ETV Bharat / sports

ম্য়াচে আট উইকেট, আন্তর্জাতিক টি-20'তে বিশ্বরেকর্ড ভুটানের অখ্যাত স্পিনারের

চার ওভার হাত ঘুরিয়ে মাত্র সাত রানে আট উইকেট শিকার করলেন ভুটানের সোনম ইয়েশে ৷

SONAM YESHEY CREATES HISTORY
সোনম ইয়েশে (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : December 29, 2025 at 7:06 PM IST

2 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ, 29 ডিসেম্বর: ফের টি-20 ক্রিকেটে বিশ্বরেকর্ড গড়লেন এক বোলার ৷ দিনকয়েক আগে ওভারে পাঁচ উইকেট নিয়েছিলেন ইন্দোনেশিয়া পেসার গেডে প্রিয়ান্দনা ৷ এবার ম্য়াচে চার ওভার হাত ঘুরিয়ে আট উইকেট তুলে নিলেন ভুটানের অখ্য়াত স্পিনার সোনম ইয়েশে ৷ যা আন্তর্জাতিক টি-20 তো বটেই, সবধরনের টি-20 ক্রিকেটেই নজির ৷ শুক্রবার মায়ানমারের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ম্য়াচে সাত রানে আট উইকেট নিয়ে বিশ্বরেকর্ড গড়ে ফেলেন বছর বাইশের সোনম ৷

চার ওভার হাত ঘুরিয়ে মাত্র 1.80 ইকনমি-রেটে সাত রান খরচ করেন ভুটানের বাঁ-হাতি স্পিনার ৷ একটি মেডেন সহযোগে বিপক্ষের আটজন ব্য়াটারকে ডাগআউটে ফেরান তিনি ৷ 128 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে সোনমের ঘূর্ণিতে 9.2 ওভারে মাত্র 45 রানে গুটিয়ে যায় মায়ানমার ৷

  • কে এই সোনম ইয়েশে: চলতি মাসেই 22 পেরিয়ে তেইশে পা দিয়েছেন সোনম ইয়েশে ৷ 2003 সালের 3 ডিসেম্বর জন্ম ভুটানের এই বাঁ-হাতি স্পিনারের ৷ সিনিয়র জার্সিতে প্রতিনিধিত্ব করার আগে ভুটানের অনুর্ধ্ব-19 দলের হয়েও প্রতিনিধিত্ব করেছেন তিনি ৷ মায়ানমারের বিরুদ্ধে চলতি দ্বিপাক্ষিক পাঁচ ম্য়াচের সিরিজে 13 উইকেট এসেছে তাঁর ঝুলিতে ৷ 5.55 ইকনমি-রেটে 35টি আন্তর্জাতিক টি-20 ম্য়াচে তাঁর উইকেটসংখ্যা 38 ৷

সোনমের বিশ্বরেকর্ডের আগে পুরুষদের আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে একটি ম্যাচে সর্বাধিক সাত উইকেটের নজির ছিল দু'জনের ৷ চলতি বছর ভুটানেরই বিরুদ্ধে বাহরিন মিডিয়াম পেসার আলি দাউদ 19 রানে নিয়েছিলেন সাত উইকেট ৷ এর আগে 2023 সালে চিনের বিরুদ্ধে মালয়েশিয়ার সিয়াজরুল ইদ্রাস আট রানে করেছিলেন সাত শিকার ৷ মহিলা টি-20'তে এক ম্য়াচে সাতটি করে উইকেট নেওয়ার নজির রয়েছে ডাচ ক্রিকেটার ফেডেরিক ওভারডাইক, আর্জেন্তিনার অ্যালসন স্টকস ও সাইপ্রাসের সামান্থি ডুনুকেডেনিয়ার ঝুলিতে ৷

সোমবার সিরিজের পঞ্চম তথা শেষ টি-20 ম্য়াচে মায়ানমারকে 84 রানে হারিয়েছে ভুটান ৷ সেইসঙ্গে পাঁচ ম্য়াচের দ্বিপাক্ষিক সিরিজ জিতে নিয়েছে 5-0 ব্যবধানে ৷ অর্থাৎ, ঘরের মাঠে অতিথি দলকে চুনকাম করেছে তাঁরা ৷ সম্প্রতি পাঁচ-পাঁচজন ব্য়াটারকে একই ওভারে ফিরিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বরেকর্ড গড়েছিলেন গেডে প্রিয়ান্দনা ৷ কম্বোডিয়ার বিরুদ্ধে আটম্য়াচের টি-20 সিরিজের প্রথম ম্য়াচে গত মঙ্গলবার এই অনন্য কীর্তি নিজের নামে করে নিয়েছিলেন ইন্দোনেশিয়া পেসার ৷

আরও পড়ুন: