ETV Bharat / sports

অধিনায়ক বাভুমাকে 'বামন' কটাক্ষ, বুমরার মন্তব্যে মৌনতা ভাঙল প্রোটিয়া শিবির

অপমানজনক মন্তব্যের পরিপ্রেক্ষিতে বুমরার শাস্তির দাবি জানিয়েছেন নেটাগরিকদের একাংশ ৷

TEMBA BAVUMA
তেম্বা বাভুমা (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : November 14, 2025 at 8:42 PM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 14 নভেম্বর: টেস্ট আত্মপ্রকাশে ইডেনে পাঁচ উইকেট ৷ কলকাতা টেস্টের প্রথমদিন একাধিক নজিরে নাম তুলে ফেলেছেন তিনি ৷ কিন্তু একটি ঘটনায় ইডেন টেস্টের প্রথমদিন প্রবল বিতর্কে জসপ্রীত বুমরা ৷ বিপক্ষ অধিনায়ক তেম্বা বাভুমার খর্বকায় চেহারা নিয়ে এদিন একটি মন্তব্য করেন ভারতীয় স্পিডস্টার ৷ বিতর্কিত সেই ঘটনা নিয়ে দিনের শেষে সাংবাদিক সম্মেলনে মৌনতা ভাঙলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচ অ্য়াশওয়েল প্রিন্স ৷

বিতর্কের সূত্রপাত প্রোটিয়া ইনিংসের 13তম ওভারে ৷ দুই উইকেট হারিয়ে তখন 62 রানে ব্যাটিং করছে সফরকারী দল ৷ সে সময় বুমরারই ওভারে বিপক্ষ অধিনায়ক বাভুমার বিরুদ্ধে লেগ-বিফোরের একটি জোরালো আবেদন ওঠে ৷ অন-ফিল্ড আম্পায়ার ভারতীয় দলের আবেদনে সাড়া না-দেওয়ায় ডিআরএস নেওয়ার জন্য উইকেটরক্ষক ঋষভ পন্তের সঙ্গে আলোচনার জন্য এগিয়ে যান ভারতীয় পেসার ৷ সে সময় দু'জনের কথাবার্তা স্টাম্প-মাইকে ধরা পড়ে এবং তা বিতর্কের জন্ম দেয় ৷

স্টাম্প-মাইকে পন্ত-বুমরার কথোপকথনের যে অংশটি ভাইরাল হয়েছে তা অনেকটা এইরকম-

  • বুমরা: লাইন তো ঠিকই মনে হচ্ছে ৷
  • পন্ত: কতোটা উপরে বলটা লেগেছে ?
  • বুমরা: ও তো বামনও বটে ৷
  • পন্ত: সে তো বটেই ৷ কিন্তু বলটা কতোটা উপরে লেগেছে ?

দুই ভারতীয় ক্রিকেটারের আলোচনার এই অংশটি নিমেষে ছেয়ে যায় ইন্টারনেটে ৷ জসপ্রীত বুমরার সমালোচনায় মুখর হয় নেটাগরিকদের একাংশ ৷ বিপক্ষ অধিনায়ককে নিয়ে দেশের তারকা পেসারের 'বডিশেমিং' তাঁর আচরণের পরিপন্থী বলে মত ক্রিকেট অনুরাগীদের ৷ তবে এ ব্য়াপারে বুমরার শাস্তিরও দাবি জানিয়েছেন অনেকে ৷ বিপক্ষ শিবির অবশ্য সাংবাদিক সম্মেলনের আগে পর্যন্ত কিছুই জানত না ৷ সাংবাদিক সম্মেলনে এসে তেমনটাই দাবি করলেন দক্ষিণ আফ্রিকার ব্য়াটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স ৷

তাঁকে এ বিষয়ে প্রশ্ন করা হলে প্রিন্স বলেন, "না, এ বিষয়ে কোনও আলোচনা হোক চাই না ৷ বিষয়টি প্রথমবার শুনলাম আমি ৷ মনে হয় না যা ঘটেছে সেটা খুব একটা সমস্যার ৷" প্রোটিয়া শিবিরের তরফে কোনওরকম অভিযোগ না-এলে কিংবা অন-ফিল্ড ম্য়াচ অফিসিয়ালদের গোচরে বিষয়টি না-এলে হয়তো এ যাত্রায় পার পেতে পারেন বুমরা ৷ তবে বাইশ গজে অবমাননাকর মন্তব্যের ঘোর বিরোধী আইসিসি'র শৃঙ্খলারক্ষা কমিটি ৷ ক্রিকেটের অখণ্ডতা রক্ষায় আইসিসি'র 2.3 এবং 2.13 ধারায় বাইশ গজে প্রত্যেকের সম্ভ্রম রক্ষার বিষয়টি উল্লেখ রয়েছে ৷ যা লঙ্ঘন করলে রয়েছে শাস্তির উল্লেখও ৷

তবে বিতর্ক উপেক্ষা করে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেন টেস্টের প্রথমদিনটা নিজের নামে করলেন বুমরা ৷ 27 রানে পাঁচ উইকেট নিয়ে বিপক্ষ শিবিরকে প্রথম ইনিংসে 159 রানে গুটিয়ে দিলেন তিনি ৷ জবাবে এক উইকেটে 37 রান তুলে প্রথমদিনের খেলা শেষ করেছে ভারত ৷

আরও পড়ুন: