গিলকে টপকে বছরের সর্বাধিক স্কোরার হওয়ার হাতছানি, মন্ধনার চাই 62 রান
মহিলা-পুরুষ ক্রিকেটের বেড়া ভেঙে সামগ্রিকভাবে চলতি ক্য়ালেন্ডার বর্ষে সর্বাধিক রান সংগ্রহের সুযোগ টিম ইন্ডিয়ার সহঅধিনায়িকার সামনে ৷

Published : December 30, 2025 at 12:07 PM IST
হায়দরাবাদ, 30 ডিসেম্বর: সিরিজের চতুর্থ টি-20 ম্য়াচে রবিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে এক বড়সড় মাইলস্টোন ছুঁয়েছেন তিনি ৷ দ্রুততম হিসেবে মহিলা আন্তর্জাতিক ক্রিকেটে 10,000 রানের মাইলস্টোন স্পর্শ করেছেন ৷ মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের পঞ্চম তথা শেষ টি-20 ম্য়াচে ফের একটি নজিরের হাতছানি ভারতীয় ওপেনার স্মৃতি মন্ধনার সামনে ৷ এক্ষেত্রে মহিলা-পুরুষ ক্রিকেটের বেড়াজাল ভেঙে চলতি ক্য়ালেন্ডার বর্ষে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রহের সুযোগ টিম ইন্ডিয়ার সহঅধিনায়িকার সামনে ৷
টেস্ট, ওয়ান-ডে এবং টি-20, তিন ফরম্য়াট মিলিয়ে 2025 সালে 1764 রানে থেমেছেন শুভমন গিল ৷ যা এখনও পর্যন্ত সর্বাধিক ৷ 35 ম্য়াচে 42 ইনিংস খেলে ভারতের টেস্ট ও ওয়ান-ডে অধিনায়ক চলতি ক্যালেন্ডার বর্ষে এই রান সংগ্রহ করেছেন ৷ দ্বিতীয় এবং তৃতীয়স্থানে থাকা শাই হোপ (1760 রান) ও জো রুটের (1613 রান) কাছে গিলকে টপকে যাওয়ার সুযোগ আর নেই ৷ কিন্তু সার্বিকভাবে পুরুষ দলের অধিনায়ককে টপকে যাওয়ার হাতছানি রয়েছে মহিলা দলের সহঅধিনায়িকার কাছে ৷
দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে পঞ্চম টি-20'তে নামার আগে স্মৃতি মন্ধনার ঝুলিতে চলতি ক্য়ালেন্ডার বর্ষে রয়েছে 1703 রান ৷ যা ওয়ান-ডে এবং টি-20 থেকে সংগ্রহ তাঁর ৷ অর্থাৎ, মঙ্গলবার তিরুঅনন্তপুরমে আর 62 রান করতে পারলেই শুভমন গিলকে টপকে বছরের সর্বাধিক রানস্কোরার হওয়ার অনন্য কীর্তি গড়বেন বাঁ-হাতি ওপেনার ৷ উল্লেখ্য, মহিলা আন্তর্জাতিক ক্রিকেটে একটি ক্যালেন্ডার বর্ষে সর্বাধিক রান সংগ্রহের নিরিখে গতবছর গড়া তাঁর রেকর্ড চলতি বছর ইতিমধ্যেই ভেঙেছেন ভারতীয় ওপেনার ৷
𝗠𝘁. 𝟭𝟬,𝟬𝟬𝟬 𝗳𝘁. 𝗦𝗺𝗿𝗶𝘁𝗶 𝗠𝗮𝗻𝗱𝗵𝗮𝗻𝗮 🏔️
— BCCI Women (@BCCIWomen) December 29, 2025
Perseverance never stops for the #TeamIndia vice-captain ❤️
And she is ready to scale greater heights 🙌 - By @mihirlee_58 #INDvSL | @mandhana_smriti | @IDFCFIRSTBank pic.twitter.com/N3tedFIeLH
গতবছর 1659 রান করে একই ক্য়ালেন্ডার বর্ষে সর্বাধিক রান (মহিলা ক্রিকেটে) সংগ্রহ করেছিলেন মন্ধনা ৷ শ্রীলঙ্কার বিরুদ্ধে চতুর্থ টি-20 ম্য়াচে নিজেই নিজের সেই রেকর্ড ভেঙেছেন তিনি ৷ একইসঙ্গে মিতালি রাজের পর দ্বিতীয় ভারতীয় এবং সার্বিকভাবে চতুর্থ মহিলা ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচ অঙ্কের রান পূর্ণ করেছেন মহারাষ্ট্র ক্রিকেটার ৷ শুধু তাই নয় ৷ দ্রুততম ব্য়াটার হিসেবে সেই মাইলফলক স্পর্শ করেছেন মন্ধনা ৷
281 ইনিংস খরচ করে গত ম্য়াচে 10,000 রানের মাইলস্টোনে পৌঁছে যান মন্ধনা ৷ প্রাক্তন অধিনায়িকা মিতালি রাজ 10 হাজার রানের এলিট ক্লাবে পৌঁছেছিলেন 291 ইনিংসে ৷ অর্থাৎ, দশটি ইনিংস কম খেলেই এলিট ক্লাবে পা রাখেন উত্তরসূরি ৷ ইংল্য়ান্ড প্রাক্তনী শার্লট এডওয়ার্ডস এবং কিউয়ি কিংবদন্তি সুজি বেটস এই মাইলস্টোনে পৌঁছেছিলেন যথাক্রমে 308 ও 314 ইনিংস খেলে ৷ শ্রীলঙ্কার বিরুদ্ধে চতুর্থ টি-20 ম্য়াচে মাত্র 48 বল 80 রান আসে মন্ধনার ব্য়াটে ৷

