সুপার কাপ ফাইনালে আজ 'এল ক্লাসিকো', কোথায় দেখবেন রিয়াল-বার্সা দ্বৈরথ ?
গত মরশুমে রিয়ালকে হারিয়ে 15বারের জন্য খেতাব ঘরে তুলেছিল বার্সোলোনা ৷

Published : January 11, 2026 at 3:30 PM IST
হায়দরাবাদ, 11 জানুয়ারি: গত মরশুমের পুনরাবৃত্তি ঘটিয়ে সুপার কাপ ফাইনালে মুখোমুখি রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা ৷ তবে গতবারের ফলাফল পুনরাবৃত্তি হলে তা মোটেই সুখের হবে না রিয়াল মাদ্রিদ কোচ জাবি আলোন্সোর জন্য ৷ কারণ, গতবার 5-2 গোলে 'এল ক্লাসিকো' জিতে 15 বারের জন্য খেতাব জিতে নিয়েছিল কাতালান ক্লাব ৷ এমনিতেই রিয়াল কোচ আলোন্সোর উপর খড়্গহস্ত ক্লাব ৷ এমতাবস্থায় গতবারের পুনরাবৃত্তি হলে কোচ হিসেবে প্রাক্তন ফুটবলারের বিদায় হয়তো নিশ্চিত হয়ে যাবে স্য়ান্তিয়াগো বার্নাব্যুয়ে ৷
চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে লা লিগায় শীর্ষস্থান হাতছাড়া করেছে 'লস ব্ল্যাঙ্কস' ৷ এক মাস আগে চ্যাম্পিয়ন্স লিগে ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে হারের পর চাকরি প্রায় যেতে বসেছিল আলোন্সোর ৷ পরবর্তীতে বিভিন্ন প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্য়াচ জিতে পিঠ বাঁচিয়েছেন রিয়াল ম্য়ানেজার ৷ তবে রবিবারের ফলাফলের উপর নির্ভর করছে অনেককিছু ৷ সবচেয়ে বড় কথা, রবিবার বার্সাকে হারিয়ে সুপার কাপ জিতলে তা হবে রিয়াল কোচ হিসেবে আলোন্সোর প্রথম খেতাব ৷
অন্যদিকে সুপার কাপ ধরে রাখতে মরিয়া বার্সেলোনা ৷ গত মরশুমে খেতাব জয়ী হান্সি ফ্লিকের দল চলতি লা লিগাতেও পরিষ্কার চার পয়েন্টের ব্যবধান গড়ে বর্তমানে শীর্ষে অবস্থান করছে ৷ সবমিলিয়ে 2024-25 মরশুমে খেতাব জয়ের হ্য়াটট্রিকের (লা লিগা, কোপা দেল রে, সুপার কাপ) পর চলতি মরশুমে প্রথম খেতাবের প্রতীক্ষায় বার্সা ৷
On a mission. pic.twitter.com/U3XBkb8onr
— FC Barcelona (@FCBarcelona) January 11, 2026
- সেমিফাইনালে দু'দলের ফলাফল: প্রথম সেমিফাইনালে অ্যাথলেটিক ক্লাবকে 5-0 গোলে হারিয়ে ফাইনালে জায়গা পাকা করেছিল বার্সেলোনা ৷ দ্বিতীয় সেমিফাইনালে মাদ্রিদ ডার্বিতে অ্য়াতলেতিকো মাদ্রিদকে 2-1 গোলে হারিয়ে ফাইনালে পৌঁছেছে রিয়াল ৷
- এমবাপেকে নিয়ে সংশয়: দলের প্রধান স্ট্রাইকার কিলিয়ান এমবাপেকে ছাড়া সেমিফাইনালে জিতেছে রিয়াল ৷ তবে ফাইনালে ফরাসি তারকার ফেরার সম্ভাবনা উজ্জ্বল ৷ সেক্ষেত্রে রিয়ালের শক্তি বাড়বে বৈকি ৷ তবে আলেকজান্ডার আর্নল্ড, এদের মিলিতাও, ব্রাহিম দিয়াজের মতো তারকাদের পাচ্ছে না 'লস ব্ল্যাঙকস' শিবির ৷ আবার রদ্রিগো, আন্তোনিয়ো রুডিগার ফিটনেস পাস করে বেঞ্চে থাকলেও থাকতে পারেন ৷
⚽ @KMbappe ⚽ pic.twitter.com/a5RZqOoo8X
— Real Madrid C.F. (@realmadrid) January 10, 2026
অন্যদিকে বার্সার প্রথম একাদশে ল্যামিন ইয়ামালের প্রত্যাবর্তনের সম্ভাবনা উজ্জ্বল হলেও টার স্টিগেন, আন্দ্রিয়াস ক্রিস্টেনসেন, গাভিদের ছাড়াই নামতে হবে বার্সাকে ৷
- দু'দলের মুখোমুখি সাক্ষাতের পরিসংখ্যান: এখনও পর্যন্ত 262 বার একে অপরের মুখোমুখি হয়েছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ ৷ যেখানে সামান্য পাল্লা ভারী রিয়ালের দিকে ৷ 107 বার জয়ী হয়েছে তাঁরা ৷ অন্যদিকে সবধরনের প্রতিযোগিতায় বার্সা জিতেছে 104 বার ৷ 51টি ম্যাচ ড্র হয়েছে ৷
👊 ¡A POR LA SUPERCOPA! @HP pic.twitter.com/yZOa3ahNDL
— Real Madrid C.F. (@realmadrid) January 11, 2026
- কোথায়, কখন অনুষ্ঠিত হবে ম্যাচ: বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ সুপার কাপ ফাইনাল অনুষ্ঠিত হবে সৌদি আরবের জেড্ডাহর কিং আবদুল্লা স্পোর্টস সিটি স্টেডিয়ামে ৷ যা অনুষ্ঠিত হবে 12 জানুয়ারি ভারতীয় সময় রাত 12টা 30 মিনিটে ৷
- কোথায় ম্য়াচ দেখবেন এদেশের অনুরাগীরা: টেলিভিশনে সুপার কাপের হাইভোল্টেজ সেমিফাইনাল সম্প্রচার হবে না ভারতে ৷ তবে ম্য়াচের লাইভ-স্ট্রিমিং অনুরাগীরা উপভোগ করতে পারবেন ফ্যান কোড অ্যাপ এবং ওয়েবসাইটে ৷

