আফ্রিদিকে টপকে ছক্কার ওয়ার্ল্ড রেকর্ড 'হিটম্যানের', রানের পাহাড়ে ভারত
কোহলির সঙ্গে 'বিরাট' জুটিতে দলকে বড় রানের ভিতে দাঁড় করানোই নয়, রাঁচিতে বিশ্বরেকর্ডও গড়ে ফেললেন প্রাক্তন অধিনায়ক ৷

Published : November 30, 2025 at 6:15 PM IST
রাঁচি, 30 নভেম্বর: আসন্ন বিশ্বকাপে স্কোয়াডে জায়গা পাওয়ার লক্ষ্যে প্রতিনিয়ত পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হচ্ছে তাঁকে ৷ একই কথা প্রযোজ্য বন্ধু বিরাট কোহলির ক্ষেত্রেও ৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে প্রথম ওয়ান-ডে ম্য়াচে বন্ধু বিরাট ঝকঝকে সেঞ্চুরি হাঁকালেন ৷ তবে তিন অঙ্কের রান ছুঁতে না-পারলেও হাফসেঞ্চুরি এল রোহিত শর্মার ব্য়াটে ৷ অস্ট্রেলিয়া সফরে যেখানে শেষ করেছিলেন, ঘরের মাঠে প্রোটিয়াদের বিরুদ্ধে যেন সেখান থেকেই শুরু করলেন বিশ্বের পয়লা নম্বর ওডিআই ব্যাটার ৷ কোহলির সঙ্গে 'বিরাট' জুটিতে দলকে বড় রানের ভিতে দাঁড় করানোই নয়, একটি বিশ্বরেকর্ডও গড়ে ফেললেন প্রাক্তন অধিনায়ক ৷
ওডিআই ক্রিকেটে এককভাবে সর্বাধিক ছক্কার নজিরে নাম লেখাতে রবিবার রাঁচিতে তিনটি ছক্কা প্রয়োজন ছিল রোহিত শর্মার ৷ প্রোটিয়াদের বিরুদ্ধে এদিন প্রথম ওয়ান-ডে তিনটি ছক্কাই এল 'হিটম্য়ান'-এর ব্যাটে ৷ আর তৃতীয় ছক্কা হাঁকানোর সঙ্গে সঙ্গে শাহিদ আফ্রিদিকে টপকে ওয়ান-ডে'তে সর্বাধিক ছক্কার মালিক হলেন ভারতীয় ওপেনার ৷ আফ্রিদির 351 ছক্কাকে টপকে আন্তর্জাতিক ওডিআই ক্রিকেটে এদিন 352 ছক্কার মালিক হলেন মুম্বইকর ৷
এ প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, কেরিয়ারের 277 তম ম্যাচে (269 ইনিংসে) এই নজিরে নাম তুললেন রোহিত শর্মা ৷ আফ্রিদির তুলনায় 100 ইনিংস কম খেলে তাঁকে টপকে গেলেন ভারতের প্রাক্তন অধিনায়ক ৷ 20তম ওভারের চতুর্থ বলে মার্কো জানসেনকে গ্য়ালারির বাইরে পাঠিয়ে বিশ্বরেকর্ডে নাম তোলেন রোহিত ৷ যদিও 22তম ওভারে সেই জানসেনেরই শিকার হন ভারতীয় ওপেনার ৷ সাজঘরে ফেরার আগে 51 বলে ঝোড়ো 57 রানের ইনিংস খেলেন রোহিত ৷ যে ইনিংসে ছিল পাঁচটি চার ও তিনটি ছক্কা ৷
🚨 Record Alert 🚨
— BCCI (@BCCI) November 30, 2025
Rohit Sharma now holds the record for most sixes in ODI cricket history! 🙌
TAKE. A. BOW 🙇♂️
Updates ▶️ https://t.co/MdXtGgRkPo#TeamIndia | #INDvSA | @IDFCFIRSTBank pic.twitter.com/apcmS1UACG
বিরাট কোহলির সঙ্গে দ্বিতীয় উইকেটে 136 রান যোগ করে আউট হন রোহিত ৷ পরবর্তীতে বিরাট কোহলির 52তম ওডিআই সেঞ্চুরি এবং অধিনায়ক কান্নুর লোকেশ রাহুলের 60 রানের ইনিংস ভারতকে সাড়ে তিনশো রানের দোরগোড়ায় পৌঁছে দেয় ৷ 56 বলে দু'টি চার ও তিনটি ছয়ে সাজানো ছিল রাহুলের ইনিংস ৷ কোহলির ব্য়াট থেকে আসে 120 বলে 135 রান ৷ সেঞ্চুরি হাঁকিয়ে এদিন সচিন তেন্ডুলকরের নজির টপকে যান তিনি ৷ একটি ফরম্যাটে সর্বাধিক সেঞ্চুরির (52) বিশ্বরেকর্ড গড়ে ফেলেন 'রানমেশিন' ৷ শেষ পর্যন্ত 50 ওভারে আট উইকেটে 349 রান তোলে ভারত ৷
- ওয়ান-ডে'তে সর্বাধিক ছক্কা হাঁকানো প্রথম পাঁচ:
- রোহিত শর্মা- 352*
- শাহিদ আফ্রিদি- 351
- ক্রিস গেইল- 231
- সনথ জয়সূর্য- 270
- এমএস ধোনি-229

