দ্বিতীয় সেশনে গেল পাঁচ উইকেট, কুলদীপ-সিরাজদের দাপটে ইডেনে ধুঁকছে প্রোটিয়ারা
টপ-অর্ডারের ব্য়াটিং-ব্যর্থতায় প্রথম ইনিংসে স্বল্প রানে গুটিয়ে যাওয়ার পথে বিশ্বসেরারা ৷

Published : November 14, 2025 at 10:03 AM IST
|Updated : November 14, 2025 at 2:15 PM IST
কলকাতা, 14 নভেম্বর: যেমনটা আঁচ করা হয়েছিল, প্রথমদিন জোড়া সেশনের নিরিখে ইডেনের বাইশ গজ তেমনটাই আচরণ করল ৷ স্পিনারদের সঙ্গে ইডেনের বাইশ গজে দাপট দেখালেন পেসাররাও ৷ যার যোগফলে প্রথম টেস্টের প্রথম ইনিংসে দু'শোর আগেই গুটিয়ে যাওয়ার পথে বিশ্ব চ্যাম্পিয়নরা ৷ প্রথম সেশনে তিন উইকেটর পর দ্বিতীয় সেশনে পাঁচ উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা ৷ স্কোরবোর্ডে যোগ হল মাত্র 49 রান ৷ মহম্মদ সিরাজ, কুলদীপ যাদবদের দাপটে চা-বিরতিতে প্রোটিয়াদের রান আট উইকেট হারিয়ে 154 ৷
টস জিতে ব্য়াটিং নিয়ে ইডেনে অবশ্য এদিন শুরুটা মন্দ হয়নি দক্ষিণ আফ্রিকার ৷ ওপেনিং জুটিতে এইডেন মার্করাম ও রায়ান রিকেলটন হাফসেঞ্চুরি করে ইনিংসের ভিত গড়েন ৷ 9.2 ওভারে স্কোরবোর্ডে 50 রান তুলে ফেলেন প্রোটিয়া ওপেনারদ্বয় ৷ কিন্তু তারপরই জসপ্রীত বুমরার জোড়া ধাক্কায় ব্যাটফুটে চলে যায় প্রোটিয়াব্রিগেড ৷ মার্করাম 31 ও রিকেলটন 23 রানে ফেরেন ৷ এরপর নিজের দ্বিতীয় ওভারে প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমাকে প্যাভিলিয়নের রাস্তা দেখান কুলদীপ যাদব ৷ মাত্র 3 রানে আউট হন বাভুমা ৷ মধ্যাহ্নভোজের আগে তিন উইকেট হারিয়ে 105 রান তোলে দক্ষিণ আফ্রিকা ৷
Make that ✌️for @Jaspritbumrah93 😎
— BCCI (@BCCI) November 14, 2025
Another superb delivery as @RishabhPant17 completes the catch 👏
Updates ▶️ https://t.co/okTBo3qxVH#INDvSA | @IDFCFIRSTBank pic.twitter.com/qGq1vehrsx
প্রথম সেশনে বুমরার জোড়া ফলার পর দ্বিতীয় সেশনে আর ঘুরে দাঁড়াতে পারেনি বিশ্বসেরারা ৷ দ্বিতীয় সেশনের শুরুতেই দু'রান যোগ করে ব্যক্তিগত 24 রানে কুলদীপের দ্বিতীয় শিকার হন উইয়ান মুল্ডার ৷ একই রানে টনি জর্জিকে এলবিডব্লিউ করেন বুমরা ৷ পঞ্চম উইকেটে ট্রিস্টান স্টাবস ও কাইল ভেরেইন খানিকটা প্রতিরোধ গড়লেও তা দীর্ঘস্থায়ী হয়নি ৷ ইডেনে এরপর শুরু হয় সিরাজ-শো ৷ একই ওভারে ভেরেইন এবং মার্কো জানসেনকে ফিরিয়ে সফরকারী দলের কোমর ভেঙে দেন সিরাজ ৷ ভেরেইন ফেরেন 16 রানে ৷ জানসেন করেন শূন্য ৷
☝️ brings ✌️
— BCCI (@BCCI) November 14, 2025
Mohd. Siraj strikes with a double-wicket over 👏#TeamIndia have South Africa 7⃣ down now.
Updates ▶️ https://t.co/okTBo3qxVH#INDvSA | @IDFCFIRSTBank | @mdsirajofficial pic.twitter.com/Ek9ahVLXaw
এরপর অক্ষর প্য়াটেল তিন রানে করবিন বশকে ফেরানোর সঙ্গেই চা-বিরতিতে যায় দু'দল ৷ 64 বল খেলে ক্রিজে 15 রানে অপরাজিত স্টাবস ৷ ভারতে আসার আগে পাকিস্তানের মাটিতে হোঁচট খেতে হয়েছে টেস্ট ক্রিকেটের বিশ্বসেরাদের ৷ ইডেনেও কি হোঁচট খেতে চলেছে বিশ্বসেরারা ? প্রথম দু'টি সেশনের পর ইঙ্গিত তেমনই ৷ প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার চ্যালেঞ্জ সামলাতে এদিন চার স্পিনার নিয়ে নামে গিল অ্যান্ড কোং ৷ চার মাস পর দলে ফিরলেন ঋষভ পন্ত ৷
ক্রিকেটের নন্দনকাননে এদিন আবারও টস হারেন শুভমন গিল ৷ টস জিতে ইডেনের বাইশ গজে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক তেম্বা বাভুমা ৷ যা ব্যুমেরাং হওয়ার পথে ৷ ইডেনে প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে নাকি স্পিনিং-ট্র্যাকই চেয়েছিলেন টিম ইন্ডিয়া কোচ গৌতম গম্ভীর ৷ প্রথমদিন থেকেই বল ঘুরবে, এমন পিচ চেয়েও না-পাওয়ায় নাকি হতাশ গম্ভীর ৷ তবু প্রোটিয়া 'বধে'র লক্ষ্যে এদিন চার স্পিনার (রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর ও কুলদীপ যাদব) নিয়ে নামে ভারত ৷ দলে জায়গা হয়নি সাই সুদর্শনের। বৃহস্পতিবার ইডেনে ভারত অধিনায়ক প্রাক ম্যাচ সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন ম্যাচের দিন সকালে একাদশ বেছে নেওয়া হবে ৷ সেইমতো এদিন সকালে দলঘোষণা করে ভারত ৷
চার মাসেরও বেশি সময় পর ভারতীয় দলে ফিরলেন পন্ত ৷ গত জুলাইয়ে ইংল্যান্ড সফরে পায়ের পাতায় চোট পেয়েছিলেন টিম ইন্ডিয়ার এই স্টাম্পার-ব্যাটার ৷ পন্ত দলে ফেরায় আগেই দল থেকে ছেড়ে দেওয়া হয় অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডিকে। পন্তের প্রত্যাবর্তনে ধ্রুব জুরেলকে বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে খেলাচ্ছে ভারত ৷
ভারতীয় একাদশ: যশস্বী জসওয়াল, লোকেশ রাহুল, শুভমন গিল (অধিনায়ক), ঋষভ পন্ত (উইকেটকিপার), ধ্রুব জুরেল, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, মহম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরা ৷
দক্ষিণ আফ্রিকা একাদশ: এইডেন মার্করাম, রায়ান রিকেলটন, উইয়ান মুল্ডার, তেম্বা বাভুমা (অধিনায়ক), টনি জর্জি, ট্রিস্টান স্টাবস, কাইল ভেরেইন (উইকেটকিপার), সাইমন হার্মার, মার্কো জানসেন, করবিন বশ ও কেশব মহারাজ ৷

