'এখন নিরাপদে থাকাটাই অগ্রাধিকার', সুইস ওপেনে অংশগ্রহণ নিয়েও ধন্দে সিন্ধু
দুবাই থেকে নিরাপদে দেশে ফিরে ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে সিন্ধু ৷ কী জানালেন ইটিভি ভারতকে ?

Published : March 4, 2026 at 3:25 PM IST
স্বাগত ঘোষ
হায়দরাবাদ, 4 মার্চ: বিনিদ্র কয়েকটি রাত কাটিয়ে মঙ্গলবার দেশে ফিরেছেন তিনি ৷ মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি দুবাইয়ে বসে খুব কাছ থেকে উপলব্ধি করার পর ৷ অভিজাত অল-ইংল্যান্ড ওপেন থেকে বাধ্য হয়ে নাম প্রত্যাহার করতে হয়েছে তাঁকে ৷ পুরোদমে তৈরি হয়েও সুপার 1000 টুর্নামেন্ট থেকে তুলে নেওয়ার বিষয়টি নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক ৷ কিন্তু এই মুহূর্তে নিরাপদে থাকাটাই অগ্রাধিকার ৷ স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া'র তরফে আয়োজিত একটি ভার্চুয়াল প্রশ্নোত্তর পর্বে মঙ্গলবার ইটিভি ভারতকে এমনটাই জানালেন তারকা শাটলার পুসারলা ভেঙ্কট সিন্ধু ৷
আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে সুইস ওপেন ৷ সাম্প্রতিক পরিস্থিতিতে দাঁড়িয়ে পরবর্তী সুপার-300 টুর্নামেন্টে অংশগ্রহণের বিষয়ে সিন্ধু চরম সংশয়ে ৷ অল-ইংল্যান্ডে অংশ নিতে না-পারায় আপনি কি খানিকটা হতাশ, নাকি দেশে ফিরে খুশি ? ইটিভি ভারতের প্রশ্নের উত্তরে অলিম্পিক্সে জোড়া পদকজয়ী শাটলার বলেন, "অল-ইংল্যান্ড ওপেনে অংশগ্রহণের পিছনে প্রচুর পরিশ্রম ছিল ৷ তবে বর্তমান পরিস্থিতিতে নিরাপদ থাকাটাই আসল ৷ তাই আমি নিরাপদে দেশে ফিরতে পেরে খুশি ৷ আর সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সময় ৷ আমি সবরকম ভাবে চেষ্টা করেছিলাম প্রতিযোগিতায় অংশগ্রহণের ৷ কিন্তু আমার হাতে কিছুই ছিল না ৷"
সিন্ধুর সংযোজন, "সুইস ওপেনেও আমার অংশগ্রহণ নিশ্চিত নয় ৷ কারণ সেখানে যেতে হলেও আমাকে দুবাই হয়েই যেতে হবে ৷ আর দুবাইয়ে যাওয়াটা এই মুহূর্তে কতোটা ঝুঁকির, সেটা অজানা নয় কারও ৷ তাই আমি চেষ্টা করছি বিকল্প পথে পৌঁছনোর ৷ কিন্তু সমস্ত বিমান আপাতত ভর্তি ৷ তাই আশা রাখছি আগামী কয়েকদিনে পরিস্থিতি বদলাবে ৷ কিছু একটা ব্যবস্থা হবে ৷ তাই আশা রাখা ছাড়া উপায় নেই ৷"
দুবাইয়ে পৌঁছে যে ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন তিনি হয়েছিলেন, এদিন ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে তাও শেয়ার করে নেন হায়দরাবাদি শাটলার ৷ সিন্ধু জানান, অল-ইংল্যান্ড ওপেনে অংশ নেওয়া ভারতের অন্যান্য প্রতিযোগীরা কয়েক ঘণ্টা আগেই অন্য বিমানে বার্মিংহ্যাম পাড়ি দিয়েছিলেন ৷ সিন্ধু বলেন, "28 ফেব্রুয়ারি বেলা 1টায় তিনি দুবাইয়ে নেমেছিলেন ৷ 1টা 15 মিনিটে সমস্ত উড়ান বাতিল করে দেওয়া হয় ৷ আমরা পরিস্থিতি সম্পর্কে একেবারেই অবগত ছিলাম না ৷ প্রথমে বলা হয়েছিল বিমান দেরিতে ছাড়বে ৷ পরে বিমান পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার কথা জানতে পারি ৷ সবমিলিয়ে পুরো বিষয়টা ভীষণ উদ্বেগের ছিল ৷"
কয়েকঘণ্টা পর বিমানবন্দর থেকে হোটেলে যাওয়ার পথেই বাইরে বিস্ফোরণের শব্দ শুনতে পান সিন্ধুর কোচ ইরওয়ানসিয়া আদি প্রাতামা ৷ এরপর যদিও তাঁদের নিরাপদে হোটেলে পৌঁছে দেওয়া হয় বলে জানান তারকা শাটলার ৷ তবে সিন্ধু নিশ্চিত নন বিমানবন্দরের বাইরে বিস্ফোরণ কোনও মিসাইল বা ড্রোন হামলা ছিল কি না ৷
এদিকে অল-ইংল্যান্ডের মত সুপার-1000 ওপেনে অংশ না-নেওয়ার কারণে বিশ্ব ব্যাডমিন্টনের গভর্নিং বডি কি কোনওরকম জরিমানা করতে পারে ? অন্য এক সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে সিন্ধু বলেন, "ক্রমতালিকার উপরের দিকে থাকা প্লেয়াররা সুপার-1000 কিংবা সুপার-750 টুর্নামেন্ট থেকে নাম তুললে তার পিছনে বৈধ কোনও কারণ না-থাকলে বিডব্লিউএফ পাঁচ হাজার ডলার পর্যন্ত জরিমানা করতে পারে ৷ তবে আমি দুবাই থেকেই বিডব্লিউএউ'কে মেইল করেছি ৷ তারা আমার পরিস্থিতি বুঝেছে ৷ আর সম্ভবত প্রথমবার আমি এমন একটা পরিস্থিতির সম্মুখীন হয়েছি ৷ তাই আমাকে জরিমানা থেকে বিরত রেখেছে ৷"

