ETV Bharat / sports

'সৌহার্দ্যপূর্ণ খুনসুটি', আর্চারের সঙ্গে বাদানুবাদকে আমল দিতে নারাজ স্মিথ

দ্বিতীয় টেস্টও আট উইকেটে জিতে অ্যাশেজে 2-0 এগিয়ে গিয়েছে অজিরা ৷

STEVE SMITH
আর্চারের সঙ্গে স্মিথের বাদানুবাদ (GETTY)
author img

By ETV Bharat Sports Team

Published : December 7, 2025 at 9:09 PM IST

3 Min Read
Choose ETV Bharat

ব্রিসবেন, 7 ডিসেম্বর: প্রথম ম্য়াচের মতোই দ্বিতীয় টেস্টেও একপেশে জয় ৷ দিনরাতের টেস্ট আট উইকেটে জিতে অ্যাশেজে 2-0 ব্যবধানে এগিয়ে গিয়েছে অস্ট্রেলিয়া ৷ প্য়াট কামিন্সের অনুপস্থিতিতে স্টপগ্য়াপ অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়াকে প্রথম দু'টি ম্য়াচ জিতিয়ে অ্যাশেজ জয়ের অনেকটা কাছে পৌঁছে দিলেন স্টিভ স্মিথ ৷ জয়ের জন্য এদিন মাত্র 65 রানের লক্ষ্যমাত্রা ছিল অস্ট্রেলিয়ার সামনে ৷ দু'টি উইকেট হারিয়ে সহজেই সেই লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় অস্ট্রেলিয়া ৷ নয় বলে অপরাজিত 23 রানের ঝোড়ো ক্য়ামিয়ো আসে অধিনায়ক স্মিথের ব্য়াটে ৷ তবে অস্ট্রেলিয়ার জয়ের পাশাপাশি চর্চায় স্মিথের সঙ্গে জোফ্রা আর্চারের উত্তপ্ত বাদানুবাদ ৷

ম্য়াচ শেষে অবশ্য ইংরেজ পেসারের সঙ্গে সেই বাদানুবাদকে খুব একটা এগোতে দিলেন না অজি অধিনায়ক ৷ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্মিথ জানালেন, ওটা 'সৌহার্দ্যপূর্ণ খুনসুটি' ছাড়া আর কিছুই নয় ৷ জয় হাত থেকে বেরিয়ে গিয়েছে জেনে স্মিথ ক্রিজে আসার পর থেকে তাঁকে গতিতে ঘায়েল করার পরিকল্পনা নিয়েছিলেন আর্চার ৷ অ্যাশেজে এই দু'য়ের দ্বৈরথ নতুন নয় ৷ এদিন গাব্বায় আর্চারের 150 কিলোমিটার বেগে ডেলিভারি 2019 অ্য়াশেজের স্মৃতি ফেরাচ্ছিল ৷ সেবার লর্ডস টেস্টে আর্চারের বল হেলমেটে এসে লাগার পর স্মিথ ছিটকে গিয়েছিলেন ৷ টেস্টের প্রথম কনকাশন পরিবর্ত হিসেবে এসেছিলেন মার্নাস লাবুশেন ৷

তবে এদিন অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আর্চারকে দক্ষ ব্য়াটেই সামলাচ্ছিলেন স্মিথ ৷ পুল করে একটি বাউন্ডারি মারেন তিনি ৷ কিন্তু ইংরেজ পেসারকে একটি আপারকাটের প্রচেষ্টা তাঁর ব্যর্থ হলেই অজি অধিনায়কের উদ্দেশে কিছু বলেন আর্চার ৷ পাল্টা পরবর্তী দু'টি বলের একটি বাউন্ডারি এবং একটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে পাল্টা আর্চারের উদ্দেশে বাক্যবাণ ছোড়েন স্মিথ ৷ তৈরি হয় উত্তেজক পরিস্থিতি ৷

তবে সাংবাদিক সম্মেলনে হাসির ছলে বিষয়টিকে উড়িয়ে স্মিথ বলেন, "ও (আর্চার) ভালো গতিতে আমায় বল করছিল ৷ আমি নিশ্চিত নই যে ও আমায় কী বলেছিল বা আমি ওকে পাল্টা কী বলেছি ৷ আর এটা আপনাদের জানার প্রয়োজনও নেই (হেসে) ৷ বরং বিষয়টাকে এখানেই শেষ করি ৷" স্মিথের সংযোজন, "এটা সুস্থ প্রতিযোগিতা, সৌহার্দ্যপূর্ণ খুনসুটি ৷ ও দুর্দান্ত এবং কঠিন একজন প্রতিদ্বন্দ্বী ৷ সুতরাং পুরো বিষয়টা খুবই মজার ছিল ৷"

মাইকেল নেসেরের পাঁচ উইকেট দ্বিতীয় ইনিংসে ইংল্য়ান্ডকে এদিন 241 রানে অলআউট করে দেয় অস্ট্রেলিয়া ৷ বেন স্টোকস করেন 50 রান ৷ 65 রানের টার্গেট তাড়া করতে নেমে দুই ওপেনার ট্রাভিস হেড ও জ্যাক ওয়েদারাল্ডের উইকেট হারালেও অজিদের জয় আটকায়নি ৷ ন'বলে 23 রানে অপরাজিত থাকেন স্মিথ ৷ তিন রানে অপরাজিত থেকে যান লাবুশেন ৷ 10 ওভারে 69 রান তুলে চারদিনেই দ্বিতীয় টেস্ট জিতে নেয় অজিরা ৷ 17 ডিসেম্বর থেকে অ্যাশেজের তৃতীয় টেস্ট অ্যাডিলেডে ৷

আরও পড়ুন: