ETV Bharat / sports

ওয়েস্ট ইন্ডিজকে হেলায় হারাল দঃ আফ্রিকা, ডালপালা মেলল ভারতের সেমির স্বপ্ন

সূর্যরা আজ জিম্বাবোয়েকে হারালে 1 মার্চ ইডেনে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ সেমির নির্ণায়ক হয়ে দাঁড়াবে ৷

SOUTH AFRICA BEAT WEST INDIES
মারমুখী মার্করাম ৷ বৃহস্পতিবার আমোদাবাদে (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : February 26, 2026 at 6:19 PM IST

3 Min Read
Choose ETV Bharat

আমেদাবাদ, 26 ফেব্রুয়ারি: জিম্বাবোয়ের বিরুদ্ধে 'ডু অর ডাই' ম্য়াচে নামার আগে প্রয়োজনীয় অক্সিজেন পেয়ে গেল টিম ইন্ডিয়া ৷ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দঃ আফ্রিকার জয় ভারতের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা জোরালো করল ৷ বৃহস্পতিবার দিনের প্রথম ম্য়াচে আমেদাবাদে প্রোটিয়াদের মুখোমুখি হয়েছিল ক্যারিবিয়ানরা ৷ প্রথম ম্য়াচে জিম্বাবোয়েকে কার্যত উড়িয়ে দেওয়ার পর এদিন শাই হোপের দল দঃ আফ্রিকাকেও হারালে চাপ বাড়ত ভারতের ৷ টুর্নামেন্ট থেকে বিদায়ের খুব কাছে চলে যেত গতবারের চ্য়াম্পিয়নরা ৷ কিন্তু ক্য়ারিবিয়ানদের নয় উইকেটে হারিয়ে ভারতের সুবিধা করে দিল গত ম্য়াচের ঘাতকরাই ৷

এদিকে ভারতের পর আমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সহজ জয় দঃ আফ্রিকাকে কার্যত সেমিতে পৌঁছে দিল ৷ কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদিদের দুরন্ত বোলিংয়ের পর ব্য়াট হাতে দলের জয়ে নেতৃত্ব দিলেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম ৷ 23 বল বাকি থাকতে 177 রান তাড়া করে জিতল দঃ আফ্রিকা ৷

টস জিতে এদিন ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ব্য়াটিংয়ে আমন্ত্রণ জানায় দঃ আফ্রিকা ৷ আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে চলতি বিশ্বকাপের পঞ্চম ম্য়াচ খেলতে নামা প্রোটিয়ারা ফায়দা তোলে পুরোদমে ৷ গুরুত্বপূর্ণ ম্য়াচে 83 রানের মধ্যে বিপক্ষের সাত উইকেট তুলে নেয় টুর্নামেন্টে এখনও পর্যন্ত অপরাজিত দঃ আফ্রিকা ৷ গত ম্য়াচে জিম্বাবোয়ের বিরুদ্ধে ব্য়াটিং তাণ্ডব চালানো উইন্ডিজ সাত উইকেট হারিয়ে স্বভাবতই বেকায়দায় পড়ে যায় ৷ এরপর অষ্টম উইকেটে অবশ্য জেসন হোল্ডার ও রোমারিও শেফার্ডের ব্য়াটে ঘুরে দাঁড়ায় তারা ৷ একসময় যেখানে ক্য়ারিবিয়ানদের একশো রান ওঠা নিয়ে সংশয় দেখা দিয়েছিল, সেখানে স্কোরবোর্ডে আট উইকেটে 176 রান তোলে তারা ৷

সৌজন্যে শেফার্ডের 37 বলে অপরাজিত 52 ও হোল্ডারের 31 বলে 49 রান ৷ কেরিয়ারের প্রথম টি-20 হাফসেঞ্চুরি পূর্ণ করা শেফার্ড মারেন তিনটি চার ও চারটি ছক্কা ৷ হোল্ডারের ইনিংসে ছিল চারটি চার ও তিনটি ছক্কা ৷ অষ্টম উইকেটে দু'জনে যোগ করেন 89 রান ৷ চার ওভারে মাত্র 22 রান দিয়ে দুই উইকেট নেন রাবাদা ৷ 30 রানে তিন উইকেট যায় এনগিদির ঝুলিতে ৷

চ্য়ালেঞ্জিং টার্গেট তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজকে কোনওরকম সুযোগ দেয়নি দক্ষিণ আফ্রিকা ৷ ওপেনিং জুটিতে 95 রান প্রোটিয়াদের জয় নিশ্চিত করে দিয়েছিল ৷ এরপর হাফসেঞ্চুরি হাতছাড়া করে কুইন্টন ডি'কক ফিরলেও থামানো যায়নি অধিনায়ক মার্করামকে ৷ চারটি চার ও সমসংখ্যক ছ'য়ে 24 বলে 47 রানে ফেরেন ডি'কক ৷ তবে 82 রানে অপরাজিত থেকে দলকে সেমির চৌকাঠে তুলে মাঠ ছাড়েন মার্করাম ৷ তাঁর 46 বলের ইনিংস সাজানো সাতটি চার ও চারটি ছ'য়ে ৷ দ্বিতীয় উইকেটে তাঁকে সঙ্গ দেন রায়ান রিকেলটন ৷ তিনিও 24 বলে 47 রানে অপরাজিত রইলেন ৷

ভারতের বিরুদ্ধে বড় জয়ের পর ক্য়ারিবিয়ানদের 23 বল বাকি থাকতে হারিয়ে রান-রেট +2.890-তে নিয়ে গেল প্রোটিয়ারা ৷ খুব বড় অঘটন না-ঘটলে সেমিফাইনালে যাওয়া আটকাবে না তাঁদের ৷ অন্য়দিকে বড় হারে জটিল হল ক্য়ারিবিয়ানদের শেষ চারের স্বপ্ন ৷ আজ জিম্বাবোয়ে হারলে 1 মার্চ ইডেনে ভারতের বিরুদ্ধে ম্য়াচ তাদের কাছে অঘোষিত ফাইনাল ৷

আরও পড়ুন: