ETV Bharat / sports

ক্রীড়ামন্ত্রীর ঘোষণার 48 ঘণ্টার মধ্যে তালা ঝুলল রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে

বন্ধ করা হল রবীন্দ্র সরোবর স্টেডিয়াম । রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে তালা দিয়ে যান ক্রীড়া দফতরের কর্তারা । জবরদখল মুক্ত করার কাজ শুরু ।

RABINDRA SAROBAR STADIUM
বন্ধ করা হল রবীন্দ্র সরোবর স্টেডিয়াম (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : May 22, 2026 at 11:40 AM IST

4 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 22 মে: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের ক্লাব বন্ধ । গত মঙ্গলবার রবীন্দ্র সরোবর স্টেডিয়ামকে দখল মুক্ত করে, নতুন রূপে উপস্থাপিত করার ঘোষণা করেছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক । সেই মতো বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ ক্রীড়া দফতরের নির্দেশে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে এই তালা ঝুলিয়ে দেওয়া হয় ৷ বন্ধ হয়ে গেল ফুটবল লিগের অনুশীলন থেকে শুরু করে অ্যাথলেটিক্স খেলাধুলো সংক্রান্ত সমস্ত রকম গতিবিধি ।

উল্লেখ্য, রবীন্দ্র সরোবরের অচলাবস্থা এবং বিগত সরকারের অনুগামীদের দখলদারি নিয়ে অভিযোগ অনেক দিনের । সাদার্ন সমিতি ছাড়া কোনও ক্লাবের ফুটবল বা ক্রীড়া কার্যকারিতা নেই বললেই চলে ।

রবীন্দ্র সরোবর স্টেডিয়ামের বাইরে বেআইনিভাবে দখলদারি ছিল, তাই বন্ধ (ইটিভি ভারত)

কেন বন্ধ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইদের ক্লাবের অফিস ?

স্টেডিয়ামের চারপাশে একটার পর একটা ঘর বেদখল । অধিকাংশ ঘর তখন তালা বন্ধ । অভিযোগ, দখল করে রেখেছিল নেতা-মন্ত্রীদের অনুগত সংস্থা । বাম আমলে একবার রবীন্দ্র সরোবর স্টেডিয়ামের বাইরে বেআইনিভাবে দখলদারি ছিল । তালা বন্ধ অনেক ঘরের সামনে জায়গায় জায়গায় বড় বড় ছবি মমতা বন্দ্যোপাধ্যায়ের দুই ভাই অজিত ও বাবুন বন্দ্যোপাধ্যায়ের । অরূপ বিশ্বাস ও তাঁর ভাইয়ের ছবিও শোভা পাচ্ছে পূর্ণ মহিমায় । মুখ্যমন্ত্রীর আর এক ভাই কার্তিকের ছবি নেই, তবে তাঁর একটি সংস্থা দখল করে রেখেছে ঘর ।

স্মৃতি নিশ্চিহ্ন রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে

এখানে আগে অমল দত্তের টালিগঞ্জ অগ্রগামী ড্রেসিংরুম ব্যবহার করত । যখন জাতীয় লিগে ঝকঝক করত টিমটা । টিটি তারকা পৌলমী ঘটকদের জন্ম হয়েছিল রবীন্দ্র সরোবরে আয়োজিত টিটি ক্যাম্পে । এখন সেই টিটি ক্যাম্পও উঠে গিয়েছে । সবচেয়ে খারাপ অবস্থা বাবু গুহের ক্লাব অ্যাভিনিউ সম্মিলনীর । এই ক্লাবেই খেলতেন প্রশান্ত বন্দ্য়োপাধ্যায়, তুষার রক্ষিতরা । প্রাক্তন মুখ্যমন্ত্রী দাদার ক্লাব কালীঘাট মিলন সংঘের দু'টি ঘর রয়েছে ৷ সাদার্ন সমিতির ঘরও দেওয়া হয়েছে অনেক ৷

RABINDRA SAROBAR STADIUM
রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে তালা (ইটিভি ভারত)

রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে তালা পড়ায় সমস্যা হবে ?

এই ক্লাবটি আইএফএর সহসভাপতি সৌরভ পালের । কলকাতা লিগে অংশ নিয়ে থাকে । আগামী 25 জুন থেকে কলকাতা লিগ শুরু হবে । তার আগে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে তালা পড়ায় সমস্যা হবে, এমনটা মানছেন সৌরভ পাল । অনেক ক্লাবের ভিড়ে জ্বলজ্বল করছে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস-এর ক্লাব সুরুচি সংঘের লোগো । যারা চলতি কন্যাশ্রী কাপেই গত দুই ম্যাচে অনুপস্থিত । রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে আগে সিআইটি-র সম্পত্তি ছিল । পরে হল সিএমডিএ-র । এখন রাজ্য ক্রীড়া দফতরের ।

দূরাবস্থার ছবি চারিদিকে

স্টেডিয়ামের মূল গেটে তালা । হোয়াইট বর্ডার ও প্রয়াত খোকন বসু মল্লিকের সাদার্ন স্পোর্টস অ্যাসোসিয়েশন ছাড়া কোনও ক্লাবেই সেখানে ভালো করে কোচিং হয় না । এসসিএতে বিশ্বজিৎ ভট্টাচার্য রয়েছেন । স্টেডিয়ামের ভিতরে চারদিকের গেটে মরচে পড়েছে । কাউন্টারগুলি ধ্বংস । 9 বছর আগে মোহনবাগানের কিছু ম্যাচের জন্য ফ্লাডলাইটের ব্যবস্থা হয়েছিল এই স্টেডিয়ামে ৷ সল্টলেক স্টেডিয়ামে যুব বিশ্বকাপের প্রস্তুতি ছিল বলে । সঞ্জীব গোয়েঙ্কার সিইএসসি ফ্লাডলাইটের ব্যবস্থা করেছিল এটিকের আইএসএলের খেলার জন্য ।

RABINDRA SAROBAR STADIUM
মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের ক্লাব বন্ধ (ইটিভি ভারত)

চুনী গোস্বামীদের খেলা দেখেছে এই স্টেডিয়াম

সেবার পরিবেশবিদদের আপত্তিতে রবীন্দ্র সরোবরে ফ্লাড লাইটের খেলা বন্ধ করতে হয়েছিল মোহনবাগানকে । ফ্লাডলাইটের স্তম্ভ খুলে দিতে হয় । রীতা সেন, সুব্রতা দেবনাথরা এই মাঠে প্র্যাকটিস করে অ্যাথলেটিক্সে এশীয় স্তরে নাম করেছিলেন । রবীন্দ্র সরোবর স্টেডিয়ামের আয়তন 58 হাজার 861 একষট্টি স্কোয়ার মিটার । ইউরি গ্যাগারিন, এমিল জাটোপেকরা এখানেই গণ সম্বর্ধনা পেয়েছিলেন কলকাতার । চুনী গোস্বামীদের কিছু স্মরণীয় খেলা দেখেছে এই স্টেডিয়াম । ইরান, রাশিয়া, চেক প্রজাতন্ত্রের সেই অসাধারণ ফুটবলারদের স্মৃতি রয়েছে এখানে । আছে রফি-কিশোর-মান্না-লতাদের অনুষ্ঠানের ঘোর ।

RABINDRA SAROBAR STADIUM
রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে ব্যানার (ইটিভি ভারত)

স্মৃতি বিজড়িত, আক্ষেপ সম্বলিত এবং আশায় বাঁচার চেষ্টায় রবীন্দ্র সরোবর এখন অক্সিজেনে অপেক্ষায় । নতুন সরকার আমূল সংস্কারের ঘোষণা করেছে । বাস্তবায়ন হয় কি না সেটাই দেখার ।