টেস্ট শুরুর আগে ইডেনে সচিনের 'দূত', নিয়ে গেলেন মহারাজকীয় স্বাক্ষর
ম্য়াচের আগেরদিন দুপুরের দিকে নস্ট্যালজি সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্য়ায় ৷ সৌজন্যে সচিন তেন্ডুলকরের প্রেরিত দূত ৷

Published : November 13, 2025 at 6:06 PM IST
কলকাতা, 13 নভেম্বর: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টের বাইশ গজ কেমন আচরণ করবে ? ভারতীয় একাদশের কম্বিনেশনই বা কী হবে ? এমনই সব প্রশ্নের উত্তর জানতে উৎসুক অনুরাগীদের ভীড় ইডেন গার্ডেন্স চত্বরে ৷ ছ'বছর পর ক্রিকেটের নন্দনকাননে টেস্ট ম্য়াচ নিয়ে তুঙ্গে আগ্রহ এবং টিকিটের চাহিদা ৷ এমন সময় ম্য়াচের আগেরদিন দুপুরের দিকে নস্ট্যালজিক সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্য়ায় ৷ সৌজন্যে সচিন তেন্ডুলকরের প্রেরিত দূত ৷
শুনতে অবাক লাগছে ? তাহলে খোলসা করা যাক বিষয়টি ৷ টেস্ট ম্যাচের আগেরদিন অর্থাৎ, বৃহস্পতিবার ভরা দুপুরে সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের ঘরে সচিন তেন্ডুলকরের বার্তা নিয়ে হাজির জনৈক ব্যক্তি ৷ মাস্টার-ব্লাস্টারের বিশেষ অনুরোধ নিয়ে উপস্থিত হয়েছেন বলে দাবি করেন তিনি ৷ কী সেই বার্তা বা অনুরোধ ? মহারাজ প্রথমে বিষয়টি শুনে খানিকটা অবাকই হয়েছিলেন ৷ পরবর্তীতে ডেকে পাঠান তাঁকে ৷ সংশ্লিষ্ট ব্যক্তির উদ্দেশ্য জেনে বিস্মিত এবং একইসঙ্গে নস্ট্যালজিক সৌরভ ৷
পরবর্তীতে জানা গেল 'ক্রিকেট ঈশ্বর' তাঁর দূতের হাত দিয়ে একটি ছবি পাঠিয়েছেন একদা সতীর্থ সৌরভের কাছে ৷ যে ছবিতে সচিন-সৌরভ ছাড়াও রয়েছেন ভিভিএস লক্ষ্মণ এবং রাহুল দ্রাবিড় ৷ অর্থাৎ, একদা ভারতীয় দলের 'ফ্যাব ফোর' ৷ টিম ইন্ডিয়ার সোনালি দিনের সেই ছবিটি এনে সচিনের দূত সেটিতে সই করে দেওয়ার অনুরোধ করেন সিএবি প্রেসিডেন্টকে ৷ ছোটে মিয়াঁর অনুরোধ, তাই কালবিলম্ব না করে সৌরভ সেটিতে সই করে দেন ৷ তারপর নিজেই জানান, ছবিটি তোলা হয়েছিল ইংল্যান্ডের হোভে ৷
কেবল মাঠের নামই নয়, ওই মাঠে সংশ্লিষ্ট টেস্টে ফ্যাব ফোরের পারফরম্যান্সের পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়ে গেলেন 'প্রিন্স অব ক্য়ালকাটা' ৷ সৌরভের ঘরে উপস্থিত সকলে তখন বিস্মিত ৷ এত পুরানো দিনের কথা হুবহু মনে রয়েছে কীভাবে ? সৌরভ জানালেন, প্রশাসনের চেয়ারে বসলে কী হবে; তিনি আদতে তো মাঠেরই লোক ৷ তাই মাঠের কথা ভোলেন কী করে ৷ তবে সচিন কেন পুরনো ছবিটি পাঠিয়েছেন, দূত অবশ্য বিষয়টি খোলসা করলেন না ৷ শুধু বললেন, "আমাকে বলা হয়েছে দাদির সই ছবির উপর করিয়ে আনতে ৷ এর বেশি আমি কিছুই জানি না ৷"
এদিকে ইডেন টেস্টে টিকিটের চাহিদা তুঙ্গে ৷ অনিল কুম্বলে যেমন এদিন ফোন করেন সিএবি কোষাধ্যক্ষ সঞ্জয় দাসকে ৷ দেশের প্রাক্তন অধিনায়কের স্ত্রী এই মুহূর্তে কলকাতায় রয়েছেন ৷ তিনি দক্ষিণেশ্বর, বেলুড়-সহ বিভিন্ন জায়গা ঘুরতে এসেছেন ৷ তাঁর যাতে কোনও অসুবিধা না-হয় সেজন্য সঞ্জয়কে অনুরোধ 'জাম্বো'র ৷ সেই সময় সৌরভের সঙ্গেও কথা হয় তাঁর ৷

