স্পিনার-পেসার কম্বিনেশনে ধোঁয়াশা রেখে ইডেন-জয়ের খোঁজে গিলের ভারত
ইডেনে টস করতে নামাটা অন্যরকম অনুভূতি ৷ প্রাক-ম্য়াচ সাংবাদিক সম্মেলনে জানালেন প্রাক্তন নাইট ক্রিকেটার গিল ৷

Published : November 13, 2025 at 3:02 PM IST
কলকাতা, 13 নভেম্বর: ইডেনে বিশ্ব চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে নামার আগে রণনীতি সাজানো নিয়ে খানিক চাপে ভারত ৷ ম্যাচের 24 ঘণ্টা আগেও সাংবাদিক সম্মেলনে শুভমন গিলের কম্বিনেশন নিয়ে ধোঁয়াশা রাখা তেমনই ইঙ্গিত দিচ্ছে ৷ দল বেশি স্পিনারে ঝুঁকবে নাকি অতিরিক্ত এক পেসারে যাবে ? ভারত অধিনায়কের কথায় তা নির্ধারিত হবে ম্যাচের দিন সকালেই ৷
পেস বিভাগে জসপ্রীত বুমরা এবং মহম্মদ সিরাজ নিশ্চিত ৷ আকাশদীপও রয়েছেন স্কোয়াডে ৷ অন্যদিকে স্পিন বিভাগে রয়েছেন রবীন্দ্র জাদেজা, অক্ষর প্য়াটেল, ওয়াশিংটন সুন্দর ও কুলদীপ যাদব ৷ এদের মধ্যে প্রথম তিন জন আবার ব্য়াটিং অর্ডারেও প্রয়োজনে দাগ কাটতে পারেন ভালোমতোই ৷ তাই স্পিনার- পেসার কম্বিনেশন চূড়ান্ত করাটাই 'টাফ টাস্ক' ম্যানেজমেন্টের কাছে ৷
ম্য়াচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে ভারত অধিনায়ক শুভমন গিল বলেন, "একাদশ প্রায় চূড়ান্ত ৷ পিচ গতকালের তুলনায় খানিকটা আলাদা মনে হচ্ছে ৷ আগামিকাল সকালেই কম্বিনেশন চূড়ান্ত হবে ৷ তবে স্পিনাররাই যে কমবেশি ম্যাচের ভাগ্য নির্ধারণ করবে সেটা পরিষ্কার ৷" এদিনও ইডেনের পিচের হুমড়ি খেয়ে সুলুকসন্ধানের চেষ্টা করলেন গিল ৷ তার আগে বুধবার রাতে ইডেনের পিচকে শিশিরস্নাত করা হয়েছে নিয়মের ঘেরাটোপে থেকে ৷
আইপিএলে তাঁর প্রথম ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডর্স হওয়ায় ইডেনের সঙ্গে অনেক স্মৃতি সতত তাজা গিলের কাছে ৷ টেস্ট অধিনায়ক হিসেবে ক্রিকেটের নন্দনকাননে প্রথমবার টসে নামার আগে তাই স্মৃতির সরণি বেয়ে হাঁটলেন ভারত অধিনায়ক ৷ বললেন, "কলকাতার সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে ৷ আইপিএলে আমার সূচনা এখান থেকেই ৷ ছ'বছর আগে শেষ টেস্ট ম্য়াচে স্কোয়াডে থাকলেও খেলিনি ৷ সেই মাঠে অধিনায়ক হিসেবে নামাটা নিঃসন্দেহে অন্যরকম অনুভূতি ৷"
Leading #TeamIndia in his first Test outing at the iconic Eden Gardens 🏟️
— BCCI (@BCCI) November 13, 2025
🗣️🎥 Captain Shubman Gill is ready to live a special moment in the 1⃣st #INDvSA Test 🙌@IDFCFIRSTBank | @ShubmanGill pic.twitter.com/1MRPTr4Fa4
ঐচ্ছিক অনুশীলনে এদিন অধিনায়ক গিল ছাড়াও হাজির ছিলেন ঋষভ পন্থ, কেএল রাহুল, অক্ষর প্যাটেল, আকাশদীপ, কুলদীপ যাদবরা ৷ প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা দলে তিনজন স্পিনার রয়েছে ৷ যাঁরা যে কোনও সময় সমস্যা ডেকে আনতে পারেন ৷ সে কথা মাথায় রেখেই ভারতীয় একাদশে অলরাউন্ডারদের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে চলেছে ৷ গিলের কথায়,"আমাদের দলে এমন অনেক অলরাউন্ডার আছে যাঁরা ব্যাট এবং বল হাতে কার্যকরী ৷ ওরা সকলেই ম্যাচ জেতানোর মতো ক্রিকেটার ৷ সবমিলিয়ে টেস্টটা উত্তেজক হতে চলেছে ৷"
Different threads, same intensity 🔥 #TeamIndia all geared up for the red-ball challenge against South Africa 💪 @IDFCFIRSTBank | #INDvSA pic.twitter.com/RjqAYguOCF
— BCCI (@BCCI) November 12, 2025
শুক্রবার ভারতীয় দল যখন ইডেনে টেস্ট ম্যাচে নামবে মহম্মদ শামি রবিবার তখন 58 কিলোমিটার দূরে কল্যাণীতে বাংলার জার্সিতে রঞ্জিতে নামবেন ৷ চোট সারিয়ে সম্পূর্ণ ফিট শামি বাংলার জার্সিতে কেবল ঘামই ঝরাচ্ছেন না, নিয়মিত উইকেটের মধ্যে রয়েছেন ৷ ইডেনে নির্বাচক আরপি সিং দেখতে এসেছিলেন শামির পারফরম্যান্স ৷ কল্যাণীতে অসমের বিরুদ্ধে নাকি তাঁকে দেখতে যাবেন নির্বাচক প্রধান অজিত আগরকার ৷ ভারতীয় দলে শামির অনুপস্থিতি নিয়ে সাংবাদিক সম্মেলনে প্রশ্নের মুখে পড়তে হল গিলকেও ৷
বাউন্সার সামলে ভারত অধিনায়ক বলেন, "কখনও কখনও শামির মতো বোলারকে ছেড়ে মাঠে নামা কঠিন হয়ে দাঁড়ায় ৷ শামি ভাইয়ের মতো বোলারকে আমরা মিস করতে বাধ্য ৷ তবে ভবিষ্যতের কথা ভেবে, বিদেশ সফরের কথা ভেবে আমাদের পরিকল্পনা এগোতে হয় ৷" শামি কি সেই ভবিষ্যত পরিকল্পনায় রয়েছেন ? উত্তরে গিল জানান, সেটা নির্বাচকরাই বলতে পারবেন ৷

