'সাদা-বলের ফরম্য়াটে নিয়মিত প্লেয়ার', সঞ্জুর দরাজ প্রশংসায় মহারাজ
ইংল্যান্ড নিয়ে ভারতীয় দলকে সতর্কবার্তা সিএবি প্রেসিডেন্টের ৷

Published : March 2, 2026 at 6:16 PM IST
কলকাতা, 2 মার্চ: 'ইনিংস অব এজেস' ৷ রবিবাসরীয় ইডেন গার্ডেন্সে ভার্চুয়াল কোয়ার্টার ফাইনালে সঞ্জু স্য়ামসনের অপরাজিত 97 রানের ইনিংসকে এমনই শব্দবন্ধে প্রশংসায় ভরাচ্ছেন অনুরাগীরা ৷ স্বভাবতই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সঞ্জু স্য়ামসনের মহার্ঘ ইনিংসের দরাজ প্রশংসায় সৌরভ গঙ্গোপাধ্য়ায়ও ৷ যা স্ট্য়ান্ডে বসে রবিবার তারিয়ে তারিয়ে উপভোগ করেছেন সিএবি প্রেসিডেন্ট ৷ ক্য়ারিবিয়ানদের বিরুদ্ধে সঞ্জুর ব্য়াটিং দেখে মহারাজের উপলব্ধি, সাদা-বলের ক্রিকেটে নিয়মিত সুযোগ পাওয়া উচিত তাঁর ৷
12টি চার ও চারটি ছক্কায় সাজানো 50 বলে 97 রান ৷ রবিবার ক্রিকেটের নন্দনকাননে টি-20 বিশ্বকাপে রান তাড়ার ক্ষেত্রে ভারতীয় ব্য়াটার হিসেবে সর্বাধিক রানের ইনিংস খেলেছেন সঞ্জু ৷ আর সঞ্জুর ব্য়াটেই চার বল বাকি থাকতে 196 রান তাড়া করে ডিফেন্ডিং চ্য়াম্পিয়নরা পৌঁছে গিয়েছে বিশ্বকাপের শেষ চারে ৷ সব দেখেশুনে সৌরভ বলছেন, "এককথায় দুর্ধর্ষ ইনিংস ৷ সঞ্জু ভীষণ ভালো একজন ক্রিকেটার ৷ সাদা-বলের ক্রিকেটে ভারতের হয়ে ওর নিয়মিত খেলা উচিত ৷"
এককথায় সঞ্জুর ইনিংসকে বর্ণনা করতে গিয়ে সৌরভের সংযোজন, "ভার্চুয়াল কোয়ার্টার ফাইনালে 97 রানে ইনিংস দারুণ ব্য়াপার ৷ আর আমার মনে হয় সঞ্জু এই ধাঁচেরই ক্রিকেটার ৷ ও যখন আসরে নামে তখন প্রতিপক্ষের ঘাতক হয়ে দেখা দেয় ৷" সঞ্জুর ব্য়াটিংয়ে রবিবার আগ্রাসন থাকলেও উল্টোদিকে যখন একের পর উইকেট চলে যাচ্ছিল, তখন ঢাল হয়েও দাঁড়াতে দেখা গিয়েছে তাঁকে ৷ এ ব্য়াপারে মহারাজ জানান, পরিস্থিতি অনুযায়ী ব্য়াটিং করে গিয়েছে ও ৷ আর ভারতীয় দলকে ফাইনালে যেতে হলে গতকালের মতোই রেসিপি ফলো করতে হবে বলেও জানিয়ে দেন সিএবি প্রেসিডেন্ট ৷
VIDEO | Kolkata: Former India captain Sourav Ganguly said that Sanju Samson should consistently be in the Indian team for white-ball cricket after his heroic knock of 97 not out against the West Indies in the Super Eights clash of the T20 World Cup helped India advance to the… pic.twitter.com/fzOqu6xSi8
— Press Trust of India (@PTI_News) March 2, 2026
তবে হ্য়ারি ব্রুকের ইংল্য়ান্ড শেষ চারে ক্য়ারিবিয়ানদের তুলনায় অনেক বেশি শক্তিশালী প্রতিপক্ষ, সে বিষয়ে ভারতীয় দলকে সাবধান করে দিয়েছেন প্রাক্তন অধিনায়ক ৷ মুম্বইয়ের ওয়াংখেড়েতে আগামী 5 মার্চ দ্বিতীয় সেমিফাইনাল খেলবে ভারত ৷ যেখানে ব্যাটিং সহায়ক উইকেটে রান করলেও বোলারদের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে ৷ সৌরভ মনে করেন, এই ধরনের বড় ম্যাচে অভিজ্ঞতা ও সঠিক সিদ্ধান্তই পার্থক্য গড়ে দেবে ৷ ভারতীয় দল যদি পরিস্থিতি অনুযায়ী খেলে, তবে ফাইনালে ওঠার ভালো সুযোগ রয়েছে ৷

