ন্যূনতম মূল্য় মাত্র 100 টাকা, আজই শুরু টি-20 বিশ্বকাপের টিকিট বিক্রি; কীভাবে কাটবেন ?
20টি দেশকে নিয়ে টি-20 বিশ্বকাপের দশম সংস্করণ শুরু হচ্ছে আগামী 7 ফেব্রুয়ারি ৷ চলবে 8 মার্চ পর্যন্ত ৷

Published : December 11, 2025 at 7:10 PM IST
হায়দরাবাদ, 11 ডিসেম্বর: অপেক্ষার অবসান ৷ বৃহস্পতিবারই শুরু হচ্ছে আগামী বছর দেশের মাটিতে অনুষ্ঠিত হতে চলা টি-20 বিশ্বকাপের টিকিট বিক্রি ৷ ভারতের পাশাপাশি যে বিশ্বকাপের সহ-আয়োজক শ্রীলঙ্কা ৷ বৃহস্পতিবার এক গুরুত্বপূর্ণ ঘোষণায় অনলাইনে টিকিট বিক্রি শুরুর কথা ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ৷ অনুরাগীদের কথা মাথায় রেখে টিকিটের মূল্য সাধ্যের মধ্যেই রেখেছে বিশ্ব ক্রিকেটের গভর্নিং বডি ৷ 20টি দেশকে নিয়ে টি-20 বিশ্বকাপের দশম সংস্করণ শুরু হচ্ছে আগামী 7 ফেব্রুয়ারি ৷ চলবে 8 মার্চ পর্যন্ত ৷
আইসিসি জানিয়েছে, প্রথম পর্যায়ে 20 লক্ষ টিকিট ছাড়তে চলেছে তাঁরা ৷ যেখানে ভারতীয় মুদ্রায় সর্বনিম্ন টিকিটের মূল্য 100 টাকা ৷ শ্রীলঙ্কান মুদ্রায় টিকিটের সর্বনিম্ন মূল্য LKR 1000 ৷ যা ভারতীয় মুদ্রায় 292 টাকার মতো ৷ আগামী 7 ফেব্রুয়ারি টি-20 বিশ্বকাপের প্রথম দিন অনুষ্ঠিত হবে তিনটি ম্য়াচ ৷ কলম্বোয় উদ্বোধনী ম্যাচে পাকিস্তান মুখোমুখি হবে নেদারল্যান্ডসের ৷ একইদিনে কলকাতায় ওয়েস্ট ইন্ডিজ খেলবে বাংলাদেশের বিরুদ্ধে ৷ অন্যদিকে মুম্বইয়ে প্রথমদিন বিশ্বচ্যাম্পিয়ন ভারত মুখোমুখি মার্কিন যুক্তরাষ্ট্রের ৷
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজের দ্বিতীয় টি-20 ম্য়াচ শুরুর আগে এদিন মুল্লানপুরে আনুষ্ঠানিকভাবে টি-20 বিশ্বকাপের টিকিট বিক্রির সূচনা হয় ৷ আইসিসি সিইও সংযোগ গুপ্তা এ বিষয়ে বলেন, "প্রথম পর্যায়ের টিকিট বিক্রি গ্লোবাল আইসিসি ইভেন্ট সাধারণের জন্য উপলব্ধ করার জন্য আমাদের প্রয়াসের এক গুরুত্বপূর্ণ মাইলস্টোন ৷ 2026 টি-20 বিশ্বকাপ আয়োজনে আমাদের একটাই লক্ষ্য, সাধারণ অনুরাগীরা সকলে যাতে স্টেডিয়ামে ঢুকে এই মার্কি ক্রিকেট ইভেন্টের স্বাদ নিতে পারে ৷"
𝗬𝗢𝗨𝗥 𝗦𝗘𝗔𝗧 𝗜𝗦 𝗪𝗔𝗜𝗧𝗜𝗡𝗚 👀
— ICC (@ICC) December 11, 2025
Grab your tickets to the ICC Men's #T20WorldCup 2026 when sales open on 11 December at 6:45 PM IST and join fans from around the world in the stands 🏆 pic.twitter.com/2pbjpYxrIk
টিকিটের ন্যূনতম মূল্য 100 টাকা এবং LKR 1000 ধার্য করে আইসিসি তাঁদের পরিকল্পনায় সফল থাকার চেষ্টা করেছে বলেও জানিয়েছেন সংযোগ গুপ্তা ৷ ভারতের পাঁচ এবং শ্রীলঙ্কার তিন, মোট আটটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে 2026 টি-20 বিশ্বকাপ ৷ আটটি ভেন্যু হল আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম, চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়াম, নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম, মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম, কলকাতা ইডেন গার্ডেন্স, কলম্বোর প্রেমদাসা, সিংহলিজ স্পোর্টস ক্লাব এবং ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়াম ৷
- কোন ওয়েবসাইট থেকে টিকিট কিনবেন অনুরাগীরা: আগামী বছর টি-20 বিশ্বকাপের টিকিট অনুরাগীরা পাবেন https://tickets.cricketworldcup.com/ ওয়েবসাইট থেকে ৷
- কখন থেকে শুরু টিকিট বিক্রি: বৃহস্পতিবার সন্ধে 6টা 45 মিনিট থেকে শুরু হয়েছে বিশ্বকাপের প্রথম পর্যায়ের টিকিট বিক্রি ৷

