'তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে', বিশ্বজয়ী স্কয়্যাশ দলকে অভিনন্দন প্রধানমন্ত্রী মোদির
অল-এশিয়ান ফাইনালে হংকংকে 3-0 ব্যবধানে হারালেন জোশনা চিনাপ্পারা ৷

Published : December 15, 2025 at 5:18 PM IST
হায়দরাবাদ, 15 ডিসেম্বর: দু'বছর আগে দেশের মাটিতে খেতাব হাতছাড়া হয়েছিল অল্পের জন্য ৷ তবে বিশ্বকাপে প্রথম পদক অবশ্য এসেছিল 2023 সালে ৷ রবিবার দেশের মাটিতে আরও একটা স্কয়্যাশ বিশ্বকাপের ফাইনাল খেলল ভারতীয় দল এবং দু'বছর বাদে ব্রোঞ্জ পদককে খেতাবে রূপ দিলেন দেশের স্কয়্য়াশ প্লেয়াররা ৷ প্রতিযোগিতার শীর্ষবাছাই হংকংকে একপেশে ফাইনালে 3-0 ব্যবধানে হারিয়ে প্রথমবার স্কয়্যাশ বিশ্বকাপ ঘরে তুলল ভারত ৷ চেন্নাইয়ে এদিন জোশনা চিনাপ্পা, অভয় সিং এবং অনাহত সিংয়ের হাত ধরে ঐতিহাসিক খেতাব এল ভারতের ঝুলিতে ৷
ঐতিহাসিক কৃতিত্বের জন্য ভারতীয় দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদি ৷ এক্স হ্য়ান্ডলে তিনি লেখেন, "প্রথম বিশ্বকাপ খেতাব জিতে ইতিহাস তৈরি করার জন্য ভারতীয় স্কয়্যাশ দলকে অভিনন্দন ৷ জোশনা চিনাপ্পা, অভয় সিং, ভেলাভান সেন্থিল কুমার এবং অনাহত সিং চরম দায়বদ্ধতা এবং একাগ্রতার পরিচয় দিয়েছে ৷ এই সাফল্য সমগ্র রাষ্ট্রকে গর্বিত করেছে ৷ একইসঙ্গে এই জয় তরুণ প্রজন্মের মধ্যে স্কয়্য়াশ নিয়ে আগ্রহ বাড়িয়ে তুলবে ৷"
টুর্নামেন্টের ইতিহাসে প্রথম অল-এশিয়ান ফাইনাল অনুষ্ঠিত হয় রবিবার ৷ কা জি লি'কে প্রথম ম্যাচে হারিয়ে শুরুতে ভারতের খেতাব জয়ের স্বপ্নটা উঁচু তারে বেঁধে দেন অভিজ্ঞ জোশনা চিনাপ্পা ৷ সেমিফাইনালে মিশরের বিরুদ্ধে গেমটাইম না-পেলেও ব়্যাংকিংয়ে এগিয়ে থাকা প্রতিদ্বন্দ্বীকে হারাতে মাত্র 23 মিনিট খরচ করেন বিশ্বের 79 নম্বর ৷ প্রথম ম্য়াচে চিনাপ্পার পক্ষে ফলাফল 7-3, 2-7, 7-5, 7-1 ৷
Congratulations to the Indian Squash Team for creating history and winning their first-ever World Cup title at SDAT Squash World Cup 2025!
— Narendra Modi (@narendramodi) December 15, 2025
Joshna Chinnappa, Abhay Singh, Velavan Senthil Kumar and Anahat Singh have displayed tremendous dedication and determination. Their success… pic.twitter.com/hJNF3mPSXt
পরের ম্য়াচে এশিয়ান চ্যাম্পিয়নশিপের সোনাজয়ী অ্য়ালেক্স লাউকে 3-0 গেমে হারিয়ে দেন ভারতীয় স্কয়্যাশের (পুরুষ) পয়লা নম্বর অভয় সিং ৷ 19 মিনিটের ম্যাচে অভয়ের পক্ষে ম্য়াচের ফল 7-1, 7-4, 7-4 ৷ তৃতীয় ম্যাচে দেশের পয়লা নম্বর মহিলা প্লেয়ার অনাহত 3-0 গেমে ম্য়াচ জিতে নেওয়ার সঙ্গে সঙ্গে ইতিহাস গড়ে ফেলে ভারত ৷ 7-2, 7-5, 7-5 ব্যবধানে জিতে খেতাব নিশ্চিত করে ফেলেন দেশের পয়লা নম্বর ৷

প্রথমবার বিশ্বজয় করে ভারতীয় স্কয়্যাশের তারকা জোশনা চিনাপ্পা বলেন, "এটা নিঃসন্দেহে আমার কেরিয়ারে সেরা পাঁচ মুহূর্তের একটা ৷ কয়েকমাস আগেও নিশ্চিত ছিলাম না এই ইভেন্টে অংশ নিতে পারব কি না ৷ এই বয়সে এসে এহেন মঞ্চে দেশের হয়ে প্রতিনিধিত্ব করাটা আমার কাছে খুবই বিশেষ ৷ আমি গর্বিত যে এখনও ভারতের হয়ে খেলতে পারছি ৷"

