ETV Bharat / sports

স্বপ্নের ফর্মে রুতুরাজ, ফের সেঞ্চুরি হাঁকিয়ে বিজয় হাজারেতে গড়লেন রেকর্ড

অজি কিংবদন্তি মাইকেল বেভানকে ছাপিয়ে এখন লিস্ট-এ'তে সর্বাধিক ব্যাটিং গড় মহারাষ্ট্র অধিনায়কের ঝুলিতে ৷

RUTURAJ GAIKWAD
রুতুরাজ গায়কোয়াড় (PTI)
author img

By ETV Bharat Sports Team

Published : January 8, 2026 at 3:44 PM IST

2 Min Read
Choose ETV Bharat

জয়পুর, 8 জানুয়ারি: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে আসন্ন ওডিআই সিরিজের স্কোয়াডে রাখা হয়নি তাঁকে ৷ কিন্তু ঘরোয়া লিস্ট-এ টুর্নামেন্টে স্বপ্নের ফর্ম জারি রেখে নির্বাচকদের প্রচ্ছন্ন বার্তাটা দিয়ে রাখলেন রুতুরাজ গায়কোয়াড় ৷ চলতি বিজয় হাজারে ট্রফিতে মহারাষ্ট্র দলনায়কের পারফরম্য়ান্স নিয়ে প্রচুর শব্দ ব্যয় হচ্ছে সংবাদমাধ্যমে ৷ বৃহস্পতিবার গ্রুপ লিগের শেষ ম্য়াচেও সেঞ্চুরি হাঁকিয়ে চর্চায় রইলেন চেন্নাই সুপার কিংস ক্রিকেটার ৷ যা চলতি লিস্ট-এ টুর্নামেন্টে তাঁর দ্বিতীয় শতরান ৷

শুধু কি তাই ৷ জয়পুরে এদিন গোয়ার বিরুদ্ধে ম্য়াচে বিজয় হাজারের সর্বাধিক শতরানকারীও হয়ে গেলেন তিনি ৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েও কিউয়িদের বিরুদ্ধে স্কোয়াড থেকে বাদ পড়া ব্যাটার এদিন অপরাজিত রইলেন 131 বলে 134 রানে ৷ যা বিজয় হাজারে ট্রফিতে তাঁর 15 নম্বর শতরান ৷ এই রেকর্ডে তিনি সমকক্ষে বসলেন তাঁর রাজ্য দলেরই সিনিয়র ব্যাটার অঙ্কিত বাওয়ানের ৷

তবে অঙ্কিতের তুলনায় অনেক কম ইনিংস খেলে বিজয় হাজারেতে 15তম সেঞ্চুরিটি করলেন রুতুরাজ ৷ অঙ্কিত বাওয়ানে যেখানে 94 ইনিংসে করেছিলেন, জাতীয় দলের ক্রিকেটার সেখানে মাত্র 59 ইনিংসে বিজয় হাজারেতে 15 বার পৌঁছলেন তিন অঙ্কের রানে ৷ রুতুরাজের লিস্ট-এ কেরিয়ারের 20তম সেঞ্চুরি এটি ৷

তাঁর দল নকআউট-পর্বে পৌঁছনোর সুযোগ হাতছাড়া করায় চলতি প্রতিযোগিতায় আর দেখা যাবে না রুতুরাজের ব্য়াটিং ৷ তবে সাত ম্যাচে 412 রান করে ল্যান্ডমার্ক সেট করলেন তিনি ৷ নজিরের আরও বাকি রয়েছে রুতুরাজের ব্যাটে ৷ 95 ইনিংসে এদিন 20তম সেঞ্চুরি এল মহারাষ্ট্র ক্রিকেটারের ব্য়াটে ৷ যা লিস্ট-এ ক্রিকেটের ইতিহাসে দ্রুততম ৷ পাশাপাশি লিস্ট-এ'তে এদিন 5,000 রানের মাইলস্টোনও ছুঁয়ে ফেললেন রুতুরাজ ৷

শতরান হাঁকিয়ে এদিন অপরাজিত থাকায় লিস্ট-এ'তে মহারাষ্ট্র ব্য়াটারের ব্য়াটিং গড় বেড়ে হল 58.83 ৷ কমপক্ষে 50 ইনিংস খেলা ব্যাটার হিসেবে লিস্ট-এ ক্রিকেটে এখন সর্বাধিক গড় রুতুরাজের ঝুলিতেই ৷ এক্ষেত্রে তিনি পিছনে ফেললেন অস্ট্রেলিয়ার প্রাক্তন কিংবদন্তি অলরাউন্ডার মাইকেল বেভানকে (57.86) ৷ এদিন প্রথম ব্য়াটিংয়ে নেমে একসময় 52 রানে ছয় উইকেট হারিয়েছিল মহারাষ্ট্র ৷ অধিনায়কের সৌজন্যে বিপর্যয় সামলে সাত উইকেটে শেষপর্যন্ত 249 রান তোলে তাঁরা ৷ ভিকি ওস্তওয়াল করেন 53 রান ৷

  • বিজয় হাজারেতে সর্বাধিক শতরানকারী:
  1. রুতুরাজ গায়কোয়াড়- 15*
  2. অঙ্কিত বাওয়ানে- 15*
  3. দেবদূত পারিক্কল- 13*
  4. ময়াঙ্ক আগরওয়াল- 13*
  5. মনন ভোহরা- 11*
  6. রবিন উথাপ্পা-11
  7. নারায়ণ জগদীশণ- 10*
  8. যশপাল সিং-10

আরও পড়ুন: