ETV Bharat / sports

জল্পনা সত্যি করে মোহনবাগানের হটসিটে ডিম্পেরিস

ভারতে দু'বছর কোচিং করানোর অভিজ্ঞতা নিয়ে বাগানের গুরুদায়িত্ব কাঁধে নিলেন গ্রিক ভদ্রলোক ৷

PANAGIOTIS DILMPERIS
প্য়ানাগিয়োটিস ডিম্পেরিসে (PUNJAB FC FACEBOOK)
author img

By ETV Bharat Sports Team

Published : July 6, 2026 at 4:51 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 6 জুলাই: সম্ভাবনাই সত্যি হল শেষমেশ ৷ মোহনবাগান সুপার জায়ান্টের নয়া হেড কোচের পদে বসলেন প্য়ানাগিয়োটিস ডিম্পেরিস ৷ বাকি সকলকে পিছনে ফেলে গ্রিসের এই ভদ্রলোক যে বাগানের নয়া কোচ হওয়ার দৌড়ে সবার আগে, তা জানাই ছিল ৷ জল্পনা জোরালো হলেও না-আঁচালে তো বিশ্বাস নেই ৷ অনুরাগীরা তাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন নয়া কোচের নাম সরকারিভাবে ঘোষণার ৷ সোমবার বিকেলে শেষমেশ প্য়ানাগিয়োটিস ডিম্পেরিসের নামেই পড়ল সিলমোহর ৷

অনুরাগীমহলে 'প্যানোস' নামে পরিচিত গ্রিক কোচ একবছরের চুক্তিতে এলেন সবুজ-মেরুনে ৷ গ্রিসের প্রথম ডিভিশনের বিভিন্ন ক্লাবে কোচিং করানোর পর দু'বছর আগে পঞ্জাব এফসি'র দায়িত্ব নিয়েছিলেন ডিম্পেরিস ৷ খেতাব না-জিতলেও তরুণ ফুটবলার ঘষেমেজে তৈরিতে উৎসাহী 'প্যানোস' এবার শুরু থেকেই ছিলেন বাগানের ব়্যাডারে ৷ গত মরশুমে ব্যর্থতার পর সার্জিয়ো লোবেরা'কে ছেঁটে ফেলে সদ্য পঞ্চাশ পেরনো কোচের কাছে প্রস্তাব নিয়ে গিয়েছিল সবুজ-মেরুন ম্য়ানেজমেন্ট ৷ শেষমেশ দিনের আলো দেখল তা ৷

আইএসএল তথা ভারতে কোচিংয়ের অভিজ্ঞতা নিয়ে কলকাতায় আসছেন গ্রিক কোচ ৷ প্রত্যাশার চাপ সামলে পুরো দলকে সাফল্যের আলোয় নিয়ে আসা কঠিন কাজ বলে মনে করছেন তিনি ৷ তাঁর কথায়, "মোহনবাগান কেবল একটি ফুটবল ক্লাব নয় ৷ একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানও ৷ যার সঙ্গে রয়েছে গৌরবময় ইতিহাস, জয়ের সংস্কৃতি এবং সঙ্গে রয়েছে এশিয়ার অন্যতম সেরা সমর্থকরা ৷"

ডুরান্ড কাপ দিয়ে চলতি মাসের শেষে শুরু হচ্ছে ভারতের আসন্ন ফুটবল মরশুম ৷ ডার্বি প্রথম ম্যাচেই ৷ সিনিয়র দল এখনও পুরোদমে অনুশীলন শুরু করেনি ৷ তবে দলগঠনে সবুজ-মেরুনের নয়া হেডস্যর খুশি ৷ দায়িত্ব নেওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই কলকাতা ডার্বিতে নামতে হবে ৷ যা নিয়ে প্য়ানোস বলছেন, "ফুটবল দাঁড়িয়েই আছে প্রতিদ্বন্দ্বিতার উপর ৷ আর ভারতে আসার পরই জেনে গিয়েছি কলকাতা ডার্বি বিশ্ব ফুটবলের অন্যতম সেরা এবং সবচেয়ে ঐতিহাসিক ম্যাচগুলোর একটি ৷ সমর্থক, ফুটবলার এবং ক্লাবের সঙ্গে যুক্ত প্রত্যেকের কাছে এর গুরুত্ব কতোটা, তা আমি জানি। মোহনবাগানের ঐতিহ্যের সঙ্গে মানানসই সাহসিকতা নিয়ে এই ডার্বি জিততে চাইব।"

মোহনবাগান সুপার জায়ান্টের তরফে সোশাল মিডিয়ায় নয়া কোচের নাম ঘোষণা করা হয়েছে ৷ সেখানে তারা লিখেছে, "নতুন অধ্যায়ের সূচনা ৷ সিটি অব জয়ে প্যানোস'কে স্বাগত ৷"

আরও পড়ুন:

সবুজ-মেরুনে শুরু হচ্ছে ডিম্পেরিস অধ্যায়, ইস্টবেঙ্গল কোচের দৌড়ে এগিয়ে হাবাস