ETV Bharat / sports

ভাঙল স্মৃতি-পলাশের বিয়ে, সোশাল মিডিয়ায় ঘোষণা বিশ্বজয়ী ক্রিকেটারের

সোশাল মিডিয়ায় বার্তা দিলেন পলাশও ৷ সুরকারের গলায় হুঁশিয়ারির সুর ৷

SMRITI MANDHANA
স্মৃতি মন্ধনা (ANI)
author img

By ETV Bharat Sports Team

Published : December 7, 2025 at 2:14 PM IST

3 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ, 7 ডিসেম্বর: আশঙ্কাই সত্যি হল শেষেমেশ ৷ ভেঙে গেল ভারতীয় ক্রিকেটার স্মৃতি মন্ধনার বিয়ে ৷ গত 23 নভেম্বর মহারাষ্ট্রের সাংলিতে সুরকার পলাশ মুচ্ছলের সঙ্গে বিবাহ-বন্ধনে আবদ্ধ হওয়ার কথা ছিল সদ্য বিশ্বকাপ জয়ী স্মৃতির ৷ কিন্তু বিয়ের দিন সকালে বাবা হৃদরোগে আক্রান্ত হওয়ায় বিয়ের অনুষ্ঠান স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় ওপেনার ৷ শেষমেশ ভেঙে গেল সেই বিয়ে ৷ রবিবার দুপুরে সোশাল মিডিয়ায় বিয়ে ভেঙে যাওয়ার কথা ঘোষণা করেন মন্ধনা ৷

স্মৃতি লেখেন, "গত কয়েক সপ্তাহ ধরে আমার জীবন ঘিরে নানা জল্পনা চলেছে ৷ আমার মনে হয় এই মুহূর্তে বিষয়টি খোলসা করা জরুরি ৷ আমি ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগত স্তরে রাখতেই পছন্দ করি ৷ এক্ষেত্রেও তার অন্যথা নয় ৷ তবে আমি এটা স্পষ্ট করতে চাই যে বিয়ে ভেঙে গিয়েছে ৷" বিশ্বজয়ী ক্রিকেটারের সংযোজন, "আমি এখানেই বিষয়টিকে শেষ করতে চাই এবং আপনাদের সকলের কাছেও আমার একই অনুরোধ রইল ৷ দুই পরিবারেরই গোপনীয়তা রক্ষার বিষয়টিকে আপনারা সম্মান করবেন এবং নিজেদের ছন্দে এগিয়ে যেতে দেবেন বলেই আমার বিশ্বাস ৷"

স্মৃতি এবং বলিউডের জনপ্রিয় প্লে-ব্যাক গায়িকা পলক মুচ্ছলের ভাই পলাশের বিয়ে কী কারণে ভাঙল ? তার কোনও সদুত্তর নেই ৷ বিয়ে স্থগিত হওয়ার পর পলাশের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগের তির ধেয়ে এসেছিল ৷ যেখানে তাঁকে বলা হয়েছিল ভারতীয় ক্রিকেটারের সঙ্গে প্রতারণা করেছেন তিনি ৷ কিন্তু তার কোনও সঠিক প্রমাণ তো মেলেইনি এমনকী, বিয়ে ভাঙার কারণ হিসেবে পলাশকে কখনোই দায়ী করেননি স্মৃতি ৷

SMRITI MANDHANA
স্মৃতি মন্ধনার ইনস্টা স্টোরি (INSTAGRAM)

স্মৃতির ঘোষণার সঙ্গে সঙ্গে সুরকার পলাশ মুচ্ছলও এদিন সোশাল মিডিয়ায় এ বিষয়ে একটি আপডেট দিয়েছেন ৷ যেখানে পলাশ হুঁশিয়ারিও ছুড়েছেন নিন্দুকদের উদ্দেশে ৷ তিনি লেখেন, "ব্যক্তিগত সম্পর্ক থেকে বেরিয়ে এসে জীবনে এগিয়ে চলার সিদ্ধান্ত নিয়েছি আমি ৷ যে বিষয়টি আমার কাছে অত্যন্ত পবিত্র ছিল সেটি নিয়ে ভিত্তিহীন কিছু গুজবে মানুষ যেভাবে প্রতিক্রিয়া দিয়েছে তা আমার জন্য ভীষণই কঠিন ৷ এটি জীবনের সবচেয়ে কঠিন সময় আমার কাছে, তবে মার্জিতভাবেই আমি পরিস্থিতি সামলে নেব ৷"

PALASH MUCHHAL POST
পলাশ মুচ্ছলের সোশাল মিডিয়া বার্তা (INSTAGRAM)

পলাশ হুঁশিয়ারির সুরে এরপর বলেন, "যারা মিথ্যে এবং অপমানজনক কথাবার্তা বলছেন আমার দল তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করবে ৷ কঠিন সময়ে যাঁরা পাশে ছিলেন সকলকে ধন্যবাদ ৷" উল্লেখ্য, বিশ্বকাপ জয়ের মাঠেই স্মৃতিকে আংটি পরিয়ে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন পলাশ ৷ পরবর্তীতে গায়ে হলুদ, মেহেন্দির অনুষ্ঠানে চুটিয়ে মজা করেছিল দু'পক্ষ ৷ যে অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন জেমিমা রড্রিগেজ, শেফালি বর্মার মতো ভারতীয় দলে স্মৃতির সতীর্থরাও ৷ কিন্তু বিয়ে স্থগিত হয়ে যাওয়ার পর সোশাল মিডিয়া থেকে সমস্ত অনুষ্ঠানের ভিডিয়ো মুছে ফেলেছিলেন স্মৃতি, জেমিমারা ৷ তৈরি হয়েছিল জল্পনা ৷ বিয়ে ভেঙে যাওয়ার ঘোষণা সেরে এদিন সেই জল্পনাতেই সিলমোহর দিল দু'পক্ষ ৷

আরও পড়ুন: