ETV Bharat / sports

মিতালি-বেটসদের সঙ্গে সমকক্ষে, ভারতের ফের জয়ের দিনে এলিট ক্লাবে মন্ধনা

সার্বিকভাবে চতুর্থ ব্য়াটার হলেও দ্রুততম হিসেবে 10 হাজার রানের ক্লাবে পা রাখলেন ভারতীয় ওপেনার ৷

SMRITI MANDHANA
স্মৃতি মন্ধনা (GETTY)
author img

By ETV Bharat Sports Team

Published : December 29, 2025 at 1:36 PM IST

3 Min Read
Choose ETV Bharat

তিরুঅনন্তপুরম, 29 ডিসেম্বর: সিরিজ জেতা আগেই হয়ে গিয়েছিল ৷ রবিবাসরীয় তিরুঅনন্তপুরমে শ্রীলঙ্কাকে সিরিজে চুনকাম করার পথে আরও একধাপ এগোল 'উইমেন ইন ব্লু' ৷ ব্যাটারদের দাপটে চতুর্থ টি-20 ম্য়াচে শ্রীলঙ্কাকে 30 রানে হারিয়ে ব্যবধান 4-0 করল টিম ইন্ডিয়া ৷ সেই জয়ে নেতৃত্ব দিলেন দুই ওপেনার স্মৃতি মন্ধনা ও শেফালি বর্মা ৷ ওপেনিং জুটিতে 162 রান তুললেন দু'জনে ৷ যার মধ্যে ঝোড়ো ইনিংস খেলে প্রথমজন গড়লেন বড়সড় মাইলস্টোন ৷

সার্বিকভাবে চতুর্থ এবং ভারতের দ্বিতীয় মহিলা ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে 10,000 রানের মালকিন হলেন মন্ধনা ৷ মিতালি রাজ, সুজি বেটসদের সঙ্গে একই পংক্তিতে জায়গা করে নিতে তিরুঅনন্তপুরমে এদিন মাত্র 27 রান প্রয়োজন ছিল তারকা ওপেনারের ৷ ঝোড়ো ব্যাটিংয়ে এদিন সহজেই মাইলস্টোনে পৌঁছে যান তিনি ৷ উল্লেখযোগ্য বিষয় হল, দ্রুততম হিসেবে এদিন আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচ অঙ্কের রান ছুঁলেন মহারাষ্ট্র ক্রিকেটার ৷ 10,000 রানের মাইলস্টোনে পৌঁছতে 281 ইনিংস খরচ করলেন মন্ধনা ৷

প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ 10 হাজার রানের এলিট ক্লাবে পৌঁছেছিলেন 291 ইনিংসে ৷ অর্থাৎ, মন্ধনার থেকে দশটি ইনিংস বেশি খেলে ৷ অন্যদিকে ইংল্য়ান্ড প্রাক্তনী শার্লট এডওয়ার্ডস এবং কিউয়ি কিংবদন্তি সুজি বেটস এই নজির গড়েছিলেন যথাক্রমে 308 ও 314 ইনিংস খেলে ৷ শ্রীলঙ্কার বিরুদ্ধে এদিন চতুর্থ টি-20 ম্য়াচে মাত্র 48 বল খেলে মন্ধনা করেন 80 রান ৷ শতরান হাতছাড়া হলেও মাইলস্টোন গড়ে এদিন মাঠ ছাড়েন বিশ্বজয়ী ভারতীয় দলের অন্যতম কান্ডারী ৷

মন্ধনার ঝোড়ো ইনিংসে এদিন 11টি বাউন্ডারির সঙ্গে ছিল তিনটি ওভার বাউন্ডারি ৷ আন্তর্জাতিক রানের নিরিখে মাইলস্টোনের সঙ্গেই ভারতীয় ব্য়াটার হিসেবে কুড়ি-বিশের ক্রিকেটে এদিন সর্বাধিক ছক্কা হাঁকানোর নজিরও গড়ে ফেলেন টিম ইন্ডিয়ার সহঅধিনায়িকা ৷ এই নজিরে তিনি পিছনে ফেলেন দলনায়িকা হরমনপ্রীত কৌরকে ৷

রবিবাসরীয় ইনিংসের পর আন্তর্জাতিক ক্রিকেটে আপাতত মন্ধনার সংগ্রহে 10,053 রান ৷ আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক 10,868 রান রয়েছে মিতালি রাজের ঝুলিতে ৷ অর্থাৎ, প্রাক্তনীকে ছাপিয়ে মহিলা ক্রিকেটে সর্বাধিক রানসংগ্রাহক হতে আটশোর সামান্য বেশি রান প্রয়োজন স্মৃতি মন্ধনার ৷ ব্যাট হাতে যাঁর দুর্দান্ত একটা বছর কাটল 2025-এ ৷ ঘরের মাঠে বিশ্বকাপ চলাকালীন প্রথম মহিলা ব্যাটার হিসেবে ওডিআই ক্রিকেটে হাজার রানের মাইলস্টোন গড়েছিলেন মন্ধনা ৷ পাঁচটি সেঞ্চুরি-সহ চলতি ক্যালেন্ডার বর্ষে ওয়ান-ডে'তে সর্বাধিক 1,362 রান এসেছে বাঁ-হাতি ওপেনারের ব্যাটে ৷ সেঞ্চুরির নিরিখেও শীর্ষে তিনি ৷ তবে মন্ধনার পাশাপাশি চলতি ক্য়ালেন্ডার বর্ষে পাঁচটি করে শতরান হাঁকিয়েছেন দক্ষিণ আফ্রিকার তানজিম ব্রিটস ও লরা উলভার্ডটও ৷

চতুর্থ ম্য়াচে এদিন 46 বলে 79 রান করেন শেফালি ৷ 16 বলে 40 রানে ক্যামিয়ো খেলেন রিচা ঘোষ ৷ প্রথম ব্য়াট করে স্কোরবোর্ডে দুই উইকেট হারিয়ে 221 রান তোলে ভারত ৷ যা টি-20'তে তাঁদের সর্বাধিক স্কোর ৷ জবাবে ছয় উইকেট হারিয়ে 191 রানের বেশি তুলতে পারেনি দ্বীপরাষ্ট্র ৷

  • আন্তর্জাতিক ক্রিকেটে (মহিলা) 10 হাজার রানের এলিট ক্লাবে যাঁরা:
  1. মিতালি রাজ (ভারত)- 10, 868 রান
  2. সুজি বেটস (নিউজিল্যান্ড)- 10,652 রান*
  3. শার্লট এডওয়ার্ডস (ইংল্যান্ড)- 10,273 রান
  4. স্মৃতি মন্ধনা (ভারত)- 10,053 রান*

আরও পড়ুন: