ETV Bharat / sports

গুয়াহাটিতে যশস্বীদের ব্যাটিং 'বৈভব', মুম্বইকে হেলায় হারিয়ে জয়ের হ্যাটট্রিক রাজস্থানের

প্রথম তিন ম্যাচে টানা জয় লিগ টেবলের শীর্ষে নিয়ে গেল রয়্যালসকে ৷ সৌজন্যে দুই ওপেনিং ব্যাটারের তাণ্ডব ৷

VAIBHAV SOORYAVANSHI
গুয়াহাটিতে মারমুখী বৈভব সূর্যবংশী (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : April 8, 2026 at 6:36 AM IST

3 Min Read
Choose ETV Bharat

গুয়াহাটি, 8 এপ্রিল: গতদিন বৃষ্টিতে কলকাতায় মাটি হয়েছিল কলকাতা-পঞ্জাব দ্বৈরথ ৷ এদিনও পূর্বাভাস মিলিয়ে একটা সময় পর্যন্ত বৃষ্টির কারণে প্রায় অনিশ্চিত হয়ে পড়েছিল ম্যাচ ৷ কিন্তু কয়েকঘণ্টার অবিরাম বারিধারার পর শেষমেশ মঙ্গলবার গুয়াহাটিতে রাজস্থান রয়্যালস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ হল 11 ওভারের ৷ যা শুরু হল রাত 10 টা'রও পর ৷ বিলম্বিত সেই ম্যাচে ব্যাটিং-বোলিং সবেতেই মুম্বইকে ধরাশায়ী করে আইপিএলে জয়ের হ্যাটট্রিক করল রাজস্থান ৷ সেইসঙ্গে প্রথম তিন ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে চলে গেল তারা ৷

টানা বৃষ্টির কারণে ঢেকে থাকা পিচে টস জিতে বোলারদের ফায়দার কথা মাথায় রেখে যে কোনও অধিনায়ক বোলিংই বাছবেন ৷ অসুস্থতা কাটিয়ে একাদশে প্রত্যাবর্তন করা মুম্বই অধিনায়ক হার্দিক পান্ডিয়াও এদিন সেটাই করলেন ৷ কিন্তু তাঁর সিদ্ধান্ত ব্যুমেরাং হয়ে ফিরল রয়্যালসের দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও বৈভব সূর্যবংশীর ব্যাটিং তাণ্ডবে ৷

11 ওভারের ম্যাচে পাওয়ার-প্লে প্রথম 3.2 ওভার ৷ যেখানে বুমরা-বোল্টদের পিটিয়ে দুই রয়্যালস ওপেনার তুললেন 59 রান ৷ বুমরা বনাম সূর্যবংশীর যে দ্বৈরথ দেখার অপেক্ষায় ছিলেন অনুরাগীরা, সেখানে দ্বিতীয় ওভারে তারকা স্পিডস্টারকে জোড়া ছক্কা হাঁকিয়ে জিতে গেলেন সূর্যবংশী ৷ পেটালেন বোল্ট এবং শার্দূলকেও ৷ শেষমেশ একটি চার ও পাঁচ ছক্কায় 14 বলে 39 রান করে শার্দূলের শিকার হলেন পনেরোর ব্যাটার ৷

তবে মুম্বই বোলারদের প্রহার করে শেষ পর্যন্ত 77 রানে অপরাজিত থেকে যান ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের হয়েই খেলা জয়সওয়াল ৷ তাঁর যশস্বী ব্যাটিংয়ে দেড়শো ছুঁয়ে ফেলে দল ৷ ম্যাচের সেরাও বাঁ-হাতি এই ওপেনার ৷ 11 ওভারে তিন উইকেট হারিয়ে 150 রান তোলে রয়্যালস ৷ জয়সওয়ালের 32 বলের বিস্ফোরক ইনিংস সাজানো ছিল 10টি চার ও চারটি ছ'য়ে ৷ মুম্বইয়ের দু'টি উইকেট নেন আফগান স্পিনার আল্লাহ গজনফার ৷

জবাবে জোফ্রা আর্চার, নান্দ্রে বার্গার, সন্দীপ শর্মা, রবি বিষ্ণোইদের দাপটে দাগ কাটতে ব্যর্থ 'পল্টন'দের তারকাখচিত ব্যাটিং লাইন-আপ ৷ 11 ওভারে 151 রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে বিপর্যয় নামে মুম্বই শিবিরে ৷ 46 রানে পাঁচ উইকেট হারায় তারা ৷ ষষ্ঠ উইকেটে শেরফান রাদারফোর্ড ও নমন ধির কিছুটা চেষ্টা করেন ৷ কিন্তু তা যথেষ্ট ছিল না ৷ রাদারফোর্ড খেলেন আট বলে 25 রানের ক্যামিয়ো ৷ ধিরের ব্যাট থেকে আসে 13 বলে 25 ৷

শেষ পর্যন্ত 11 ওভারে নয় উইকেট হারিয়ে 123 রানের বেশি তুলতে ব্যর্থ মুম্বই ৷ রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়ারা দু'অঙ্কের রানেই পৌঁছতে পারেননি ৷ সবমিলিয়ে যোগ্য দল হিসেবে 27 রানে জিতে মাঠ ছাড়ে রাজস্থান ৷ দু'টি করে উইকেট নেন বার্গার, সন্দীপ ও বিষ্ণোই ৷ রয়্যালসের শীর্ষে যাওয়ার দিনে টানা দ্বিতীয় হারে লিগ টেবলে অনেকটাই পিছিয়ে পড়ল পাঁচবারের চ্যাম্পিয়নরা ৷

আরও পড়ুন: