বিদায়ের আশঙ্কা নিয়ে ঘরের মাঠে আজ কিউয়িদের সামনে শ্রীলঙ্কা
সুপার-এইটের প্রথম ম্য়াচে ইংল্যান্ডের কাছে হেরেছে শ্রীলঙ্কা ৷ ফলে আজ হারলেই বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত সহ-আয়োজকদের ৷

Published : February 25, 2026 at 2:33 PM IST
কলম্বো, 25 ফেব্রুয়ারি: গ্রুপ-বি থেকে ইতিমধ্যেই শেষ চার নিশ্চিত করে ফেলেছে ইংল্য়ান্ড ৷ অধিনায়ক হ্য়ারি ব্রুক সেঞ্চুরি করে মঙ্গলবার কার্যত একার কাঁধেই দলকে নিয়ে গিয়েছেন শেষ চারে ৷ অর্থাৎ, গতকালের পর গ্রুপ-বি থেকে বাকি একটি জায়গার জন্য লড়াই তিনটি দলের মধ্যে ৷ ইংল্যান্ডের কাছে হেরেও সেমিফাইনালে যাওয়ার ক্ষীণ আশা বেঁচে রয়েছে পাকিস্তানের ৷ এমতাবস্থায় বুধবার নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা ম্যাচ মহাগুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে ৷ যে ম্যাচ হারলে বিদায় নিশ্চিত সহ-আয়োজকদের ৷
সুপার-এইটের প্রথম ম্য়াচে ইংল্য়ান্ডের কাছে 51 রানে হেরে খাদের কিনারায় শ্রীলঙ্কা ৷ সুতরাং, কিউয়িদের বিরুদ্ধে বুধবার জয় ছাড়া কোনও গতি নেই দ্বীপরাষ্ট্রের ৷ অন্যদিকে নিউজিল্যান্ড যে ম্য়াচ জিতলে সেমিফাইনালে চলে যাবে এমনটা নয় ৷ তবে প্রথম ম্য়াচ বৃষ্টির কারণে ভেস্তে যাওয়ায় সুপার-এইটের দ্বিতীয় ম্য়াচে শ্রীলঙ্কাকে হারিয়ে সেমির দৌড়ে এগিয়ে থাকতে চাইবে মিচেল স্য়ান্টনার অ্যান্ড কোম্পানি ৷
- বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর প্রথম সেমির অপেক্ষায় শ্রীলঙ্কা: 12 বছর আগে অর্থাৎ, 2014 সংস্করণে সংক্ষিপ্ত ফরম্য়াটে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কা ৷ এরপর থেকে গত চারটি বিশ্বকাপে শেষ চারের মুখ দেখেনি দ্বীপরাষ্ট্র ৷ তবে চলতি বিশ্বকাপের শুরুটা ভালোই হয়েছিল তাদের ৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়-সহ প্রথম তিন ম্য়াচ জিতে শুরু করেছিল শ্রীলঙ্কা ৷ কিন্তু গ্রুপ পর্বের শেষ ম্য়াচে জিম্বাবোয়ের কাছে খানিকটা অপ্রত্যাশিতভাবেই হেরে যায় তারা ৷
এরপর সুপার-এইটের শুরুতে ইংল্য়ান্ডের বিরুদ্ধে হেরে আত্মবিশ্বাসে চিড় ধরেছে দাসুন শানাক অ্যান্ড কোম্পানির ৷ 147 রান তাড়া করতে নেমে সেই ম্য়াচে মাত্র 95 রানে শেষ হয়েছে সহ-আয়োজকদের ইনিংস ৷ সেখান থেকে ঘুরে দাঁড়ানো শ্রীলঙ্কার কাছে নিঃসন্দেহে চ্যালেঞ্জিং ৷ স্পিনার দুনিথ ওয়েলালাগে যেমন প্রাক-ম্য়াচ সাংবাদিক সম্মেলনে বললেন, "দল হিসেবে সকলেই 100 শতাংশ উজাড় করে দিতে মুখিয়ে ৷ আশা করি আগামিকাল নিজেদের মেলে ধরে দেশকে গর্বিত করব আমরা ৷"
A crucial battle in Colombo awaits as both sides look to boost their chances of a semi-final appearance 👀
— ICC (@ICC) February 25, 2026
How to watch 👉 https://t.co/NPykWM7qqY pic.twitter.com/T4xXtDEhP7
- চ্যালেঞ্জের সামনে কিউয়িরা: লড়াই নিউজিল্যান্ডের জন্যও যে খুব একটা সহজ হবে, এমনটা নয় ৷ বরং ভারতে ব্য়াটিং সহায়ক উইকেটে খেলার পর চলতি টুর্নামেন্টে প্রথমবার প্রেমদাসার মন্থর পিচে খেলতে হবে তাদের ৷ এই মাঠেই পাকিস্তানের বিরুদ্ধে সুপার-এইটের প্রথম ম্যাচ ভেস্তে যাওয়ায় সমস্য়া বেড়েছে ৷ বিষয়টি নিয়ে অধিনায়ক মিচেল স্যান্টনার বলেন, "15 জনের স্কোয়াড এটা জেনেই তৈরি করা হয় যে, ক্রিকেটাররা যে কোনও দেশে যে কোনও পরিস্থিতিতে খেলার জন্য তৈরি ৷ শক্তিশালী স্পিন আক্রমণ-সহ মৌলিক বিষয়গুলি দলগঠনের সময় মাথায় রাখা গুরুত্বপূর্ণ ৷ মনে হয় আমাদের দলে সেগুলো আছে ৷ তবে মাঠে নেমে পরিস্থিতির সঙ্গে কতোটা দ্রুত তুমি একাত্ম হতে পারছ সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ৷"
- মুখোমুখি সাক্ষাত: বিশ্বকাপে মুখোমুখি সাক্ষাতের পরিসংখ্যান অবশ্য খানিকটা পাল্লা ভারী শ্রীলঙ্কার ৷ দু'দল ছ'বার এখনও পর্যন্ত একে অপরের মুখোমুখি হয়েছে টি-20 বিশ্বকাপে ৷ যেখানে শ্রীলঙ্কা জিতেছে চার ম্য়াচ ৷ নিউজিল্যান্ড জিতেছে দু'টি ৷

