জিম্বাবোয়ে ম্য়াচের আগে দল ছাড়লেন তারকা ব্যাটার, ভারতীয় শিবিরে বিরাট ধাক্কা
বিশ্বকাপের পরবর্তী পর্বে রিঙ্কু দলের সঙ্গে আর যোগ দেবেন কি না, তা নিয়েও তৈরি হয়েছে সংশয় ৷

Published : February 25, 2026 at 9:35 AM IST
চেন্নাই, 25 ফেব্রুয়ারি: জিম্বাবোয়ের বিরুদ্ধে 'মরণ-বাঁচন' ম্য়াচে নামার আগে ভারতীয় শিবিরে বিরাট ধাক্কা ৷ বাবার অসুস্থতার কারণে শিবির ছেড়ে বাড়ি ফিরলেন ডেথ ওভার স্পেশালিস্ট ব্যাটার রিঙ্কু সিং ৷ যা পরিস্থিতি তাতে জিম্বাবোয়ে ম্য়াচে তাঁকে পাওয়ার সম্ভাবনা ছেড়েছে ভারতীয় দল ৷
সূত্রের খবর, ক্য়ান্সার আক্রান্ত রিঙ্কু সিং'য়ের বাবা খানচাঁদ সিং ৷ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আশঙ্কাজনক অবস্থায় তাঁকে গ্রেটার নয়ডার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ আপাতত ভেন্টিলেটরে রয়েছেন তিনি ৷ কঠিন সময় পরিবারের পাশে থাকতেই শিবির ছেড়েছেন ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য রিঙ্কু ৷ মঙ্গলবার রাতে অবশ্য সংবাদসংস্থা আইএএনএস-এর রিপোর্ট অনুযায়ী খানচাঁদ সিং'য়ের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল ৷
দক্ষিণ আফ্রিকা ম্য়াচ খেলে আমেদাবাদ থেকে গত সোমবার দলের সঙ্গেই চেন্নাই উড়ে যান রিঙ্কু ৷ এরপর বাবার অসুস্থতার খবর পেয়ে মঙ্গলবার সকালে বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি ৷ সবমিলিয়ে যা পরিস্থিতি তাতে জিম্বাবোয়ে ম্য়াচের আগে দলের সঙ্গে পুনরায় যোগ দেওয়া সম্ভব নয় কেকেআরের হয়ে খেলা ক্রিকেটারের ৷ যদিও বিসিসিআই'য়ের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি রিঙ্কুর বিষয়ে ৷ তবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আগামী রবিবার সুপার-এইটের শেষ ম্য়াচে তাঁকে পাওয়া যাবে কি না, তা নিয়েও সংশয় রয়েছে ৷
Greater Noida, Uttar Pradesh: Cricketer Rinku Singh’s father, Khanchandra Singh, was admitted to Yatharth Hospital on a ventilator in Greater Noida. His condition is currently stable, and he remains under medical supervision for a serious illness. pic.twitter.com/ry7QfRS8lf
— IANS (@ians_india) February 24, 2026
এমনিতেই সুপার-এইটের প্রথম ম্য়াচ হেরে ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন ভারতের শেষ চারে পৌঁছনো নিয়ে আশঙ্কা রয়েছে ৷ বৃহস্পতিবার সামনে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কাকে চলতি টুর্নামেন্টে হারানো দল জিম্বাবোয়ে ৷ এমন সময় রিঙ্কুর দলে ছেড়ে যাওয়া টিম কম্বিনেশনে ধাক্কা দেবে বৈকি ৷
সেক্ষেত্রে রিঙ্কুর পরিবর্তে সিকন্দর রাজা নেতৃত্বাধীন জিম্বাবোয়ের বিরুদ্ধে সহ-অধিনায়ক অক্ষর প্য়াটেলকে একাদশে ফেরানোর ভাবনায় ভারতীয় দল ৷ দক্ষিণ আফ্রিকা ম্য়াচে অক্ষরকে ছাড়াই মাঠে নেমেছিল ভারত ৷ যা নিয়ে সমালোচিত হতে হয়েছিল টিম ম্যানেজমেন্টকে ৷ উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের কাছে সুপার-এইটের প্রথম ম্য়াচে 107 রানে নাস্তানাবুদ হতে হয়েছে জিম্বাবোয়েকে ৷ ভারতেরও লক্ষ্য আফ্রিকার দেশটিকে বড় ব্যবধানে হারিয়ে রান-রেট যতটা সম্ভব পুনরুদ্ধার করা ৷

