ETV Bharat / sports

সেহওয়াগের 19 বছরের রেকর্ড ভাঙল পাক অধিনায়কের ব্য়াটে

সেহওয়াগের পাশাপাশি দেশের প্রাক্তন অধিনায়ক ইনজামামকেও পিছনেও ফেললেন বর্তমান ৷

SHAN MASOOD
শান মাসুদ (GETTY)
author img

By ETV Bharat Sports Team

Published : December 30, 2025 at 1:37 PM IST

2 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ, 30 ডিসেম্বর: মাত্র 182 বলে 200 রান ৷ 2006 সালে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের মাটিতে প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম ডাবল-সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন বীরেন্দ্র সেহওয়াগ ৷ প্রাক্তন ভারত ওপেনারের সেই নজির অক্ষত ছিল 19 বছর ধরে ৷ রবিবার তা ভেঙে গেল ৷ লম্বা সময় ধরে দখলে থাকা বীরেন্দ্র সেহওয়াগের সেই নজির ভেঙে দিলেন পাক অধিনায়ক শান মাসুদ ৷ পাক মুলুকে দ্রুততম দ্বিশতরানের নজির গড়লেন তিনি ৷ যা এল 177 বলে ৷

তবে আন্তর্জাতিক নয়, ঘরোয়া ক্রিকেটে রেকর্ডবুকে নাম তুললেন বাঁ-হাতি পাক ব্য়াটার ৷ প্রেসিডেন্টস কাপ গ্রেড-ওয়ানে সুই নর্দার্ন গ্য়াস পাইপলাইনস লিমিটেডের হয়ে খেলছেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক ৷ সেখানে সাহির অ্য়াসোসিয়েটসের বিরুদ্ধে চারদিনের ম্য়াচের প্রথমদিন নজিরে নাম তুললেন মাসুদ ৷ কেবল বীরেন্দ্র সেহওয়াগ নয়, 177 বলে ডাবল-সেঞ্চুরি করে পাক কিংবদন্তি ইনজামাম-উল-হককেও পিছনে ফেললেন তিনি ৷

পাকিস্তান ব্য়াটার হিসেবে দেশের মাটিতে এতদিন দ্রুততম ডাবল-সেঞ্চুরির নজির ছিল প্রাক্তন অধিনায়ক ইনজামামের ঝুলিতে ৷ 1992 সালে অক্সফোর্ড অ্যান্ড কেমব্রিজ ইউনিভার্সিটির বিরুদ্ধে 188 বলে দ্বিশতরান করেছিলেন 'ইনজি' ৷ তিন দশকেরও পুরনো সেই রেকর্ড ভেঙে গেল বর্তমান অধিনায়কের ব্যাটে ৷ প্রথম শ্রেণির ক্রিকেটে চলতি বছর এই নিয়ে দ্বিতীয় দ্বিশতরানটি এল শান মাসুদের ব্য়াটে ৷ কয়েকমাস আগে করাচি ব্লুজের হয়ে প্রথম দ্বিশতরানটি করেছিলেন তিনি ৷ সামগ্রিকভাবে এই নিয়ে প্রথম শ্রেণির কেরিয়ারে পঞ্চম দ্বিশতরান পূর্ণ করলেন বাঁ-হাতি পাক ব্যাটার ৷

185 বল খেলে প্রথমদিন 212 রানে অপরাজিত থাকা মাসুদ দ্বিতীয়দিন মাত্র চার রান যোগ করে আউট হন ৷ 200 বলে পাক অধিনায়কের 216 রানের ইনিংসে রয়েছে 28টি চার ও দু'টি ছক্কা ৷ প্রথমদিন দ্বিতীয় উইকেটে আলি জারিয়াবের সঙ্গে জুটিতে 390 রান যোগ করেন মাসুদ ৷ আলি জারিয়াব অল্পের জন্য দ্বিশতরান হাতছাড়া করে 192 রানে সাজঘরে ফেরেন ৷ দ্বিতীয়দিন পাঁচ উইকেটে 575 রান তুলে প্রথম ইনিংস ডিক্লেয়ার করে দেয় শান মাসুদের দল ৷ জবাবে প্রথম ইনিংসে 136 রানে গুটিয়ে ফলো-অন করছে সাহির অ্য়াসোসিয়েটস ৷

লাল-বলের ক্রিকেটে চলতি বছরটা দারুণ গিয়েছে শান মাসুদের ৷ 71.10 ব্য়াটিং গড়ে 25 ইনিংসে তাঁর ব্য়াট থেকে এসেছে 1564 রান ৷ তার মধ্যে একটি সেঞ্চুরি ও তিন হাফসেঞ্চুরি-সহ জাতীয় দলের জার্সিতে করেছেন 397 রান ৷

আরও পড়ুন: