অ্যাশেজে দ্বিতীয় সর্বাধিক সেঞ্চুরি স্মিথের, হবসকে পিছনে ফেললেন অজি ব্যাটিং-গ্রেট
হেড-স্মিথের জোড়া শতরানে তৃতীয়দিনের শেষে সিডনি টেস্টে জাঁকিয়ে বসেছে আয়োজকরা ৷

Published : January 6, 2026 at 1:57 PM IST
সিডনি, 6 জানুয়ারি: ওপেনার ট্রাভিস হেডের পর অধিনায়ক স্টিভ স্মিথ ৷ দুই অজি ব্য়াটারের সেঞ্চুরিতে তৃতীয়দিন ঝলমলে অ্যাশেজের পঞ্চম তথা সিডনি টেস্ট ৷ মঙ্গলবার প্রথম সেশনে শতরান করে রেকর্ডবুকে নাম তুলেছিলেন হেড ৷ আর তৃতীয় সেশনে তিন অঙ্কের রানে পৌঁছে প্রাক্তন ইংরেজ কিংবদন্তি জ্যাক হবসকে পিছনে ফেললেন অস্ট্রেলিয়ার স্টপগ্যাপ দলনায়ক ৷ ব্য়াটারদের দাপটে পঞ্চম টেস্টে চালকের আসনে অজিরাও ৷
সিডনিতে এদিন কেরিয়ারের ত্রয়োদশ অ্য়াশেজ সেঞ্চুরি করলেন স্মিথ ৷ যা দ্বিতীয় সর্বাধিক ৷ উল্লেখযোগ্যভাবে প্রাক্তন ইংরেজ কিংবদন্তি হবসের সমসংখ্যক ম্য়াচ খেলে মঙ্গলবার তাঁকে পিছনে ফেললেন অজি তারকা ৷ কেবল সেঞ্চুরির নিরিখে নয়, অ্য়াশেজে সংগৃহিত রানেও এদিন এগিয়ে গেলেন স্মিথ ৷ 41টি অ্য়াশেজ টেস্টে অংশ নিয়ে 71 ইনিংসে হবস করেছেন 3,636 রান ৷ ঝুলিতে 12টি শতরান নিয়ে এতদিন দ্বিতীয়স্থানে ছিলেন তিনি ৷ আর এদিন অ্য়াশেজের 13 নম্বর সেঞ্চুরির সঙ্গে হবসকে দু'টি ক্ষেত্রেই পিছনে ফেললেন স্মিথ ৷
More #Ashes history for Steve Smith, who brings up another stunning SCG hundred 👏#MilestoneMoment | @nrmainsurance pic.twitter.com/w76y8wGbWy
— cricket.com.au (@cricketcomau) January 6, 2026
তৃতীয়দিনের শেষে সেঞ্চুরি হাঁকিয়ে অপরাজিত অজি ব্য়াটারের ঝুলিতে আপাতত 3,682 অ্যাশেজ রান ৷ স্মিথের সামনে এখন শুধুই ডন ব্র্য়াডম্যান ৷ 19টি সেঞ্চুরি-সহ যাঁর ঝুলিতে রয়েছে 5,028 অ্য়াশেজ রান ৷ দিনের তৃতীয় সেশনে এদিন 166 বলে কেরিয়ারের 37তম টেস্ট সেঞ্চুরিটি আসের স্মিথের ব্য়াটে ৷ এই ম্য়াচে নামার আগে ক্রিকেটের কুলীন ফরম্য়াটে সর্বাধিক সেঞ্চুরির রেকর্ডে রাহুল দ্রাবিড়ের সমকক্ষে ছিলেন অজি অধিনায়ক ৷ অর্থাৎ, সিডনিতে 'দ্য ওয়াল'কে পিছনে ফেলে এককভাবে পঞ্চম সর্বাধিক সেঞ্চুরিয়ন হয়ে গেলেন আধুনিক টেস্ট ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার ৷
Steve Smith moved past Jack Hobbs, trailing only the Don for #Ashes runs.
— cricket.com.au (@cricketcomau) January 6, 2026
Check out his highlights from another stunning century: https://t.co/GJMPiR9Rnn pic.twitter.com/pYbzjEy3pk
205 বলে দিনের শেষে 129 রানে অপরাজিত স্মিথ ৷ মেরেছেন 15টি চার ও একটি ছক্কা ৷ তাঁর সঙ্গে ক্রিজে থাকা অপর ব্য়াটার বিউ ওয়েবস্টার অপরাজিত 42 রানে ৷ এর আগে চলতি অ্য়াশেজে তৃতীয় সেঞ্চুরি হাঁকিয়ে 163 রানে আউট হন গতকালের অপরাজিত ব্য়াটার ট্রাভিস হেড ৷ ব্য়াটারদের দাপটে এদিন তৃতীয় সেশনের শুরুতে প্রথম ইনিংসে লিড নেয় 'ব্য়াগি গ্রিন' ৷
সফরকারী দলের 384 রানের জবাবে হেড-স্মিথের জোড়া শতরানে দিনের শেষে সাত উইকেট হারিয়ে 518 রান তুলেছে আয়োজকরা ৷ সবমিলিয়ে 134 রানে এগিয়ে থেকে অ্যাশেজের অন্তিম টেস্টের নিয়ন্ত্রণ এখন অজিদের হাতেই ৷
- টেস্ট ক্রিকেটের প্রথম পাঁচ সর্বাধিক শতরানকারী:
- সচিন তেন্ডুলকর- 51
- জ্যাক কালিস- 45
- জো রুট- 41*
- রিকি পন্টিং- 41
- কুমার সাঙ্গাকারা- 38
- স্টিভ স্মিথ- 37*

