উৎকণ্ঠার অবসান, অনিশ্চয়তার দুবাই ছেড়ে দেশে ফিরলেন সিন্ধু
অল-ইংল্য়ান্ড ওপেনে আজ থাইল্য়ান্ডের প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হওয়ার কথা ছিল হায়দরাবাদি শাটলারের ৷

Published : March 3, 2026 at 1:41 PM IST
বেঙ্গালুরু, 3 মার্চ: পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধ পরিস্থিতির শিকার হয়েছেন তিনি ৷ বাকি অনেকের মতো গত শনিবার থেকে আটকে পড়েছিলেন দুবাইয়ে ৷ সময়ে ভেন্যুতে পৌঁছতে না-পারায় অল-ইংল্য়ান্ড ওপেন থেকে বাধ্য হয়ে নাম প্রত্যাহার করতে হয়েছে তাঁকে ৷ শেষ পর্যন্ত দুবাইয়ের কালো অধ্যায় পেরিয়ে দেশে ফিরলেন পুসারলা ভেঙ্কট সিন্ধু ৷ মঙ্গলবার সকালে বেঙ্গালুরু পৌঁছেছেন অলিম্পিক্সে জোড়া পদকজয়ী শাটলার ৷
তিনি যে নিরাপদে দেশে পৌঁছেছেন সে ব্য়াপারে অনুরাগীদের অবগত করেছেন হায়দরাবাদি শাটলার ৷ এক্স হ্যান্ডলে সিন্ধু লিখেছেন, "নিরাপদে বেঙ্গালুরুতে ফিরে এলাম ৷ গত কয়েকটা দিন চরম অনিশ্চয়তায় কেটেছে ৷ তবে ঘরে ফিরতে পেরে আমি সত্যিই কৃতজ্ঞ ৷" তারকা শাটলারের সংযোজন, "আন্তরিক ধন্য়বাদ গ্রাউন্ড স্টাফ, দুবাই প্রশাসন, বিমানবন্দর কর্মীদের ৷ একইসঙ্গে ধন্যবাদ তাঁদের যাঁরা কঠিন সময় আমাদের নিয়মিত খেয়াল রেখেছেন ৷ যে সহানুভূতি এবং পেশাদারিত্ব আমরা দেখেছি তা ভাষায় বর্ণনা করা যাবে না ৷"
চরম অনিশ্চতায় ঘেরা বিনিদ্র কয়েকটি রাত কাটিয়ে সিন্ধু যে ক্লান্ত, সেটা তাঁর কথাবার্তাতেই স্পষ্ট ৷ এক্স হ্য়ান্ডলে তিনি আরও লেখেন, "আপাতত বিশ্রাম নেব ৷ নতুন করে তৈরি হব এবং পরবর্তী পদক্ষেপ স্থির করব ৷" উল্লেখ্য বার্মিংহ্যামে অল-ইংল্যান্ড ওপেনে যোগ দিতে দুবাই হয়ে যাচ্ছিলেন সিন্ধু ৷ কিন্তু মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে দুবাই বিমানবন্দরে আটকে পড়েছিল সিন্ধু ও তাঁর টিম ৷ রবিবার বিমানবন্দরের কাছেই ক্ষেপণাস্ত্র হামলা হয় ৷ ঘটনায় অল্পের জন্য রক্ষা পান সিন্ধু ও তাঁর কোচ ৷
Back home in Bangalore and safe 🙏
— Pvsindhu (@Pvsindhu1) March 3, 2026
The last few days have been intense and uncertain, but I’m truly grateful to be back to my house. A heartfelt thank you to the incredible ground teams, Dubai authorities, airport staff, immigration, and every single person who stepped up and…
চলতি অল-ইংল্য়ান্ড ওপেনে মঙ্গলবারই প্রথম ম্য়াচ খেলার কথা ছিল পিভি সিন্ধুর ৷ থাইল্য়ান্ডের প্রতিদ্বন্দ্বী সুপানিদা কাতেথং'য়ের মুখোমুখি হওয়ার কথা ছিল তাঁর ৷ কিন্তু মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি অভিজাত টুর্নামেন্টে অংশগ্রহণ করতে দিল না তাঁকে ৷ তবে অল-ইংল্য়ান্ডে অংশগ্রহণ করছেন দেশের অন্য়ান্য শাটলাররা ৷ সেক্ষেত্রে ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন লক্ষ্য সেন ৷ আজ বিকেলে পুরুষ সিঙ্গলসে অভিযান শুরু করছেন তিনি ৷ এছাড়া রয়েছেন আয়ুষ শেট্টি ৷ মহিলা সিঙ্গলসে ভারতের প্রতিনিধি মালবিকা বানসোদ ও উন্নতি হুডা ৷

