ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি গুয়ারেক্সেনা ! সানান'কে পেতেও অলআউট ঝাঁপাল লাল-হলুদ
এক বছরের চুক্তিতে এফসি গোয়া'র প্রাক্তনীকে দলে নিতে চলেছে আইএসএল ও ডুরান্ড চ্যাম্পিয়নরা ৷

Published : August 28, 2026 at 5:06 PM IST
কলকাতা, 28 অগস্ট: চলতি মরশুমের জন্য বিদেশি কোটা সম্পূর্ণ করে ফেলল ইস্টবেঙ্গল ৷ সব ঠিক থাকলে ষষ্ঠ বিদেশি হিসেবে 2026-27 মরশুমে লাল-হলুদ জার্সি গায়ে চাপাতে চলেছেন ইকের গুয়ারেক্সেনা ৷ ভারতীয় ফুটবল সার্কিটে যথেষ্ট অভিজ্ঞ এই স্প্যানিশ ফরোয়ার্ডের সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত সদ্য ডুরান্ড চ্যাম্পিয়নদের ৷ ঘোষণা সময়ের অপেক্ষা ৷
ক্লাবের তরফে আনুষ্ঠানিক ঘোষণা না-হলেও বিভিন্ন সূত্রে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী এক বছরের জন্য বছর চৌত্রিশের এই স্প্যানিশ ফুটবলার'কে দলে নিচ্ছে ভারতসেরারা ৷ আর গুয়ারেক্সেনা নিশ্চিত হয়ে যাওয়ার অর্থ এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-টু'য়ের প্রস্তুতি শুরুর আগে কোচ আন্তোনিও লোপেজ হাবাস তাঁর ছয় বিদেশিকেই পেয়ে যাচ্ছেন ৷
ভারতীয় ফুটবল, বিশেষ করে আইএসএলে গুয়ারেক্সেনা নতুন নাম নয় ৷ 2022-23 মরশুমে এফসি গোয়ায় যোগদান করে দুর্ধর্ষ পারফরম্যান্সে নজর কেড়েছিলেন তিনি ৷ এদেশে প্রথম মরশুমে গৌর'দের হয়ে আইএসএল ও কলিঙ্গ সুপার কাপ মিলিয়ে 13 গোল করেছিলেন তিনি ৷ পরবর্তীতে 2023-24 মরশুমের দ্বিতীয়ার্ধে মুম্বই সিটি এফসি'তে সংক্ষিপ্ত অভিজ্ঞতা সঞ্চয় করেছিলেন ৷ সেবার আইল্য়ান্ডার'দের আইএসএল কাপ জয়ী দলের সদস্য হলেও শেষভাগে এসিএল ইনজুরি প্রতিযোগিতা থেকে ছিটকে দিয়েছিল স্প্যানিয়ার্ড'কে ৷
এরপর 2024-25 মরশুমে গোয়ায় প্রত্যাবর্তন হয় তাঁর ৷ সেবার 21টি আইএসএল ম্য়াচে সাত গোল ও তিনটি অ্য়াসিস্ট ছিল তাঁর নামের পাশে ৷ একইসঙ্গে এফসি গোয়ার সুপার কাপ জয়ী দলের সদস্যও হয়েছিলেন তিনি ৷ এরপর ভারতের মায়া কাটিয়ে গত মরশুমে মালয়েশিয়ার লিগে যোগ দিয়েছিলেন গুয়ারেক্সেনা ৷ সেখানে পার্সিজাপ জেপারা'র হয়ে সুপার লিগের 15টি ম্যাচে চারটি গোলের পাশাপাশি তিনটি অ্যাসিস্ট করেন তিনি ৷ জুলাইয়ে মালয়েশিয়ার ক্লাবটির সঙ্গে চুক্তি শেষ হয় গুয়ারেক্সেনা'র ৷
সবমিলিয়ে ইস্টবেঙ্গলের হাত ধরে মালয়েশিয়া থেকে ফের ভারতে ফিরছেন এই ফরোয়ার্ড ৷ এফিয়ং ইনসুংগুসি'র পিছনে এদেশে খেলে যাওয়া কোনও বিদেশি'র দিকেই ঝুঁকেছিল লাল-হলুদ ম্য়ানেজমেন্ট ৷ প্রাথমিকভাবে কেরালা ব্লাস্টার্সের প্রাক্তনী আরেক স্প্যানিয়ার্ড জেসুস জিমেনেজের নাম ভেসে উঠলেও সেই কথাবার্তা বেশিদূর এগোয়নি ৷ এখন দেখার ষষ্ঠ বিদেশি হিসেবে গুয়ারেক্সেনা'র নাম কবে ঘোষণা করে লাল-হলুদ ৷ ডিফেন্ডার নাচো মনসালভে চোটের কবলে থাকলেও মহাদেশীয় প্রতিযোগিতার কথা ভেবে তাঁকে এখনই ছাড়ছে না গতবারের আইএসএল চ্য়াম্পিয়নরা ৷
এদিকে মহম্মদ সানানের জন্যও অলআউট ঝাঁপিয়েছে ইস্টবেঙ্গল ৷ জামশেদপুরের প্রাক্তন উইঙ্গার'কে পেতে ঝাঁপিয়েছে আইএসএলের একাধিক দল ৷ তবে এই মুহুর্তে লাল-হলুদই সবচেয়ে এগিয়ে বলে মনে করা হচ্ছে ৷ কারণ কলকাতা জায়ান্ট'দের প্রাথমিক প্রস্তাবে রাজি না-হওয়ায় সানান'কে পরিবর্তিত আরেকটি লোভনীয় প্রস্তাব দিয়েছে ইস্টবেঙ্গল ম্য়ানেজমেন্ট ৷ তবে সংশ্লিষ্ট ফুটবলার এখনও কোনও সিদ্ধান্ত নেননি বলেই খবর ৷

