ETV Bharat / sports

প্রোটিয়াদের জয়ের প্রত্যাশী টিম ইন্ডিয়া চিপকে আজ বড় জয়ের খোঁজে

সিকন্দর রাজাদের বিরুদ্ধে নামার আগে আমেদাবাদে গ্রুপের অন্য ম্য়াচে নজর থাকবে সূর্যদের ৷

IND vs ZIM IN SUPER 8
ম্য়াচের আগেরদিন ঐচ্ছিক অনুশীলেন বরুণ (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : February 26, 2026 at 1:32 PM IST

3 Min Read
Choose ETV Bharat

চেন্নাই, 26 ফেব্রুয়ারি: সন্ধেয় চিপকে আজ নামার আগে খানিকটা দমবন্ধ করা পরিস্থিতি ভারতীয় দলের ড্রেসিংরুমে ৷ জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্য়াচ রণকৌশল ঝালিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে গৌতম গম্ভীর অ্যান্ড কোম্পানির সমান নজর দিনের প্রথম ম্যাচের দিকে ৷ যে ম্য়াচে আমেদাবাদে দঃ আফ্রিকা মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজের ৷ সেই ম্যাচে প্রোটিয়ারা জিতলে ভালো, কিন্তু ক্য়ারিবিয়ানরা জিতলে ভারতের হাতের বাইরে চলে যাবে সবকিছু ৷

যদিও এই পরিস্থিতির জন্য দায়ী ভারতীয় দল নিজেই ৷ দক্ষিণ আফ্রিকার কদর্য হারের জেরে তাদের মুখাপেক্ষী হয়ে থাকতে হচ্ছে অন্য ম্য়াচের ফলাফলের ৷ কারণ প্রথম ম্য়াচে 76 রানে হেরে বিশ্বচ্যাম্পিয়নদের রান-রেট নেমেছে -3.800-এ ৷ তাই প্রোটিয়াদের জয়ের প্রত্যাশী হয়ে চেন্নাইয়ে বড় জয়ের খোঁজে সূর্যকুমার যাদব অ্যান্ড কোম্পানি ৷ আজকের জোড়া ম্য়াচের ফলাফল ভারতের পক্ষে গেলে 1 মার্চ ইডেনে ক্য়ারিবিয়ানদের বিরুদ্ধে ভারতের ম্যাচ হয়ে দাঁড়াবে অঘোষিত ফাইনাল ৷

সে যাইহোক জিম্বাবোয়ের বিরুদ্ধে 'মাস্ট-উইন' ম্য়াচে নামার আগে ভারতীয় দলের ব্যাটিং-অর্ডারে রদবদলের সমূহ সম্ভাবনা ৷ ব্যাটিং কোচ সীতাংশু কোটাক যেমন সঞ্জু স্যামসনের একাদশে প্রত্যাবর্তনের সম্ভাবনা ভালোরকম উস্কে দিলেন ৷ প্রাক-ম্যাচ সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, "দলে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে ৷ আমাদের টপ-অর্ডারে তিনজন বাঁ-হাতি ব্য়াটার রয়েছে এবং গত তিনটি ম্য়াচেই আমরা প্রথম ওভারে উইকেট হারিয়েছি ৷ আমার ব্যক্তিগতভাবে মনে হয় না তাতে খুব একটা সমস্য়া আছে তবে আমরা বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা করছি ৷"

মঙ্গলবার সন্ধেয় চার ঘণ্টার অনুশীলনের পর বুধবার ঐচ্ছিক অনুশীলেন গা ঘামালেন কেবল বরুণ চক্রবর্তী এবং তিলক বর্মা ৷ তিলক বর্মার স্ট্রাইক-রেট নিয়ে চর্চা চলছে ৷ একাদশে তাঁর স্থান পাওয়া নিয়ে খানিক প্রশ্নচিহ্ন দেখা দিলেও ব্য়াটিং কোচ তাতে বিশেষ আমল দিলেন না ৷ সঞ্জুকে দিয়ে ওপেন করানোর ভাবনা চলছে দলের অন্দরমহলে এবং সেটা হলে তিলক এবং সূর্যকে খেলতে হবে একটি ধাপ করে নীচে ৷ সেখানে থিতু হওয়ার জায়গা বিশেষ থাকবে না ৷

কোটাক বলেন, "দঃ আফ্রিকা ম্যাচটা একটা খারাপ দিন ছিল, কিন্তু সেটা অতীত ৷ তবে পাকিস্তানের বিরুদ্ধে কিন্তু পরিস্থিতি অনুযায়ী ব্য়াটিং করেছিল তিলক এবং সূর্য ৷" সবমিলিয়ে ব্য়াটারদের ছন্দ ফিরে পাওয়ার অপেক্ষায় দল ৷ পাশাপাশি রিঙ্কু সিং'য়ের পরিবর্তে একাদশে সহ-অধিনায়ক অক্ষর প্য়াটেলের ফেরার সম্ভাবনাও জোরালো জিম্বোবোয়ের বিরুদ্ধে ৷ উল্লেখ্য, বাবার অসুস্থতার কারণে মঙ্গলবার শিবির ছেড়েছিলেন রিঙ্কু ৷ স্কোয়াডে পুনরায় যোগ দিলেও তাঁর খেলার সম্ভাবনা প্রায় নেই লক্ষ্মীবারের ম্যাচে ৷ সাংবাদিক সম্মেলনে তেমন ইঙ্গিতও দিয়ে রেখেছেন ব্য়াটিং কোচ ৷

ব্যাটাররা ছন্দে থাকলে চেন্নাইয়ের ব্য়াটিং সহায়ক উইকেটে দু'শোর বেশি রান তোলা অসম্ভব নয় ভারতের জন্য ৷ আর রান-রেট পুনরুদ্ধার করতে প্রথমে ব্য়াটিং করে অন্ততপক্ষে দু'শো রানে চোখ থাকবে ভারতের ৷ যদিও জিম্বাবোয়ের যে তাতে ডরাচ্ছে না, সেটা স্পষ্ট করে দিয়েছেন বিপক্ষ অলরাউন্ডার রায়ান বার্ল ৷

তিনি বলেন, "এটা আমাদের কাছে যেমন মরণ-বাঁচন, ভারতীয় দলের কাছেও তাই ৷ ওরাও প্রথম ম্য়াচে বিশ্রীভাবে হেরেছে ৷ নিঃসন্দেহে হার থেকে আমরা শিক্ষা নিয়েছি ৷ আগামী ম্য়াচে সেই ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টায় রয়েছি ৷" এপ্রসঙ্গে জানিয়ে রাখা ভালো টি-20 বিশ্বকাপে এর আগে মাত্র একবারই মুখোমুখি হয়েছে ভারত এবং জিম্বাবোয়ে ৷ 2022 সালে মেলবোর্নে সেই ম্য়াচ 71 রানে জিতেছিল ভারত ৷

আরও পড়ুন: