কমনওয়েলথ গেমসের পর টিম হোটেল থেকে রহস্যজনকভাবে উধাও পাক বক্সার !
টিম ম্য়ানেজারের কাছে পাসপোর্ট অথচ হোটেল থেকে নিখোঁজ বক্সার ৷ অস্বস্তিতে পাকিস্তান বক্সিং ফেডারেশন ৷

Published : August 4, 2026 at 8:13 PM IST
গ্লাসগো, 4 অগস্ট: সদ্য শেষ হওয়া কমনওয়েলথ গেমসে মাত্র একটি পদক জিতেছে পাকিস্তান ৷ মুখরক্ষা করেছেন মহিলা বক্সার ফতিমা জাহরা ৷ আর গ্লাসগো গেমস শেষ হতে রহস্যজনকভাবে নিখোঁজ হলেন পাকিস্তানেরই এক বক্সার ৷ টিম হোটেল থেকে নিখোঁজ হয়েছেন সে দেশের পুরুষ বক্সার কুদরত উল্লাহ ৷ ঘটনায় ফের অস্বস্তিতে সেদেশের বক্সিং ফেডারেশন (PBF) ৷
পাকিস্তান অলিম্পিক অ্যাসোসিয়েশনের এক সূত্র জানিয়েছে, গেমসে তাঁর ইভেন্ট শেষ হওয়ার পর থেকেই খুঁজে পাওয়া যাচ্ছে না কুদরত উল্লাহ'কে ৷ পুরুষদের 60 কেজি বিভাগে অংশ নিয়েছিলেন এই পাক বক্সার ৷ টিম ম্য়ানেজারের কাছে পাসপোর্ট রেখে উধাও হয়েছেন তিনি ৷ গোটা ঘটনায় উদ্বিগ্ন আধিকারিকরা ৷ সংশ্লিষ্ট সূত্র বলেছে, "অদ্ভুতভাবে দলের ম্য়ানেজারের কাছে পাসপোর্ট রেখে নিখোঁজ হয়েছেন কুদরত উল্লাহ ৷"
তবে পাকিস্তানের সঙ্গে এহেন ঘটনা প্রথমবার নয় ৷ চার বছর আগে বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসেও এমন ঘটনা ঘটেছিল দুই পাক বক্সারের সঙ্গে ৷ সেবারও ম্য়ানেজমেন্টের কাছে পাসপোর্ট জমা রেখে উধাও হয়ে গিয়েছিলেন সুলেমান বালোচ ও নাজিরুল্লাহ খান ৷ এরপর 2024 সালে অলিম্পিক বক্সিং'য়ের যোগ্যতা নির্ণায়ক ইভেন্ট চলাকালীন দেশের বক্সিং ফেডারেশনকে অস্বস্তিতে ফেলেছিলেন জোহেব রশিদ ৷ যিনি আবার এশিয়ান গেমসের সোনাজয়ী ৷ রুমমেটের বৈদেশিক মুদ্রা নিয়ে পালানোর অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে ৷

কুদরত উল্লাহ'র ঘটনাটিকে তালিকায় নয়া সংযোজন বলা যেতে পারে ৷ আর এই ঘটনায় ঢাকা পড়ে গিয়েছে ফতিমা জাহরা'র কীর্তি ৷ মহিলাদের 60 কেজি বিভাগে ব্রোঞ্জ জিতে সদ্য শেষ হওয়া গেমসে দেশকে একমাত্র পদকটি দিয়েছেন তিনি ৷ দেশের প্রথম মহিলা বক্সার হিসেবে কমনওয়েলথে পদক এনেছেন তিনি ৷ একই ইভেন্টে সোনা জিতেছেন ভারতের প্রিয়া ঘঙ্গস ৷ এ প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো পাকিস্তানের এই পারফরম্যান্স কমনওয়েলথ গেমসে গত 32 বছরে সবচেয়ে খারাপ ৷ যা প্রশ্ন তুলে দিয়ে দেশের ক্রীড়াব্যবস্থা নিয়ে ৷ বার্মিংহ্য়ামে জোড়া সোনা, তিনটি রুপো ও জোড়া ব্রোঞ্জ জিতে 18তম স্থানে শেষ করেছিল পাকিস্তান ৷

