ETV Bharat / sports

রিচার রান প্রতি 1 লক্ষ টাকা দিচ্ছে সিএবি, বিশ্বজয়ী বরণে চমক ইডেনের ডিজিটাল ওয়ালে

শনির বিকেলে ইডেনে চমকের পর চমক ৷ মুুখ্যমন্ত্রী মমতা সিদ্ধান্ত নিয়েছেন রিচাকে DSP পদে চাকরি দেওয়া হবে ৷ CAB বিশ্বজয়ীকে দিচ্ছে 34 লক্ষ টাকা ৷

RICHA GHOSH
রিচা ঘোষ (AP)
author img

By ETV Bharat Sports Team

Published : November 8, 2025 at 4:38 PM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 8 নভেম্বর: সিএবির ডিজিটাল ওয়ালে এখন শুধুই রিচা ঘোষ। ব্যস্ত রাস্তার উপরে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের বিরাট বাড়ির দেওয়ালে তাকালে এতদিন দেখা যেত শচিন, সৌরভ, দ্রাবিড়, লক্ষণ, বিরাট কোহলি, ধোনিদের ইডেনে নানা খেলোয়াড়ি মুহূর্তের কোলাজ। যা এক লহমায় মনে করিয়ে দিত ইডেনে সেইসব ক্রিকটারদের মণিমাণিক্য ছড়ানো পারফরম্যান্সের কথা। বহুদিন ধরে ইডেনের বহিরঙ্গের এটাই ছবি। কিন্তু শনির বিকেলে ইডেনে চমকের পর চমক ৷

সামনেই ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টেস্ট ম্যাচ ৷ যা শুরু হতে চলেছে আগামী 14 নভেম্বর থেকে। তার আগে আজ ইডেনে রিচা বরণ। ভারতীয় মহিলা ক্রিকেট দল সদ্য বিশ্বকাপ জিতেছে। দেশজুড়ে মহিলা ক্রিকেট দলকে বরণ পর্ব চলছে। শুক্রবার শিলিগুড়ি তার সোনার মেয়েকে বাঁধভাঙা উচ্ছ্বাসে বরণ করে নিয়েছে। বিশ্বজয় করে রিচা তাঁর ঘরে ফিরে মায়ের হাতে রান্না করা পায়েস খেয়ে তৃপ্ত হয়েছেন। এবার আজ তাঁর কলকাতায় বরণ পর্ব।

বিশ্বজয়ী বরণে চমক ইডেনের ডিজিটাল ওয়ালে (ইটিভি ভারত)

রাজ্য ক্রিকেট সংস্থা রিচাকে সংবর্ধনা দেবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের রিচা বরণে উপস্থিত থাকার কথা। তিনিই রিচার হাতে সোনার ব্যাট তুলে দেবেন। সিএবিতে স্মারক উপহার দেখার উৎসাহ কর্তাদের মধ্যে ছিল যথেষ্ট। ইঞ্চি আটেকের একটি সোনার ব্যাট মঞ্চের উপর সোজা করে দাঁড় করানো। নীচে একটি বল। কাঁচের বাক্সে সোনার ব্যাটটি। মুখ্যমন্ত্রী ছাড়াও মঞ্চে সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ঝুলন গোস্বামী উপস্থিত থাকবেন রিচাকে সম্মান জানানোর সময়।

RICHA GHOSH
বিশ্বজয়ের সেলিব্রেশন রিচার (IANS)

সোনার ব্যাট ছাড়াও বিরাট অঙ্কের চেক তাঁর হাতে দেওয়া হবে সিএবির পক্ষ থেকে। শোনা যাচ্ছে 34 লক্ষ টাকার চেক দেওয়া হচ্ছে বাঙালি বিশ্বজয়ীকে। সিএবি-র কোষাধ্যক্ষ প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় দাস বলেন, "আমরা 34 লক্ষ টাকা পুরস্কার দিচ্ছি রিচাকে।"

কেন 34 লক্ষ টাকা? সঞ্জয় এই উত্তরে বলেন, "অবশ্যই এটা বিশেষভাবে পরিকল্পিত। আসলে মহিলাদের ওয়ান-ডে বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 34 রান করেছেন রিচা। ভারতের জয়ের অগ্রণী ভূমিকা নিয়েছে তাঁর ইনিংস। আমরা তাই ঠিক করেছি, ফাইনালে রিচার করা প্রত্যেক রানের জন্য 1 লক্ষ টাকা করে পুরস্কার দেওয়া হবে। 34 রানের জন্য চৌতিরিশ লক্ষ টাকা দেওয়া হবে তাঁকে।"

পুলিশে চাকরি রিচাকে দেওয়া হবে রাজ্য সরকার আগেই সিদ্ধান্ত নিয়েছিল। ডিএসপি পদে চাকরি মিলবে বিশ্বকাপ জয়ী বাংলার মেয়ে রিচা ঘোষের ৷ সূত্র বলছে সিদ্ধান্ত নিয়েছেন নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিনের সংবর্ধনার আগে সিএবি সেজে উঠেছে। তবে সবচেয়ে বড় চমক ইডেনের বহিরঙ্গের দেওয়ালে যে ডিজিটাল ওয়াল, সেখানে ৷ যেখানে ফুটে উঠছে সদ্য শেষ হওয়া বিশ্বকাপ ফাইনালে রিচার ইনিংসের ঝলক। যা নজরকাড়া। শনিবার বিকেলের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, রিচার পরিবারের সদস্যরা ৷ রিচার বরণ অনুষ্ঠানে টলিউডের উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছেন ৷ থাকছেন প্রসেনজিৎ, দেব, কোয়েল। এককথায় রিচা বরণে খামতি রাখতে রাজি নয় সিএবি। এদিকে টেস্ট খেলতে রবিবারই কলকাতায় চলে আসছে দক্ষিণ আফ্রিকা। পরদিন ভারতীয় দল আসবে।