ETV Bharat / sports

দর পেল না কনোলির সেঞ্চুরি, পঞ্জাবকে হারিয়ে শীর্ষে হায়দরাবাদ

প্রথম পর্বে হারের বদলা নিয়ে পঞ্জাবকে লিগের মগডাল থেকে টেনে নামাল সানরাইজার্স ৷ 11 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে এখন শীর্ষে প্যাট কামিন্সের দল ৷

SRH BEAT PBKS
আর্যকে ফিরিয়ে কামিন্সদের উচ্ছ্বাস (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : May 7, 2026 at 12:58 AM IST

3 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ, 7 মে: অপরাজিত সেঞ্চুরি করে একা লড়লেন কুপার কনোলি ৷ কিন্তু দলের সামগ্রিক ব্যাটিং ব্যর্থতায় কাজে এল না অজি ব্যাটারের তিন অঙ্কের রান ৷ ফলত প্রথম সাত ম্যাচ অপরাজিত থাকা পঞ্জাব কিংস হারের হ্যাটট্রিক করল আইপিএলে ৷ উল্টোদিকে ঘরের মাঠে পঞ্জাবকে 33 রানে হারানোর সঙ্গে সঙ্গে শ্রেয়সদের সরিয়ে লিগ শীর্ষে অরেঞ্জ ব্রিগেড ৷ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে হারের ধাক্কা কাটিয়ে জয়ের সরণিতে ফিরল প্যাট কামিন্স অ্যান্ড কোম্পানি ৷

চলতি মরশুমে একাধিক ম্যাচে দু'শোর বেশি রান তাড়া করে জেতা পঞ্জাব কিংস এদিন 236 রান তাড়া করতে গিয়ে থামল 202 রানে ৷ উল্লেখ্য নিজেদের মাঠে চলতি আইপিএলের প্রথম পর্বে সানরাইজার্সের বিরুদ্ধে 220 রান তাড়া করে জিতেছিল কিংস ৷

এদিন টস হেরে রাজীব গান্ধি স্টেডিয়ামে প্রথম ব্যাট করে একটি নজির স্পর্শ করে সানরাইজার্স ৷ আইপিএলে একটি দলের বিরুদ্ধে সর্বাধিক 200+ রান করার নজিরে এদিন মুম্বই ইন্ডিয়ান্সকে স্পর্শ করে তারা ৷ এর আগে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে সর্বাধিক আটবার দু'শোরও বেশি রান তোলার নজির ছিল 'পল্টন'দের ৷ এদিন পঞ্জাব কিংসের বিরুদ্ধে তা স্পর্শ করল 'অরেঞ্জ আর্মি' ৷

সৌজন্যে ঈশান কিষাণ ও হেনরিক ক্লাসেনের হাফসেঞ্চুরি ৷ তার আগে অবশ্য 3.2 ওভারে ওপেনিং জুটিতে 54 তুলে শুরুটা ভালোই করেছিলেন 'ট্রাভিষেক' ৷ 13 বলে 35 করে ফেরেন অভিষেক ৷ হেড করেন 19 বলে 38 ৷ তৃতীয় উইকেটে ঈশান-ক্লাসেন জুটিতে যোগ হয় 88 রান ৷ দু'টি চার ও তিনটি ছ'য়ে 32 বলে 55 রান করেন ঈশান ৷ প্রোটিয়া পাওয়ার-হিটার চলতি আইপিএলে তাঁর দুরন্ত ফর্ম ধরে রেখে করেন 43 বলে 69 রান ৷ তাঁর ইনিংসে ছিল তিনটি চার ও চারটি ছয় ৷ সানরাইজার্স ব্যাটারদের সামনে অসহায় মার্কো জানসেন চার ওভারে খরচ করেন 61 রান ৷ একটি উইকেট পেলেও চার ওভারে 54 রান দেন বিজয়কুমার বিশাখ ৷ 20 ওভারে চার উইকেট হারিয়ে 235 রান তোলে হোম টিম ৷

জবাবে প্যাট কামিন্স, নীতীশ রেড্ডিদের দাপটে ব্যাটিং বিপর্যয়ের মুখোমুখি হয় পঞ্জাব কিংস ৷ বড় রান তাড়া করতে নেমে 63 রানে চার উইকেট হারিয়ে ফেলে তারা ৷ এরপর মার্কাস স্টোইনিস (28), সূর্যাংশ শেড়গে (25) খানিক চেষ্টা করেন ৷ প্রথম টি-20 সেঞ্চুরি হাঁকিয়ে শেষ পর্যন্ত চেষ্টা করেন কুপার কনোলি ৷ কিন্তু তা জয় এনে দিতে পারেনি পঞ্জাবকে ৷ 57 বলে শতরান করে 107 রানে অপরাজিত থাকেন অজি ক্রিকেটার ৷ কনোলির 59 বলের ইনিংসে ছিল সাতটি চার ও আটটি ছক্কা ৷ শেষ পর্যন্ত 20 ওভারে সাত উইকেটে 202 রানে থামে গতবারের রানার্সরা ৷

34 রানে দুই উইকেট সঙ্গে জোড়া ক্যাচ নিয়ে ম্যাচের সেরা হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স ৷ এছাড়াও দু'টি উইকেট নেন শিবাঙ্গ কুমার ৷ জয়ের ফলে 11 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে লিগের মগডালে সানরাইজার্স ৷ 10 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে দু'য়ে নামল কিংস ৷

আরও পড়ুন: