'আজকের দিনটা দশে 10', লিয়োকে বিশ্বজয়ের জার্সি উপহার দিয়ে লিখলেন সচিন
ভারত সফরের দ্বিতীয়দিন রবিবার মুম্বইয়ে পা রেখেছিলেন মেসি, সুয়ারেজরা ৷

Published : December 15, 2025 at 10:10 AM IST
মুম্বই, 15 ডিসেম্বর: প্রারম্ভে কলকাতায় কেলেঙ্কারির পর শনিবার সন্ধেয় হায়দরাবাদে প্রাণ পেয়েছিল লিয়োনেল মেসির 'ইন্ডিয়া গোট ট্যুর' ৷ তবে সবচেয়ে কাঙ্খিত মুহূর্তটা বোধহয় বরাদ্দ ছিল রবিবার সন্ধের জন্য ৷ সূচি মেনে রবিবাসরীয় সন্ধেয় ওয়াংখেড়ে স্টেডিয়াম সাক্ষী থাকল 'GOAT ক্রসওভার'-এর ৷ ফুটবলের গোট লিয়ো মেসির সঙ্গে বাইশ গজের গোট সচিন তেন্ডুলকরের সাক্ষাতের মুহূর্ত প্রশ্নাতীতভাবে বিশ্বজয়ী 'লা আলবিসেলেস্তে' অধিনায়কের ভারত সফরের সবচেয়ে আকাঙ্খিত দৃশ্য ৷ এদিন তারিয়ে-তারিয়ে যে মুহূর্তের স্বাদ নিল ওয়াংখেড়ে ৷
প্রায় দেড় দশক আগে সচিনের বর্ণময় কেরিয়ারের সবচেয়ে স্মরণীয় মুহূর্তটা এসেছিল ওয়াংখেড়েতেই ৷ 28 বছর বাদে ভারত বিশ্বজয় করেছিল যে মাঠে, সেই মাঠেই লিয়োর হাতে স্বাক্ষর করা তাঁর বিশ্বজয়ের জার্সি তুলে দিলেন 'ক্রিকেট ঈশ্বর' ৷ পাল্টা তিনবছর আগে বিশ্বজয় করা আর্জেন্তাইন মহাতারকা চুপ থাকেন কী করে ? তিনি সচিনকে উপহার দেন বিশ্বকাপের বল ৷ দুই ক্ষণজন্মার সাক্ষাতের মুহূর্তে ভারতের বিশ্বজয়ের মাঠে তৈরি হয় এক অদৃশ্য জ্যোতির্বলয় ৷ যা পাশে দাঁড়িয়ে উপভোগ করলেন মেসির দুই সতীর্থ রড্রিগো দি পল এবং লুইস সুয়ারেজ ৷

সোশাল মিডিয়ায় পরবর্তীতে সেই মুহূর্তের ছবি পোস্ট করেন একশো আন্তর্জাতিক শতরানের মালিক ৷ এক্সে সচিন লেখেন, "লিয়ো মেসি বলতেই হবে আজকের দিনটা ছিল 10/10 (দশে দশ) ৷" তবে শুধুই সচিন নন, মেসি-উৎসবে রবিবারের ওয়াংখেড়ে ছিল চাঁদের হাট ৷ হাজির ছিলেন ভারতীয় ফুটবলের সর্বাধিক গোলস্কোরার সুনীল ছেত্রী, নিখিল পূজারি, বালা দেবী, রাহুল ভেকে, চিংলেনসানা সিংরা ৷ আর বলিউডের শহরে অভিনেতারা থাকবেন না তা কী করে হয় ৷ এসেছিলেন টাইগার শ্রফ, জিম সর্ভ, ডিনো মারিয়ার মতো অভিনেতারা ৷ মেসি-সাক্ষাতের আগে এরা সকলেই অংশ নেন একটি প্রদর্শনী ম্য়াচে ৷
VIDEO | Maharashtra: Amid loud cheers, Indian cricket legend Sachin Tendulkar gifts Argentine football icon Lionel Messi the 2011 World Cup jersey, calling it a golden moment for Mumbai and India.
— Press Trust of India (@PTI_News) December 14, 2025
(Source: Third Party)
(Full VIDEO available on PTI Videos –… pic.twitter.com/GKIqReBoqa
পরবর্তীতে ভারতীয় ফুটবলে তাঁর কাউন্টার-পার্ট সুনীল ছেত্রীকে আর্জেন্তিনার জার্সি উপহার দেন 'এলএম টেন' ৷ লিয়ো ও তাঁর সতীর্থদের সংবর্ধিত করা হয় মহারাষ্ট্র সরকারের তরফে ৷ এরপর কিক করে ওয়াংখেড়ের ভরা গ্যালারিতে বল পাঠান মেসি-সুয়ারেজরা ৷ শেষে আর্জেন্তাইন ফুটবল মায়েস্ত্রোর হাতে উন্মোচিত হয় মহারাষ্ট্র সরকারের 'প্রজেক্ট মহাদেব' ৷ তৃণমূল স্তরে ফুটবল উন্নয়নের লক্ষ্যে এই প্রজেক্ট উন্মোচনের পর মেসিকে কৃতজ্ঞতা জানান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ ৷ সোমবার দিল্লি ঘুরে শেষ হবে মেসির বহু প্রতীক্ষিত ভারত সফর ৷

