আর্জেন্তিনার তেরো মিনিটের স্পেলে 'মিশরীয় সভ্যতা'র পতন, বিশ্বচ্যাম্পিয়নদের প্রত্যাবর্তনে বিশ্বাস ছিল দাদা'র
আর্জেন্তিনা যখন 1-2 গোলে পিছিয়ে ছিল, তখন থেকে ম্যাচ দেখা শুরু করেছিলেন তিনি। তবে বিশ্বচ্যাম্পিয়নদের পিছিয়ে থাকা পরিস্থিতি থেকে ফিরে আসায় বিস্মিত হননি সৌরভ গঙ্গোপাধ্যায়।

Published : July 8, 2026 at 8:54 PM IST
কলকাতা, 8 জুলাই: রূদ্ধশ্বাস লড়াইয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্তিনা ৷ ম্যাচের 78 মিনিট পর্যন্ত পিছিয়ে থেকেও মিশরের ইতিহাস গড়ার স্বপ্ন রুখে দিয়ে 3-2 গোলে জিতে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল বিশ্বচ্যাম্পিয়নরা ৷ আর 78 মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও বিশ্বকাপ থেকে ছিটকে গেল 'নীলনদের দেশ' ৷ বিশ্বচ্যাম্পিয়নদের দুরন্ত প্রত্যাবর্তনে বিস্মিত নন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷
বিশ্বকাপে আর্জেন্তিনা বনাম মিশর ম্যাচ দেখেছেন সৌরভ । আর্জেন্তিনা যখন 1-2 গোলে পিছিয়ে ছিল, তখন থেকে ম্যাচ দেখা শুরু করেছিলেন তিনি। তবে বিশ্বচ্যাম্পিয়নদের পিছিয়ে থাকা পরিস্থিতি থেকে ফিরে আসায় একটুও বিস্মিত হননি মহারাজ। সৌরভ মনে করেন, চ্যাম্পিয়নরা এভাবেই ফিরে আসে।
ম্যাচের 15 মিনিটের মধ্যেই এক গোলে পিছিয়ে পড়ে আর্জেন্তিনা ৷ কয়েকমিনিটের মধ্যেই সেই গোল শোধের সুযোগ চলে এসেছিল নীল-সাদা জার্সিধারীদের সামনে ৷ কিন্তু চলতি বিশ্বকাপে দ্বিতীয়বার পেনাল্টি মিস করে দলকে সমতা ফেরানোর সুযোগ হাতছাড়া করেন লিয়োনেল মেসি ৷ ম্যাচের দ্বিতীয়ার্ধে সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে আর্জেন্তিনা ৷ কিন্তু, 67 মিনিটে আরও এক গোলে পিছিয়ে পড়ে আর্জেন্তিনা ৷
মেসির 'ঠিকানা লেখা' ক্রস থেকে হেডে 2-1 করেন ক্রিশ্চিয়ান রোমেরো ৷ চার মিনিট বাদে স্কোরশিটে নাম তোলেন স্বয়ং মেসি ৷ এই গোলের সঙ্গেই একটি বিশ্বকাপে সর্বাধিক আট গোল করে রোনাল্ডো নাজারিয়োর রেকর্ড ছুঁলেন মেসি ৷ একইসঙ্গে চলতি বিশ্বকাপে পাঁচ ম্যাচের সবক'টিতেই স্কোরশিটে নাম তুললেন তিনি ৷ আর্জেন্তিনার জয়সূচক গোল এঞ্জো ফার্নান্দেজের ৷ ক্রস থেকে হেডে 3-2 করেন চেলসি ফুটবলার ৷ এই গোলের সঙ্গেই জয় নিশ্চিত করে কোয়ার্টারে পৌঁছয় আর্জেন্তিনা ৷
8 জুলাই, বুধবার সৌরভ গঙ্গোপাধ্যায় 54 বছরে পা দিলেন। মধ্যরাত থেকে শুভেচ্ছায় ভাসছেন ৷ রাতেই পরিবারের সদস্যদের উপস্থিতিতে কেক কেটেছেন। স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়-সহ পরিবারের বাকিরা জন্মদিনের ঘরোয়া অনুষ্ঠানে ছিলেন না। শুধু ছিলেন না কন্যা সানা। সৌরভ বলছেন, “সানার সঙ্গে ভিডিযো কলে কথা হয়েছে । ও এখন বার্সেলোতে আছে। সানা থাকলে বিশেষ খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়, ওই করে। আজ স্বাভাবিক খাওয়া দাওয়া হবে। কোনও আলাদা কিছু নেই।”
সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিনেই তাঁর বায়োপিকর পোস্টার প্রকাশ হয়েছে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক সিনেমা হলে আসবে আগামী বছরের মে মাসে। সোশাল মিডিয়ায়, নিজের বায়োপিকের পোস্টার শেয়ার করেছেন দাদা ৷ জন্মদিনে এমন উপহার পেয়ে আপ্লুত প্রাক্তন ভারত অধিনায়ক ৷ তিনি লেখেন, "এখনও পর্যন্ত পাওয়া সবচেয়ে সেরা উপহার ৷ তুমি কীভাবে কভার ড্রাইভ কর, তা দেখার অপেক্ষায় রইলাম ৷" সৌরভ জানিয়েছেন, তিনি খুশি বায়োপিকের কাজের অগ্রগতিতে। আশা করছেন সকলের ভালো লাগবে।
ব্যস্ত জীবনের মধ্যে বিশ্বকাপের খেলা সুযোগ পেলে দেখছেন মহারাজ। সব ম্যাচ না-দেখতে পারার কারণ সময়ের ব্যবধান। রাত দশটার খেলাগুলি দেখছেন। আর্জেন্তিনা বনাম মিশর ম্যাচ দেখেছেন। মেসিরা পিছিয়ে থাকলেও ম্যাচে ফিরতে পারে, এই বিশ্বাস তাঁর ছিল। একইভাবে ছোট দলের ভালো খেলা নজরে পড়েছে। স্পেনের খেলা ভালো লেগেছে সৌরভের। এছাড়াও নরওয়ে, ফ্রান্সের খেলায় খুশি মহারাজ । তবে কোন দল চ্যাম্পিয়ন হবে, তার ভবিষ্যদ্বাণী করতে নারাজ সৌরভ। তাঁর মতে, সব ম্যাচে সহজ জয় আসবে, তা হয় না। যেদল কঠিন ম্যাচেও জয় ছিনিয়ে নিতে পারবে তারাই চ্যাম্পিয়ন হবে বলে মনে করেন।

