মধ্যপ্রাচ্যে সংঘাতের জের, দুবাইয়ে আটকে সিন্ধু সম্ভবত নেই অল-ইংল্যান্ড ওপেনে
পুরুষ সিঙ্গলসে ভারতের দুই তারকা লক্ষ্য সেন এবং আয়ুষ শেট্টি অবশ্য নির্বিঘ্নে পৌঁছেছেন বার্মিংহ্যামে ৷

Published : March 2, 2026 at 3:46 PM IST
বার্মিংহ্য়াম, 2 মার্চ: মধ্যপ্রাচ্যে 'যুদ্ধ' পরিস্থিতি ক্রমশ ঘোরালো হচ্ছে ৷ ইরানের উপর মার্কিন-ইজরায়েলের যৌথ হানা এবং পরবর্তীতে তেহরানের পাল্টায় মধ্যপ্রাচ্যের আকাশ ঢেকেছে কালো ধোঁয়ায় ৷ গত শনিবার থেকে শুরু হওয়া যুদ্ধ পরিস্থিতিতে ইতিমধ্যেই প্রাণ গিয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলি খামেনেই'য়ের ৷ যুদ্ধ পরিস্থিতিতে বন্ধ উপসাগরীয় দেশগুলির আকাশপথ ৷ এমন পরিস্থিতিতে মঙ্গলবার থেকে অল-ইংল্যান্ড ওপেনে দেশের তারকা শাটলার পিভি সিন্ধুর অংশগ্রহণের বিষয়টি চরম অনিশ্চিত ৷
মধ্যপ্রাচ্যে সংঘাতের আবহে উড়ান চলাচল বন্ধ থাকায় গত শনিবার থেকে দুবাইয়ে আটকে রয়েছেন সিন্ধু ৷ শাটলারের সঙ্গে রয়েছেন তাঁর ইন্দোনেশিয়ান কোচ ইরওয়ানশিয়া আদি প্রাতামা ৷ দুবাইয়ে থাকাকালীন অল্পের জন্য বিস্ফোরণের হাত থেকে তাঁরা রক্ষা পেয়েছেন বলেও খবর ৷ তাঁদের নিরাপদ জায়গায় স্থানান্তরিত করার জন্য এক্স হ্যান্ডলে দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ এবং ভারতীয় হাই কমিশনের কৃতজ্ঞতা জ্ঞাপনও করেছেন জোড়া অলিম্পিক্স পদকজয়ী ৷ তবে বার্মিংহ্য়ামে পৌঁছনোর বিষয়ে এখনও কোনও উপায় বের না-হওয়ায় মঙ্গলবার থেকে শুরু হতে চলা অল-ইংল্য়ান্ড ওপেনে সিন্ধু অংশগ্রহণ থেকে বিরত থাকছেন বলেই ধরে নেওয়া যায় ৷
মঙ্গলে টুর্নামেন্ট অভিযানের শুরুতে থাই প্রতিদ্বন্দ্বী সুপানিদা কাতেথং'য়ের মুখোমুখি হওয়ার কথা সিন্ধুর ৷ কিন্তু এখনও পর্যন্ত বিমান চলাচল বন্ধ থাকায় টুর্নামেন্ট থেকে ভারতীয় শাটলারের নাম প্রত্যাহার ছাড়া আর কোনও গতি নেই ৷ বিশ্ব ব্যাডমিন্টনের নিয়ামক সংস্থাও মধ্যপ্রাচ্যের পরিস্থিতির দিকে নজর রাখছে ৷ তারা বলেছে, "আমরা পরিস্থিতির পর্যালোচনা করছি এবং প্রতিযোগীরা সময়সূচির মধ্যে দেরিতে পৌঁছলেও সে বিষয়ে প্রস্তুত রয়েছি আমরা ৷"
The ordeal continues to unfold, and the situation is becoming more frightening by the hour.
— Pvsindhu (@Pvsindhu1) March 1, 2026
A few hours ago, there was an explosion close to where we were holed up at the airport. My coach had to quickly run out of the area as he was closest to the smoke and debris. It was an… https://t.co/ZdNtuALk0P
সিন্ধুর মতো একই পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন বার্মিংহ্য়ামে অংশগ্রহণ করতে চলা অন্য়ান্য প্রতিযোগীরাও ৷ তবে বিকল্প রুটের (সিঙ্গাপুর, আফ্রিকা) সন্ধান করে ভেন্যুতে পৌঁছে গিয়েছেন অনেকে ৷ পুরুষ সিঙ্গলসে ভারতের প্রথমসারির দুই তারকা লক্ষ্য সেন এবং আয়ুষ শেট্টি অবশ্য কোনও ঝুটঝামেলা ছাড়াই পৌঁছেছেন বার্মিংহ্যামে ৷
মহিলা সিঙ্গলসে সিন্ধু না-থাকলেও ভারতের নজর থাকবে মালবিকা বানসোদ ও উন্নতি হুডা'দের দিকে ৷ পুরুষ ডাবলসে ভারতের আশা সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি ৷

