ETV Bharat / sports

'মোটা হয়ে যাব', সিরিজ জয়ের সেলিব্রেশনে কেক ছুঁলেন না রোহিত

রোহিতের কেক মুখে না-তোলার ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷

ROHIT SHARMA
রোহিত শর্মা (AP)
author img

By ETV Bharat Sports Team

Published : December 7, 2025 at 5:57 PM IST

2 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ, 7 ডিসেম্বর: আসন্ন বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেতে পারফরম্য়ান্স বজায় রাখার পাশাপাশি ফিটনেসেও মনোযোগী হয়েছেন রোহিত গুরুনাথ শর্মা ৷ অস্ট্রেলিয়া সফরের পর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজেও কথা বলেছে তাঁর ব্যাট ৷ আর ভারতকে জিতিয়ে 2027 বিশ্বকাপের কথা মাথায় রেখে ফিটনেস ইস্যুতে তিনি যে কতোটা প্রত্যয়ী, তার প্রমাণ দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক রোহিত শর্মা ৷ সিরিজ জয়ের সেলিব্রেশনে হোটেলে ফিরে ভারতীয় দল কেক কেটে সেলিব্রেশন সারলেও তা মুখে তুললেন না 'হিটম্যান' ৷ যে ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায় ৷

যশস্বী জয়সওয়ালের অভিষেক সেঞ্চুরি বিশাখাপত্তনমে শনিবার প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজ জয়ে সবচেয়ে বড় ভূমিকা নিলেও কম যাননি রোহিত ৷ 73 বলে 75 রান আসে মুম্বইকরের ব্য়াটে ৷ সবচেয়ে বড় কথা ওয়ান-ডে'তে 61তম অর্ধশতরান পূর্ণ করার দিনে আন্তর্জাতিক ক্রিকেটে 20 হাজার রানের ক্লাবে প্রবেশ করেন রোহিত ৷ সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড় এবং বিরাট কোহলির পর চতুর্থ ভারতীয় ব্যাটার হিসেবে এই কীর্তি স্পর্শ করেন রোহিত ৷ ওপেনিংয়ে যশস্বীর সঙ্গে তাঁর 155 রানের জুটিই এদিন সিরিজ জয়ের ভিত গড়ে দিয়েছিল ৷

সে যাইহোক ৷ ম্য়াচ জেতার পর হোটেলে ফিরে সিরিজ জয়ের সেলিব্রেশনে মেতে ওঠে টিম ইন্ডিয়া ৷ যার একটি অংশ সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ৷ যেখানে কেক কাটতে দেখা যাচ্ছে ম্য়াচের সেরা যশস্বীকে ৷ পাশে দাঁড়িয়ে থাকা সিরিজ সেরা বিরাট কোহলিকে খাইয়ে কেক নিয়ে রোহিতের দিকে এগিয়ে যান যশস্বী ৷ কিন্তু ওপেনিং পার্টনারের থেকে কেক খেতে অস্বীকার করেন রোহিত ৷ হেসেই ভারত অধিনায়ক তাঁকে উত্তর দেন, "না না খাব না, মোটা হয়ে যাব ৷" নিমেষে সেই ভিডিয়ো ছড়িয়ে পড়ে ইন্টারনেটে ৷ যা দেখে স্পষ্ট ফিটনেস ইস্যুতে সাম্প্রতিক সময়ে কতোটা সচেতন রোহিত ৷

ব্যাট হাতেও ফর্মে রয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক ৷ ভারত হারলেও অস্ট্রেলিয়া সফরে সিরিজের সেরা হয়েছিলেন 'হিটম্য়ান' ৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সদ্যসমাপ্ত সিরিজে সেরা না-হলেও জোড়া অর্ধশতরান এসেছে তাঁর ব্যাটে ৷ প্রথম ম্য়াচে 57 রানের পর তৃতীয় ম্যাচে রোহিত করলেন 75 রান ৷ একটি শতরান-সহ 302 রান করে সিরিজের সেরা বিরাট কোহলি ৷ তৃতীয় ম্যাচ 61 বল বাকি থাকতে নয় উইকেটে জিতল ভারত ৷ পরবর্তীতে নতুন বছরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ওয়ান-ডে সিরিজে দেখা যাবে 'রো-কো' জুটিকে ৷ তার আগে প্রস্তুতি হিসেবে অবশ্য বিজয় হাজারে ট্রফিতে নিজ নিজ রাজ্য দলের হয়ে নামবেন দু'জনে ৷

আরও পড়ুন: