রতি দেশের মাটিতে আফগানিস্তানের বিরুদ্ধে একটি টেস্ট খেলেছে ভারতীয় দল ৷ কিন্তু তা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ ছিল না ৷ অর্থাৎ, শ্রীলঙ্কা সফরের জোড়া টেস্ট ম্য়াচের সিরিজ দিয়ে ডব্লিউটিসি'তে ফিরছে ভারতীয় দল ৷

এমনিতেই দ্বীপরাষ্ট্রের ঘূর্ণি পিচ যে কোনও সফরকারী দলের কাছে ভয়ের কারণ ৷ তার উপর ডব্লিউটিসি'তে প্রত্য়াবর্তন হতে চলায় এই সিরিজ ভারতীয় দলের কাছে যে মহাগুরুত্বপূর্ণ, তা বলার অপেক্ষা রাখে না ৷ দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার কাছে ডব্লিউটিসি'র অন্তর্গত শেষ সিরিজে চুনকাম হয়েছে ভারতীয় দল ৷ যা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় অনেকটাই পিছিয়ে দিয়েছে তাদের ৷ 2025-27 ডব্লিউটিসি চক্রে আপাতত ন'ম্য়াচ খেলে 48.15 পয়েন্ট পার্সেন্টেজ নিয়ে এই মুহূর্তে পাঁচে ভারতীয় দল ৷ অন্যদিকে মাত্র তিন ম্য়াচ খেলে 44.44 পয়েন্ট পার্সেন্টেজ নিয়ে ছ'য়ে রয়েছে শ্রীলঙ্কা ৷ ন'টি ম্য়াচের মধ্যে ভারত জিতেছে চারটি ম্য়াচ, হেরেছে চারটি ম্য়াচ ৷ আরেকটি ম্যাচ ড্র ৷

তাই ডব্লিউটিসি'র শেষ পর্বে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে দ্বীপরাষ্ট্রে সিরিজ জয় ভীষণ জরুরি ৷ তাছাড়া সাম্প্রতিক অতীতে গিল নেতৃত্বাধীন তরুণ ভারতীয় দলের ব্য়াটিং স্পিনের সামনে মুখ থুবড়ে পড়ছে ৷ তাই দেখার শ্রীলঙ্কার মাটিতে তাদের স্পিনারদের দলের ব্য়াটাররা কীভাবে সামলান ৷ এর আগে চলতি ডব্লিউটিসি চক্রে ইংল্যান্ডে পাঁচ ম্য়াচের সিরিজের পর দেশের মাটিতে যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দু'ম্য়াচের সিরিজ খেলেছে ভারতীয় দল ৷

শ্রীলঙ্কার মাটিতে ভারতের জন্য কঠিন লড়াই অপেক্ষা করছে সন্দেহ নেই ৷ কিন্তু সেদেশে শেষ তিনটি সিরিজে অপরাজিত ভারতীয় দল ৷ এর মধ্যে জয় দু'টিতে এবং ড্র হয়েছে একটি সিরিজ ৷ 2017 সালে শেষবার দ্বীপরাষ্ট্রে গিয়ে তিন ম্য়াচের সিরিজে তাদের চুনকাম করে ফিরেছিল ভারতীয় দল ৷ যে দলের অধিনায়ক ছিলেন বিরাট কোহলি ৷

  • একনজরে শ্রীলঙ্কা সফরের সূচি:
  1. প্রথম টেস্ট: 15-19 অগস্ট (গল)
  2. দ্বিতীয় টেস্ট: 23-27 অগস্ট (কলম্বো)

আরও পড়ুন: