লোবেরার অধীনে অনুশীলন শুরু বাগানে, আইএসএলের ভবিষ্যত বিশ বাঁও জলেই
গত 26 নভেম্বর হোসে মোলিনার জুতোয় পা গলিয়ে আইএসএল চ্যাম্পিয়নদের কোচের পদে নিযুক্ত হন লোবেরা ৷

Published : December 12, 2025 at 11:04 AM IST
কলকাতা, 12 ডিসেম্বর: শহরে পা দেওয়ার চব্বিশ ঘণ্টা পরেই মাঠে নেমে পড়লেন মোহনবাগান সুপার জায়ান্টের নয়া কোচ সার্জিয়ো লোবেরা ৷ মঙ্গলবার মধ্যরাতে পা রেখেছিলেন কলকাতায় ৷ আর বৃহস্পতিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে নয়া কোচের ক্লাসে সবুজ-মেরুন ফুটবলাররা ৷ জ্বর হওয়ায় আপুইয়া মাঝপথে ছুটি নিয়ে ফিরে যান ৷ বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন লিস্টন কোলাসো, তাই অনুপস্থিত ৷ বাকি সকলেই এদিন হাজির লোবেরার প্রথম ক্লাসে ৷ শুধু উপস্থিত নয় প্রত্যেকেই বরং বাড়তি মনোযোগী ৷
ওড়িশা এফসি ছেড়ে গত 26 নভেম্বর হোসে মোলিনার জুতোয় পা গলিয়ে আইএসএল চ্যাম্পিয়নদের কোচের পদে নিযুক্ত হন ভারতীয় ফুটবল সার্কিটে পোড় খাওয়া কোচ ৷ তারপর ভিসা না-পাওয়ার কারণে দলের অনুশীলনে যোগ দিতে দেরি হচ্ছিল তাঁর ৷ তবে তিনি যে হোমওয়ার্ক করেই সবুজ-মেরুনের দায়িত্ব নিয়েছেন, তা বুঝিয়ে দিলেন প্রথমদিনই ৷ মূলত জোর দিলেন ফিটনেসের উপর ৷ তারপর বল নিয়ে অনুশীলন ৷ ফিটনেস ট্রেনিং সহকারির ওপর ছাড়লেও বল নিয়ে অনুশীলনে সজাগ লোবেরো ৷ পুরো অনুশীলনই সংগঠিত হল তাঁরই নির্দেশে ৷ গুটিকয়েক মোহনবাগান সমর্থক প্র্যাকটিসে উপস্থিত ছিলেন লক্ষ্মীবারে ৷ তাদের জয়ধ্বনিতে মুচকি হেসে বেরিয়ে যান লোবেরা ৷ প্রথমদিন সাংবাদিকদেরও মুখোমুখি হননি তিনি ৷
সুপার কাপ থেকে বিদায়ের পর গত পয়লা নভেম্বর পুনরায় অনুশীলন শুরু হয়েছিল মোহনবাগানে ৷ সুপার কাপের পরে অনির্দিষ্টকালের জন্য অনুশীলন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সবুজ-মেরুনে ৷ আইএসএল নিয়ে ধোঁয়াশার কারণেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ম্যানেজমেন্টের তরফে ৷ কিন্তু মাঝের সময়ে সবুজ-মেরুনে সবচেয়ে বড় পরিবর্তন নয়া কোচ ৷ যদিও আইএসএল নিয়ে ধোঁয়াশা অব্যাহত রয়েছে ৷ ক্লাব জোট আইএসএল আয়োজনের পক্ষে সওয়াল করেছে ৷ যার নেতৃত্বে সুপার জায়ান্টের সিইও বিনয় চোপড়া ৷
To new beginnings ♥️💚#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/XKSFKUweMa
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) December 11, 2025
অন্যদিকে আলোচনার মধ্যে দিয়ে যৌথ উদ্যোগে দেশের সর্বোচ্চ লিগ চালু করার প্রস্তাব দিয়েছে ফেডারেশন ৷ তাতে অবশ্য সায় নেই ক্লাব জোটের ৷ গত বুধবার কনসর্টিয়াম করে আইএসএল আয়োজনে সায় দিয়েছিল ফেডারেশন ৷ সেই মর্মে চিঠিও দেওয়া হয় ৷ কিন্তু বৃহস্পতিবার ক্লাব জোটের পক্ষ থেকে জানানো হয়েছে আলোচনা অনেক হয়েছে ৷ আর বাক্য বিনিময়ের সময় নেই, এবার আশু পদক্ষেপ জরুরি ৷ আগামী 20 ডিসেম্বর ফেডারেশনের বার্ষিক সাধারণ সভায় সংবিধান সংশোধন করে দ্রুত ফুটবল চালুর উপর জোর দিয়েছে ক্লাব জোট ৷ কারণ, ভারতীয় ফুটবলের সঙ্গে কয়েক হাজার ফুটবলার এবং অন্যান্য ভোক্তারা জড়িত ৷ তাই ফুটবল বন্ধ হলে বিরাট সংখ্যক মানুষের রুটিরুজিতে টান পড়ার শঙ্কা রয়েছে ৷ আর সে কারণেই মোহনবাগান সুপার জায়ান্টের নেতৃত্বে শীর্ষ ক্লাবগুলি সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে চরম হুঁশিয়ারি দিয়েছে ৷
ক্লাব জোট এবং ফেডারেশনের এই চিঠি চালাচালি সত্ত্বেও পুরো বিষয়টি এখন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক এবং সুপ্রিম কোর্টের অধীনে। ক্রীড়ামন্ত্রকের পর্যবেক্ষণের পর রিপোর্টের ভিত্তিতে সুপ্রিম কোর্ট চূড়ান্ত যে রায় দেবে, তা মানতে বাধ্য হবে সবপক্ষই ৷ সেক্ষেত্রে সংবিধান সংশোধনও বাধ্যতামূলক হয়ে উঠবে ফেডারেশনের কাছে ৷ তাই বলা যায় আইএসএল জট কাটাতে ক্লাব জোট যতটা তৎপরতা দেখাচ্ছে, ফেডারেশন সেই তৎপরতার প্রেক্ষাপটে সময় কেনার চেষ্টা করছে ৷ ফলে সমস্যা সমাধানের পথ খুলছে তো না-ই ৷ পরিস্থিতি এখনও বিশ বাঁও জলে ৷

